(অনেকদিন আগের লেখা। কতদিন আগের, মনে নেই।)
এটা একটা বইয়ের বিজ্ঞাপন।
আগেই বলে নিই, এটা পড়াটা বিরক্তিকর মনে হতে পারে। এতে আমার ব্যক্তিগত কথাবার্তা আছে। চাইলে এড়িয়ে যেতে পারেন।
আমি ফেসবুকে স্ট্যাটাস দিই। এর মধ্যে কয়েকটা একটু বড় হয়ে যায়। সেগুলোকে গল্পটল্প বলে চালিয়ে দিই। আসলে ওগুলো গল্প না, বড়জোর ফেসবুক নোটে রাখার মত বড় 'কিছু একটা'। এই 'কিছু একটা' আসলে যে কী, এটা ভাবতে পারি না। ভাবলে, আর স্ট্যাটাস দেয়াই হবে না। কিছুকিছু সম্পর্কের মত কিছুকিছু লেখারও নাম থাকে না। বন্ধুদের কেউকেউ সেগুলো পড়েন, লাইক দেন, শেয়ার করেন, দয়া করে 'ভাল হয়েছে' বলেনটলেন, তাই এই একটু লিখি, মানে স্ট্যাটাস লিখি। লাইক না পেলে, কেউ ভাল না বললে নিশ্চয়ই লিখতাম না। আমি লিখি দুইটি কারণে---নিজের ভাললাগার জন্য। বন্ধুরা ভাল বলে, তাই।
বন্ধুদের মধ্যে অনেকে কিছু লেখা মনে রেখে দেন। বন্ধুদের মধ্যে অনেকে কিছুকিছু লেখা প্রিন্ট করে রেখে দেন।
কয়েকজন বন্ধু আছে, যারা আমার সব ফেসবুক পোস্টই ওয়ার্ড ফাইলে কপি করে রেখেছে। কপি মানে কিন্তু আমার টাইমলাইনে গিয়ে পুরনো লেখাগুলো সিলেক্ট করেকরে কপি-পেস্ট করা। কাজটা কিছুতেই সহজ নয়। অত্যন্ত ক্লান্তিকর বিরক্তিকর সময়সাধ্য কাজ। এদের মধ্যে একজন লীনা, যে কিনা ভাবে, সুশান্ত পাল একটা ডট দিলেও সেটার অর্থ থাকবেই! ওর ধারণা, আমার সব লেখাই ভাল। বড় বজ্জাত মেয়ে! এদের জন্য শান্তিতে যা ইচ্ছা তা-ই (পড়ুন, যাচ্ছেতাই) লেখা যায় না। এই দলে ও একা নয়। আরও অনেকেই আমার স্ট্যাটাস, নোট কপি করেন। দয়া করে আমাকে মেইলে পাঠান। ওর কথা কেন আলাদা করে বললাম, ও কী করেছে, সে কথায় একটু পরে আসি।
এমন একজন বন্ধুকে পেয়েছি, যে আমার সকল বিস্ময়কেও ছাড়িয়ে গেছে। অতোটা ভাববার মতো সাহসই আমার কখনও হয়নি। ফেসবুকে আসার পর থেকে আমি যা কিছু লিখেছি, মানে স্ট্যাটাস লিখেছি, কমেন্ট লিখেছি, নোট লিখেছি, কোনও একটা পোস্ট শেয়ার করার সময় সেটার জন্য যা লিখেছি, সবকিছুকে একসাথে জড়ো করে ফাইলে ধরে রাখছে। ও এটা করছে অনেকদিন ধরেই। এটা আমার জন্য অনেক বড় উপহার। ওর কাছে আমি এটা কখনওই চাইনি। আচ্ছা, চাইলে কি এটা দিত? মানুষ ডাকলে কি কাছে আসে? নাকি, না ডাকলেই বরং আসে? ওর মহত্ত্বের কাছে হারতেও ভাল লাগে। ভাল কথা, ও নওরীন।
বন্ধুমহলে আমার দুটো পরিচয় আছে। এক। কেউ সেধে উপকার করতে চাইলেও আমি প্রায়ই সেই উপকার গ্রহণ করার ব্যাপারে নির্লিপ্ত থাকি। দুই। যাদের পছন্দ করি, ওদেরকে নিজের অজান্তেই আঘাত দিয়ে কথা বলি।
নিজের সৃষ্টি ধরে রাখার ব্যাপারে আমার আগ্রহ আছে, উদ্যোগ নেই। লীনার কথায় ফিরে আসি। ও অনেকদিন ধরেই আমার লেখা পড়ে। শুধুই পড়ে? নাহ! আমার লেখার ব্যবচ্ছেদ করে, আমার মনমেজাজের খোঁজখবর আমার লেখা থেকেই খুঁজে নেয়। ও জানে, আমি যোগাযোগ না রাখার ব্যাপারে কতোটা সিদ্ধহস্ত। ও একদিন আমাকে বলে, "আচ্ছা, তোর লেখা তো অনেক। আমি চাচ্ছি, কিছু লেখাকে একসাথে করে ছাপবো।" আমি এই কথার উত্তরে ওকে রীতিমত ঝাড়ি দেই এবং বলি, লেখা ছাপানোর মত যোগ্যতা আমার এখনও হয়নি। ও দিনের পর দিন আমাকে রাজি করানোর চেষ্টা করে, সাথে চলছিল লেখা জড়ো করার কাজ। আমি এই ব্যাপারটা নিয়ে ওর সাথে অনেক দুর্ব্যবহার করেছি। ও তাতেও দমেনি। আমাকে অনুরোধ করেছে আমার কিছু লেখা সিলেক্ট করে দেয়ার জন্য। আমি তো এটা করিইনি, বরং ওর সাথে মেজাজ খারাপ করে কথা বলেছি। এরপর ও নিজেই আমার বেশকিছু লেখা জড়ো করে মেইল করে একটা ফাইলে পাঠায় এবং আমাকে ফোন করে অনুরোধ করে যেন আমি ওখান থেকে কিছু লেখা পছন্দ করে দিই। আমি সেই মেইল চেক করি প্রায় ১ মাস পর। করেই ওকে ফোন করে বলি, "আমি আমার লেখা ছাপবো না। লোকে কী ভাববে আমাকে? খবরদার, এই ব্যাপারে আমাকে আর বিরক্ত করবি না!" চোরে না শুনে ধর্মের কাহিনী, লীনা না শুনে সুশান্তের ঝাড়ি। কাজ হল না। এরপর ও নিজেই কিছু লেখা নির্বাচন করে আমাকে সেই লেখাগুলো মেইল করে পাঠায় যাতে আমি অন্তত অণুলেখাগুলোর একটা করে শিরোনাম ঠিক করে দিই। (লেখাগুলোর বেশিরভাগই আমার বিভিন্ন স্ট্যাটাস। স্ট্যাটাসের তো আর শিরোনাম থাকে না।) অনেকদিন ধরে ওকে ঘোরানোর পর আমি সেটাও করিনি। এরপর ও আমাকে হুমকি দেয়, যদি আমি নিজে লেখার শিরোনাম ঠিক করে না দিই, তবে ও নিজেই নিজের মত করে শিরোনাম লিখে দেবে। (আমার নিজের লেখার ব্যাপারে আমি অতিমাত্রায় সেনসিটিভ। ও এটা ভাল করেই জানে।) এরপর আমি ওর ফোন রিসিভ করা বন্ধ করে দিই। ওকে খুব কঠিন ভাষায় বলি, যাতে ও এটা কিছুতেই না করে। আরও অনেক কড়া কথা শোনাই যাতে ও আমার লেখা ছাপানো থেকে নিবৃত্ত হয় আর আমাকে এই ব্যাপারে আর না জ্বালায়। আমি আমার সাধ্যমত ওকে অবহেলা করি, তুচ্ছতাচ্ছিল্য করি।
কিন্তু হায়! ইউ হ্যাভ টু বুঝতে হবে, লীনা অন্য চীজ। অনেকদিন ও কোনও যোগাযোগই করেনি। আমিও শান্তিতে ছিলাম। ওয়ান ফাইন মর্নিং, লীনা ফোন করে বলল, "সুশান্ত, আমি নিজের মত করে তোর কিছু লেখা সিলেক্ট করেছি। এবং সেগুলোর নামও দিয়ে দিয়েছি। তুই যদি দেখে না দিস, তবে লেখাগুলো এভাবেই যাবে। তুই যা ইচ্ছা বলতে পারিস, যা ইচ্ছা মনে করতে পারিস, কিন্তু আমি তোর লেখা ছাপবোই। বাকিটা তোর ব্যাপার।" আমি সেই মুহূর্তে মুখে যা আসলো, তা-ই বললাম। ও একটা সময় বেঁধে দিয়েছিল। ওই সময়ের মধ্যে নাম ঠিক করে না দিলে লেখাগুলো ওর ঠিক করে দেয়া নামেই প্রেসে চলে যাবে। আমি পরে ঠাণ্ডা মাথায় ভাবলাম, "যদি নামগুলো ঠিক করে না দিই, তবে এই পচাপচা শিরোনামে আমার লেখা বের হবে।" নিজের লেখার জন্য মায়া বড় মায়া! অগত্যা একেবারে ডেডলাইনের দিন সকালে অফিসে যাওয়ার আগে তাড়াহুড়ো করে লেখাগুলোর শিরোনাম ঠিক করে ওকে মেইল করলাম। ও যে বইটা সম্পাদনা করছিল, সেটাতে শুধু আমার লেখাই নেই, আরো অনেকের লেখাই ওতে আছে। ওটা একটা সংকলন। আমিই একমাত্র ব্যক্তি, যে ওতে লেখা পাঠায়নি, যার লেখা নিজ দায়িত্বে ঝাড়ি সহ্য করে সংগ্রহ করা হয়েছে। আমার জন্য অন্য সবার লেখাও পাঠানোর কাজটি ও শুরু করতে পারছিল না। প্রকাশকের অনেক বিরক্তিও ওকে সহ্য করতে হয়েছে। দুদিন পরেই ও আবার নক করল। এবার লেখক-পরিচিতি লিখে দিতে হবে। সবাই সবারটা দিয়ে দিয়েছে। একমাত্র আমিই বাকি। (যারা জানেন না, তাদের বলছি, বইয়ের ফ্ল্যাপে যে লেখক-পরিচিতিটা থাকে, সেটা সাধারণত লেখক নিজেই লিখে দেন।) আমি ভাবলাম, দেখি, শেষ মুহূর্তে হলেও আমার লেখাগুলো বাদ দেয়া যায় কি না। আমি যথারীতি লেখক-পরিচিতি লিখে দিলাম না। এভাবে ওকে ঘোরালাম আরো এক সপ্তাহ। এরপর ও নিজে আর আমার আরেক পুরনো স্টুডেন্ট মিলে আমার বিশাল এক লেখক-পরিচিতি দাঁড় করালো। এরপর ওটা আমাকে মেইল করে দিয়ে সেই আগের থ্রেটটা মারল। আমি অতিবিরক্ত হয়ে মেইল খুলে দেখি লেখক-পরিচিতিতে আমাকে ফুলিয়েফাঁপিয়ে একাকার করে ফেলা হয়েছে। মেজাজ অতিখারাপ হল। কী আর করা! নিজেই ২-৩ লাইনের একটা লেখক-পরিচিতি লিখে ওকে পাঠিয়ে দিলাম।
এভাবেই বের হল ‘অক্ষর’। এতে অনেকেরই লেখা আছে। এটা লীনার সম্পাদনায় এমন একটা সংকলন, যেটাতে শুধু এমন লেখাই আছে, যেগুলোকে লেখকরা নিভৃত কোণেই রেখে দেবেন বলে ঠিক করেছিলেন। এটাতে সবচাইতে বেশি লেখা আমার। কিছু আলোকচিত্র বাদ দিলে এতে ৬৪৬ পৃষ্ঠা জুড়ে মোট ৩৬ জনের লেখা আছে। আমার লেখার ভাগটা ৯৪ পৃষ্ঠার। এটা শুনে আমি আরো রেগে গিয়েছিলাম। এটার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমি রাগ করে যাইনি। এটা বের হওয়া নিয়ে কোনওদিনই কাউকে কিছু বলিনি। (তা সত্ত্বেও আমার লেখা ভালোবাসেন, আর লীনার সাথে কোনও না কোনওভাবে পরিচিত, এমন অনেকেই এটা সংগ্রহ করেছেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী লীনার সাথে যোগাযোগ করে মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও গেছেন।) এমনকি এটা বের হওয়ার পর আমার ঠিকানায় ক্যুরিয়ারে আসা সৌজন্য কপিটিও অনেকদিন প্যাকেট খুলে দেখিনি। ভেবেছিলাম, এটার কথা কাউকেই বলব না। এটা নিয়ে কাউকে বলতে কেমন জানি লজ্জালজ্জা লাগছিল। ছাপা যেতে পারে, অতো ভাল আমি লিখতে পারি না। আমার পড়াশোনাও কম। পড়াশোনা না করে লেখার ব্যাপারটাকে আমার নিজের কাছে একধরনের ডিসঅনেস্টি আর হিপোক্রিসি বলে মনে হয়। তাছাড়া চাকরির ব্যস্ততায় সময়ই পাই না। এই সামান্য কাজ চালানোর মত জ্ঞান নিয়ে ফেসবুকে লেখালেখি, এইটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু বই বের করা? নৈব নৈব চ!
বইটা বাজারে এখনও আসেনি। সামনের একুশের বইমেলায় পাওয়া যাবে বোধ হয়। এখন আপাতত বইয়ের প্রকাশককে ০১১৯৫০০৭৯৫০ এই নাম্বারে ফোন করে বইটা কেনা যাবে। দাম লেখা আছে ১০০০ টাকা। পৃষ্ঠাসংখ্যা ৬৬৪। অফসেটে ছাপা। কেনা যাবে ৭৫০ টাকায়। আমি মনে করি, বইয়ের দাম একটু বেশি রাখা হয়েছে। তবুও আপনাদের বইটির কথা বলছি। কেন? গত রোববার লীনার পাঠানো একটা মেইল পড়ে। মেইলটা এখানে শেয়ার করছি।
শোন, তোকে একটা গল্প বলি- "একদা কোনও এক অজানা অচেনা সুশান্ত পালের লেখনী দেখে মুগ্ধ হয়েছিলাম। সেই মুগ্ধতা একসময় এতোটাই প্রবল হয়ে উঠেছিল যে সারাক্ষণ ভাবতাম, এতো সুন্দর করে যে লিখতে পারে তার লেখা শুধু ফেসবুক নামক একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে কেন সীমাবদ্ধ থাকবে? এমন লেখা সব সীমানাকে ছাড়িয়ে যাওয়ার যোগ্যতা রাখে। আমি নিজে টুকটাক লিখতে চেষ্টা করি বলেই হয়তো অন্যের ভাল লেখার গুরুত্ব দেয়ার চেষ্টাটুকুও করি। সে যেহেতু সেই অর্থে আমার খুব পরিচিত কেউ নয় তাই তাকে জোর করে বা অতটা অধিকার নিয়ে বই প্রকাশের কথাও বলা যায়নি। চিন্তা করলাম নিজেই কিছু একটা করি। এখানেও একই বিপত্তি, খুব কাছের কেউ যেহেতু নয় তাই আমার উদ্যোগে তার একক বই বের করে দেয়ার কথাও বলতে পারিনি। আর বললেই বা সে শুনবে কেন! আমি কোথাকার কে!
সেখান থেকেই যৌথ প্রকাশনার চিন্তাটা মাথায় আসে। যার ফলশ্রুতিতে 'অক্ষর' নামক বিশাল সাইজের একটি বই ইতোমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। এই 'অক্ষর' নামক বইটিকে আলোর মুখ দেখাতে গিয়ে কতটা কষ্ট যে আমাকে করতে হয়েছে মাঝখানের সেই গল্পটি বলতে গেলে ছোটখাটো একটা ইতিহাস রচনা করে ফেলতে হবে। তাই সেটা না-ই বা বললাম। শুধু বলি, একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছিল এই দুঃসাধ্য কাজ আমাকে দিয়ে হবার নয়। বারবার হাল ছেড়ে দিতে গিয়ে শুধু ভেবেছি, তাহলে যে সুশান্ত পালের লেখাগুলো আর প্রকাশ করা হবে না। এই ভাবনা থেকে আবার এগিয়ে গিয়েছি। ততদিনে তার সাথে কিছুটা সখ্যতা গড়ে উঠেছিল বটে! এবং বারবার বিভিন্নভাবে তার কাছে অপমানিত, অবহেলিত হয়ে কষ্ট পেয়েছি, কেঁদেকেটে একাকার হয়েছি। আমি জানতাম, এই বই বা তার লেখা প্রকাশ হওয়া নিয়ে তার কোনও ইমোশন, ফিলিংস কিছুই নেই, তবুও কাজটি করে গেছি। জানি না কীসের মায়ায়!
শুধু এই সুশান্ত পাল-এর এক কথাতেই আমি অনেক ঝড়ঝাপটা সামলে একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। সে জানতো, শুধু তাকে উপলক্ষ করেই এতকিছু.........কিন্তু শেষ পর্যন্ত সে আসেনি। ওই যে বললাম, এটা নিয়ে তার কোনও আবেগ অনুভূতি কিচ্ছু নেই। বুঝি সব। কিন্তু মনকে যে মানানো যায় না! সাংবাদিক, মিডিয়া, ক্যামেরার সামনে মেকি হাসি নিয়ে বসে ছিলাম ঠিকই, তবে উপভোগ করতে পারিনি এতবড় আয়োজনের এক বিন্দুও! শুধু তার কারণে। তার প্রতি অপরিসীম 'মায়া'র কারণে। তাই এসব 'মায়া' নামক মরীচিকার গায়ে লাত্থি মেরে সব ছেড়েছুঁড়ে দূরে চলে যাচ্ছি, যে জগৎ কাঁদালেও বুকে মুখ গুঁজে কান্নার আশ্রয়টা অন্তত দেবে, সে জগতের সন্ধান পাওয়ার আশায়। জানি এটাও পাবো না, তবুও আশায়-আশায় আশার ঘরে বসতি... ভাল থাকিস।"
অক্ষর-এর গল্প
লেখাটি শেয়ার করুন