গল্প ও গদ্য

স্পন্দনের সন্ধি

চট করে আমার প্রেমে পড়ে যেয়ো না। ধীরে, আরও ধীরে এগোও। অনেক উঁচু থেকে একটা পালক যেভাবে মাটিতে পড়ে, ঠিক সেভাবে করে আমার প্রেমে পোড়ো। আমাকে সহ্য করা ও হজম করা, দুই-ই বেশ কঠিন।

আমি যাকে ভালোবাসি, তাকে মনপ্রাণ ঢেলে দিয়েই ভালোবাসি... সেখানে কোনও পিছুটান থাকে না, কোনও কিন্তু বা যদি থাকে না। নিজেকে যদি কখনও আবিষ্কার করো এমন‌ই এক ধোঁয়াশার মধ্যে, যেখান থেকে বেরোতে পারছ না কিছুতেই, সেখানে দীর্ঘসময় থেকে যাবার পর‌ও যদি এক আমায় বাদে আর কাউকেই মনে না ধরে সঙ্গী হিসেবে, সেদিন আমায় ডেকো; আমি আসব।

এই যে আত্মা, তার কাছে শরীর কিছুই নয়। নিছকই শরীরের টানে ভালোবেসো না, ভালোবাসায় কিছুই চেয়ে নিতে হয় না। প্রেম বড়ো সুন্দর এক অনুভূতি, প্রেমে পড়লে মানুষ স্বর্গের দেবদূতের দেখা পায় প্রায় সময়ই। সেই দেবদূত এসে নিরাশার মেঘ সরিয়ে আশার আলো জ্বালায়, ভালোবাসার জাদুতে মানুষকে মানুষ করে তোলে।

কিছু সময়ের জন্য যে ভালোবাসা, তার নাম অন্যকিছু। ঝড় আসে তো আসুক, মেঘ জমে তো জমুক, দুর্ভাগ্য নামে তো নামুক, ভালোবাসা তবু থেকে যায় নিজের অনন্য বৈশিষ্ট্যের কারণে। ভালোবাসা বলতে আমি যা বুঝি, তা খুব ধারালো একটা ছুরির মতো, যার স্পর্শে সমস্ত বিষাদ কেটে টুকরো টুকরো হয়ে সুখ হয়ে যায়।

যদি তোমায় ভালোবাসি, তবে আমি আমার হৃদয়ে ঠিক সেই স্পন্দনটিই টের পেতে চাই, যা তোমার হৃদয়ে অহর্নিশ বাজে। আমার দুঃখ যেন তোমার ছোঁয়ায় শক্তির ফোয়ারা হয়ে ঝরে, তোমার বেলাতেও যেন তা-ই হয়... যদি আমাদের মধ্যে প্রেম হয়। না ঝরে যদি, তবে যা হবে, তা প্রেম নয়।

ভালোবাসলে আমি...
পাখির মতো উড়ে চলি,
লড়াকুর চোখে তাকাই,
মায়ের স্নেহে ছুঁই,
আগুনের তেজে বাঁচি,
বাবার আশ্রয়ে বাঁধি।

আমার প্রেমে পড়ো ধীরে, আরও ধীরে... হাতে সময় কম যদি হয়, তবে হয় অন্য রাস্তা মাপো, নয় চরম দুর্ভোগ পোহাতে তৈরি থেকো।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *