গল্প ও গদ্য

মোরগের ডিম

কিছু কিছু চাওয়ার নাম ফাজলামি।

আপনি চাইবেন চাকরিজীবী ব‌উ; আবার চাইবেন, সে আপনার ঘরদোর আপনার মনের মতো করে গুছিয়ে রাখুক, আপনাকে সবসময়ই রেঁধে খাওয়াক।

আপনি চাইবেন গৃহিণী ব‌উ; আবার চাইবেন, সমস্ত রান্নাবান্না ও ঘরদোর সামলে রাখার পাশাপাশি সে মাঝে মাঝে কিছু পয়সাও কামাই করুক।

আপনি চাইবেন খুবই ভদ্র গোছের ব‌উ; আবার চাইবেন, তার ভদ্রতার সুযোগ নিয়ে নিজের খেয়ালখুশিমতো আচরণ করলেও সে চুপ থাকুক।

আপনি চাইবেন স্পষ্টবাদী সাহসী ব‌উ; আবার চাইবেন, সে আপনার কথায় উঠুক, আপনার কথায় বসুক, অন্যায় দেখলেও কণ্ঠস্বর নিচুই রাখুক।

আপনি চাইবেন সুন্দরী ব‌উ; আবার চাইবেন, নিজের হীনম্মন্যতাকে ঢাকতে তাকে ঈর্ষার আগুনে পুড়িয়ে মারলেও সে নীরবে সব সহ্য করুক।

আপনি চাইবেন শক্ত ধাঁচের ব‌উ; আবার চাইবেন, সে বাইরে দেখতে যতটা কোমল ও কমনীয়, ভেতরে ভেতরেও ঠিক ততটাই নরম ও দুর্বল হোক।

আপনি চাইবেন আবেগি ও ভীতু ধরনের ব‌উ; আবার চাইবেন, আপনার সাহায্যের পরোয়া না করে সে একা একাই পৃথিবীর পথে হাঁটুক।

আপনার সমস্যাটা কোথায় আসলে? পালবেন মোরগ, পাড়াতে চাইবেন ডিম... তাহলে কীভাবে হবে? সবচাইতে বড়ো কথা, এ জগতে সব দিক থেকেই পারফেক্ট মানুষ কেউই হয় না। আপনি নিজে পারফেক্ট? তাহলে পারফেক্ট খোঁজেন কেন?

যে যেমন, সে তেমনই। মানতে পারলে ওয়েলকাম, মানতে না পারলে মোস্ট ওয়েলকাম। সব জেনেশুনে কাউকে গ্রহণ করার পর তার কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করার নাম প্রতারণা।

কেউই নিখুঁত নয়। সুখের কথা, সুন্দরভাবে বাঁচতে চাইলে নিখুঁত হবার কোনও দরকার‌ই নেই।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *