মরে গেলে কি মানুষ সত্যিই আর কখনও ফেরে না?
মেঘ কেন হয়ে যায় না মৃতরা?
একঝাঁক গাংচিল কিংবা প্রজাপতি কেন হয় না ওরা?
আমি মরে গেলে ঝিনুক হব,...
না না, তোর গালের টোলটাই হব!
কখনও গাংচিল, কখনও শিশিরফোঁটা, কখনওবা তোর চোখের পাপড়ি হব।
আচ্ছা, মরে যেতে কেমন লাগবে? খুউব কষ্ট বুঝি?
যম এসে যখন দমটা ধরে হেঁচকা টানে,
তখন কলজেটা ছিড়ে প্রাণটা বুঝি বেরিয়েই যাবে সত্যি সত্যি?আমি বুঝি নেই হয়ে যাবো,তোমরা বুঝি ভুলেই যাবে আমায়?আমার নাম,আমার পরিচয়,আমার যত সৃষ্টি?
আচ্ছা,আমার মৃত্যুতে এত ভয় কেন?অথচ মৃত্যুতেই যত সুখ খুজে পাই।
আমি মরে গেলে আমার নামটাকে শিকেয় তুলে আমায় তোমরা " লাশ" বলে ডাকবে বুঝি?
যে কখনো আমার নামও জানেনা,সেও আমায় " মৃত" নামে ডেকে উঠবে বুঝি?
এ কেমন নিয়ম?
আমি মরার পরও ফিরে আসবো বলে রাখছি।
আমার অসমাপ্ত স্বপ্নগুলো,আমার অপুর্ণ ইচ্ছে যত,আমার অফুরন্ত কথার মালা কিংবা গানের স্বরলিপি সবই আমার নামে গাইবে গান।
অসম্ভবের পিঠ চাপড়ে সময়ে রশি বেয়ে আমি আবার ফিরে আসবো তোমাদের নগরীতে।
কখনো ঘাসফুল,কখনো বিথীকা,কখনো বা রাতজাগা কোনো ডাহুক হয়ে।
আমাকে ফিরতে হবে।
মেঘের পায়ে শিকল বেধে রৌদ্রদিনের শিখা হয়ে ফিরে আসবো তোমাদের শহরে।
কখনো রংধনু,কখনো বৃষ্টি কখনো তোমার চোখের অশ্রু হয়ে।
কথা দিচ্ছি প্রিয়,ফের ফিরে আসবো।
কখনো রোদ,কখনো আধার কখনো বা তোমার নির্ঘুম রাত হয়ে
মরে গেলে কি মানুষ সত্যিই আর কখনও ফেরে না?
লেখাটি শেয়ার করুন