আমি রিনি ইসলাম। এই জীবনে মাত্র একবারই ভালোবেসেছি, এবং তা ছিল একতরফা। অবশ্য, যাঁকে ভালোবেসেছি, তাঁর আচরণও এর জন্য অনেকটা দায়ী ছিল। তিনি আমাকে সব সময় সাহায্য করতে চাইতেন, দেখতে আকর্ষণীয় ছিলেন, আমার দিকে প্রায় সময়ই একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকতেন।
একদিন তো আমার সাথে চোখে চোখে খেলছিলেন, কে কতক্ষণ পলকহীন তাকিয়ে থাকতে পারে, সেটির প্রতিযোগিতা। পঞ্চাশ জনের মতো লোকের উপস্থিতিতে, কিন্তু সবার আড়ালে। আমিও তাকিয়ে আছি, তিনিও। কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না, শুধু আমি জানি আর তিনি। অনেকক্ষণ পলকহীনভাবে তাকিয়ে থাকতে থাকতে শেষতক আমিই হার মানলাম। লজ্জায় মুখটা টেবিলে রেখে লুকিয়েছিলাম। অনেকক্ষণ পর মুখ তুললাম, যখন তিনি রোলকল করছিলেন। আমার রোল ৬৩। উনি ষাটের পর এত দ্রুত রোলকল করলেন যে আমাকে ‘প্রেজেন্ট স্যার’ বলার সুযোগই দিলেন না। তাঁর এই রহস্যময় আচরণের কারণটা আমি আজও জানি না।
জীবনের প্রথম প্রেম, তার উপর বিপরীত দিকের এমন সাড়া পেয়ে আমি তো রীতিমতো অভিভূত! এই ২৮ বছরের জীবনে শুধু বয়সই বেড়েছে, কোনও অ্যাডভেঞ্চার, প্রেম কিছুই করিনি। কিংবা আমিই নিজেকে সবকিছু থেকে বিরত রেখেছি, এত ভালোও কাউকে লাগেনি। এতগুলি বছর পর এই ট্রেনিং-স্কুলেই কিনা এমন আনমনা হলাম!
তারপর এক বছরে এরকম আরও অনেক ভালোলাগা স্মৃতি, মুহূর্ত। সবচেয়ে ভালো লাগত আমার প্রতি তাঁর কেয়ারিং ভাবটা। আমাকে বিভিন্ন ব্যাপারে হেল্প করার জন্য তিনি যেন নিজেই ব্যাকুল ছিলেন! তাঁর একটা অভ্যাস খুব দারুণ লাগত, সেটা হচ্ছে বুদ্ধিদীপ্ত মজা করার অভ্যাস। তাঁর রসবোধ প্রখর ছিল, মেধা ছিল শানিত। আমি তাঁর মেধার প্রেমে পড়ে গিয়েছিলাম। ওটা ছিল নিজেকে চুপচাপ ও সংযত রেখে ভালোবেসে যাওয়া। তাঁর প্রতি এতটা অনুরক্ত হওয়া সত্ত্বেও কখনও তাঁকে বুঝতে দিইনি আমার এই দুর্বলতাটা। তাঁর সামনে সব সময়ই অন্য দশজনের মতোই স্বাভাবিক আচরণ করতাম।
অথচ বছরশেষে আমি শূন্যতায় ডুবে হাহাকার করতে লাগলাম। কিছুতেই মন থেকে তাঁর স্মৃতি মুছতে পারছি না, আবার ওদিকে তাঁর কিছু রহস্যময় আচরণ আমাকে ঘিরে ধরে, আমি তাঁকে ঠিক বুঝতে পারছিলাম না। এই মনে হতো, উনি আমাকে পছন্দ করেন, এই মনে হতো, করেন না। এই মনে হতো, তিনি আমার ব্যাপারে আগ্রহী, এই মনে হতো, আগ্রহী নন। হঠাৎ করেই যেন তিনি বদলে যেতে লাগলেন। তারপর আমি যা করলাম, সেটা শুনলে মনে হতে পারে, আমি বোধহয় সাইকোপ্যাথ, আত্মসম্মানবোধহীন।
স্যারের সব ট্রেইনিই স্যারের ফেসবুক ফ্রেন্ড ছিল, শুধু আমিই ওঁকে রিকোয়েস্ট পাঠাইনি। আমার তখন ইগোটা একটু বেশিই ছিল। আমি অপেক্ষায় ছিলাম যে স্যারই আমাকে পাঠাক রিকোয়েস্ট। তিনি কিছুতেই পাঠাচ্ছিলেন না। এরপর একদিন হুট করে মেসেঞ্জারে তাঁকে লিখলাম, আপনি যে এভাবে আমার দিকে তাকান, এর কারণ কী? দুটো অপশন দিচ্ছি আপনাকে। এক, আপনি আমাকে পছন্দ করেন। দুই, আপনার মনে কোনও কুমতলব আছে।
তিনি উত্তরটা দিয়েছিলেন খুবই ভদ্রভাষায়, কিন্তু সেই উত্তর পড়ে আমার তা ঠিক যুক্তিযুক্ত মনে হয়নি। আরও কিছু কথা লিখলেন, যে কথাগুলির একটিও আমার প্রশ্নের উত্তর ছিল না। আমি বুঝতে পারলাম, উনি আমার প্রশ্নের উত্তরটা দিতে চাইছেন না। আমিও ভদ্রভাষাতেই তাঁর সাথে কথোপকথন শেষ করলাম। তবে তাঁর প্রতি আমার মনে যে দুর্বলতা আছে, তা ঘুণাক্ষরেও প্রকাশ করিনি। এই যোগাযোগের উদ্দেশ্য ছিল, মন থেকে তাঁকে মুছে ফেলা, মনকে শান্ত করা, নিজেকে বোঝানো যে তিনি আমাকে নিয়ে আসলে সিরিয়াসলি ভাবেন না। অথচ সবকিছুর পরও, আমি এখনও তাকেই ভালোবাসি!
স্যারের অধ্যায় ওখানেই শেষ। পরের অধ্যায়ে এলেন জ্যোতি, একটা সরকারি কলেজের লেকচারার। কলেজটি চার বছর আগে সরকারি হয়েছে। ভেবেছিলাম, যাকে বিয়ে করব, তার জন্য শতভাগ করব, কোনও কমতি রাখব না, তার প্রতি সৎ থাকব। আমাকে প্রথম দেখায় তিনি আর তাঁর পরিবার ‘হ্যাঁ’ জানালেন, আর এদিকে আমিও রাজি। তাঁকে বিয়েটা করতে পারলে আমি অনেক খুশি হব, এরকম ব্যাপারটা।
প্রথমসাক্ষাতেই আমার সাথে তিনি প্রায় এক ঘণ্টা কথা বললেন। আমার ফেসবুক-আইডি চাইলেন, ওঁরটাও দিলেন। আর বাসায় ফিরেই আমি ওঁকে ব্লক করে দিলাম। ভয় লাগে আমার! কী দরকার এত অ্যাটাচমেন্ট বাড়ানোর! সহজে কাউকে বিশ্বাস করতে ভয় হয়, আবার মন দিয়ে দিলে যদি পরে কষ্ট পাই, এটাও মাথায় আসে। তিনি প্রথমআলাপেই আমার এক কলিগের সাথে এই ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন যে স্বর্ণকাবিন যেন কম ধরা হয়। এদিকে আমি ভাবছিলাম, আরে বাবা, এইসবে আমার কী! আমি তো ভালোবেসে একটা ফুলের মালা দিলেও খুশি। কিন্তু অবাক হলাম এটা ভেবে যে, প্রথমদেখার পরেই তিনি এতটা অগ্রসর হচ্ছেন কেন? এখনও আমার পরিবার তাঁকে দেখেনি। পছন্দ হলে এসবে কী আসে যায়?
পরের দিন তিনি কল করলেন। তাঁর কলেজ, পড়াশোনা ইত্যাদি নিয়ে কথা বললেন। জ্যোতির একটা কথা খুব ভালো লেগেছিল। তিনি বলেছিলেন, মাস্টার্স-পাস মেয়ে তার পছন্দ। পরের দিন তিনি আমাকে জানান, তাঁর এক মেয়ে-কলিগ তাঁকে প্রপোজ করেছেন। তিনি তখন মেয়েটাকে জানান, আপনি পুরুষ না কি মহিলা, সেটাই তো বুঝি না। এভাবে ছেলেদের, ছাত্রদের মোটর-সাইকেলের পেছনে বসে আপনি যাতায়াত করেন, আপনার মতো কাউকে আমি বিয়ে করব না।
এই ঘটনা প্রিন্সিপ্যাল, কলেজ-কমিটি অবধি গড়ায়। শুনে আমি ভাবলাম, মাথায় বুদ্ধি থাকলে জ্যোতি এভাবে কথা বলতেন না। আবার ভাবলাম, হয়তো তিনি কনজারভেটিভ মাইন্ডের, ধার্মিক। আমি আবার এমন ছেলেই পছন্দ করি। কিন্তু আবার ভেবে দেখলাম, তিনি এত ধার্মিক হলে কি আর এত রাতে কল করেন! যখন তখন কল করেন, রাতের ১২টা, ১টা…কোনও ঠিক নেই। ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন। এর মধ্যে তিনি এক বন্ধুকে নিয়ে আমাদের বাসায় এলেন, সাথে অনেক মিষ্টি। সেদিন ১২টায় কল দিলেন, আমি দেখিনি। পরের দিন, কেন আগের রাতে কল রিসিভ করিনি, তাই অনেক রাগ দেখালেন।
ওঁর এমন আচরণ দেখে তো আমি মহাবিরক্ত! আমি কখনও দিনের বেলায়ও কোনও পুরুষের সাথে ফোনে এত কথা বলিনি, আর ওঁর সাথে বলব এত রাতে! তার উপর এদিকে মেজো আপু আমাকে রাতে কথা বলতে বারণ করেছে, তাই আমি ওঁর কল দেখে লজ্জা পেয়েছি। আমি তাঁকে বললাম, ‘আপনি ১০টার আগে কল করবেন, প্লিজ। এর পরে না।’ উনি শর্ট-টেম্পারড টাইপের, বোঝা গেল। আমার এই অনুরোধ শুনেই তিনি ক্ষেপে গেলেন। কিন্তু আমিও খুব আন্তরিকভাবে বুঝিয়ে বলেছি, ‘এভাবে বিয়ের আগে এত কথা বলা ভালো দেখায় না।’
জ্যোতি সব সময় তাঁর কর্মস্থল, কলিগ, কলেজের অনুষ্ঠান, তাঁর কাজ এসব নিয়ে কথা বলেন, আর আমি হুঁ হ্যাঁ হুম এসব বলে যাই। তিনি কখনও আমার কথা শুনতে আগ্রহী নন, তিনি নিজেকে জাহির করতেই ব্যস্ত। আমি একদিন তাঁর সাথে আমার নিজের কর্মস্থলের একটা বিষয় শেয়ার করলাম। শুনে তিনি আমাকে বললেন, ‘এটা তো আপনার অফিসের কথা, আমাকে বলছেন কেন? এটা শুনে আমি কী করব?’ আমি তখন বললাম, ‘আপনার অফিসের কথা তো অনেক শুনেছি, আজকে নাহয় আমারটা শুনলেন।’ কলটা কেটে গেল। আধঘণ্টা পর তিনি আবার ফোন করলেন। ওঁর স্বভাব এমন যে, কিছু পছন্দ না-হলেই কলটা কেটে দেবেন।
ফোন করে বলেলন, ‘হ্যাঁ, কী যেন বলছিলেন?’ আমি বললাম, ‘কই, কিছু না তো!’ এরপর উনি সেই রাত এগারোটায় কল দিয়ে চুপ করে আছেন। আমি হ্যালো হ্যালো বলতে বলতে কোনও সাড়াশব্দ না পেয়ে কল কেটে দিলাম। আবার কল, আবার কল। কলটা ধরে আমি বিরক্ত হয়ে বললাম, ‘কল করে চুপ করে আছেন কেন?’ তিনি বললেন, ‘আপনি বোঝেন না, কেন চুপ?’ তিনি কথাকে অন্য দিকে নিয়ে যেতে চাইছেন দেখে আমি শান্ত কণ্ঠে বললাম, ‘আমরা তো প্রেম করে বিয়ে করছি না, তাই না? আপনি আমার পরিবারের সাথে কথা বলেন।’ এইটুকু শোনামাত্রই উনি কলটা কেটে দিলেন। জানতাম, এমনই হবে।
এদিকে আমি ভাবছি, বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হতো। তাঁকে আমার অতটা ভালো না লাগলেও আমি মনে মনে তাঁকেই নিয়ে কল্পনায় ভেসে যেতে লাগলাম। একদিন তিনি বললেন, তাঁর সাথে একটা মেয়ের বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল, কিন্তু মেয়েটা ওঁর ইয়ারমেট, মানে সমবয়সি হওয়ায় তাঁর চাচাত ভাই বিয়েতে ভেটো দেয়। তাঁর জীবনে নাকি এই ভাইয়ের গুরুত্ব অনেক বেশি। আমি জিজ্ঞেস করলাম, ‘সম্পর্কটা কতটা গভীর ছিল?’ তিনি জানালেন, ‘এক বছরের রিলেশন।’ আমি শুনে আর কিছু বললাম না, বেশি কিছু জিজ্ঞেস করলে যদি আবার আমাকে কোনও কথা শুনিয়ে দেন, তখন?
জ্যোতি আমার চার বছরের বড়ো। জ্যোতিকে নিয়ে কল্পনার মাঝে এবার একটা অজানা শঙ্কা জন্ম নিল মনে। ভাবলাম, জ্যোতির মতামতের কি আদৌ গুরুত্ব আছে ওঁর পরিবারে? প্রায় দেড় মাস কথা বলার পর জ্যোতি আমার বায়োডাটা চাইলেন। আমি বললাম, ‘এতদূর এগিয়ে এখন এটা চাইছেন আপনি?’ তিনি বললেন, ‘আমি আমারটাও দিচ্ছি, আপনি আপনারটা দিন। আমার চাচাত ভাই দেখতে চেয়েছেন।’ আমি বললাম, ‘আচ্ছা, দিচ্ছি।’ এভাবে তিন মাস কেটে গেল। তাঁর বোনের নাকি সময় হচ্ছে না। তিনি সামনের মাসে আসবেন। তিনি না-এলে বিয়ে হবে না।
একদিন তাঁকে নিয়ে অনেক রকমের ভাবনা শুরু করেছিলাম। সংসার, রান্না, ভবিষ্যৎ ইত্যাদি। ভাবতে ভাবতে ভাবলাম, আজ ফোনে জ্যোতিকে অনেক কিছু বলব। কল করলাম। উনি রিসিভ না-করে, আমাকে কলব্যাক করলেন। প্রায় আধঘণ্টা স্বাভাবিক কথাবার্তা বলার পর উনি হুট করে বললেন, ‘আপনার সাথে আমার মিলছে না। আমি সরি।’ শুনে তো আমি হতভম্ব!
- কেন?
- আপনি আমাকে রাতে ফোন করতে বারণ করেছেন। আপনি আমার উপর বিরক্ত হয়েছেন, তাই।
- শুধু এটাই কারণ?
- আপনার পরিবার আমার বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
- তো কী হয়েছে?
- এটা আমার খুবই অপছন্দ।
- বিয়ের আগে একটু খোঁজখবর নেবে, এটাই তো স্বাভাবিক, তাই না?
- কিন্তু আমার তো খোঁজখবর নেওয়ার বিষয়টা একেবারেই পছন্দ না।
- আপনি কি বিয়ের ব্যাপারে আর অগ্রসর হতে চাইছেন না?
- না।
- কিন্তু আপনি তো কথা দিয়েছিলেন আমাকে।
- দেখুন, আমি জানি, নিতান্ত প্রয়োজন হলে কথার খেলাপ করাই যায়।
এইটুকু বলেই উনি কেটে দিলেন কলটা। ওঁর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম! আধঘণ্টা আগেও আমি বুঝতে পারিনি, তিনি এই সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন! এখন আমার মনে নানান প্রশ্ন আসছে, ‘আমি কি তাঁর সাথে গভীররাতে কথা না-বলে ঠিক করিনি? আমি কি তাঁর সাথে মেসেঞ্জারে বেশি চ্যাটিং করলে ভালো হতো? আমার মধ্যে আন্তরিকতার অভাব ছিল কি? তাহলে তিন মাস কেন সময় নষ্ট করলেন উনি আমার? তিনি এতদিন পর বুঝলেন আমাকে! তখনই বুঝলেন, যখন কিনা আমি ওঁকে নিয়ে আমার ভাবনার গভীরে যেতে শুরু করেছি?’
সারারাত ঘুমাতে পারলাম না। চারটায় একটা মেসেজ পাঠালাম। ওই সময় আমি ভবিষ্যৎ-দুশ্চিন্তায় কাহিল। লিখলাম, ‘আপনি শুধু নিজেরটাই বলে গেছেন, আমার কোনও কথা আপনি শোনেননি। তিন মাস ধরে কথা বলছি আমরা, অথচ আমার কী বলার আছে, তা আপনি শুনতে চাননি। সবাই তো একই রকম না, আমি হয়তো অন্য রকম। ভেতরের ভাব-ভালোবাসা আমি বাহ্যিকভাবে কম দেখাতে পারি, তাই আপনি আমাকে বুঝতে পারেননি। আর রাতে কথা না-বলা, এটা আমার অপরাধ না, এটাই একটা মেয়ের সততা, যা আপনি বোঝেননি।’ এরকম আরও কী কী লিখেছিলাম, সব মনেও পড়ছে না।
আমি আশা করিনি আবার যোগাযোগ হবে, কারণ তিনি অনেক কড়াসুরে সেদিন আমাকে প্রত্যাখ্যান করেছিলেন, আমার মন ভেঙে দিয়েছিলেন। তবু আমি শেষ চেষ্টাটা করেছিলাম, কারণ আমি অসহায়। যার প্রতি আমার শ্রদ্ধাটুকুই আর বেঁচে নেই, তাঁকে বিয়েতে ফেরানোর চেষ্টা-করা, এর চাইতে অসহায়ত্ব আর কী আছে? কলিগদের কাছে শোনা অভিজ্ঞতা থেকেই এই বোধ এসেছিল যে স্বামী-স্ত্রীর মধ্যে মিল না থাকলেও কতভাবে মানিয়ে চলতে হয়। ভাবলাম, বাকি ৩০/৪০ বছরের জীবন নাহয় এভাবেই কাটিয়ে দেবো! অবিবাহিত হওয়ার কারণে এই যে মানুষের তির্যক চাহনি, কথার তীর, এগুলি তো আর সহ্য করতে হবে না। ওঁকে বিয়েটা করে ফেললে তখন কেউ আর আমাকে এটা নিয়ে হেয় করবে না।
আবার এদিকে বিভিন্ন ভাবনা মাথায় এনে এনে বেলা বাড়তেই তাঁর প্রতি আমার ঘৃণাটা বাড়তেই থাকে। মোবাইল থেকে ইমো আনইন্সটল করে দিলাম, কললিস্টে গিয়ে তাঁর নাম্বারটা ব্লক করে দিলাম। পরের দিন দেখলাম, দুইটা কল এসেছে, ব্লকের কারণে কলের রিং শোনা যায়নি। আমি কলব্যাক করলাম না। সেই কলিগকেও জানালাম, যিনি প্রথম মধ্যস্থতা করেছিলেন, আমার রিলেশনটা আর হচ্ছে না। সবই শেষ। শুনে খুবই কষ্ট পেলেন তিনি।
দুই দিন পর আমার কলিগ খবর আনলেন, জ্যোতি আমার খোঁজ নিচ্ছেন। আমি তাঁকে ব্লক করে দিয়েছি, তা-ও তিনি জানিয়েছেন আমার কলিগকে। তিনি আমার সাথে কথা বলতে চান, কিন্তু আমি যদি তাঁর সাথে কোনও ধরনের নেগেটিভ কথা বলি বা কল রিসিভ না করি, তাহলে তিনি অপমান সহ্য করতে পারবেন না। আমি কলিগকে জানালাম, আচ্ছা, ঠিক আছে, আমি আনব্লক করছি। ওঁকে ফোন করতে বলুন, আমি ভালোভাবেই কথা বলব। সেদিন সন্ধ্যায় উনি আমাকে মেসেজ দিলেন ইমোতে, আমাকে তাঁর দেওয়া নামটা ধরে ডেকে বললেন, ‘কেমন আছেন আপনি?’ আমি বললাম, ‘ভালো।’ কিছুক্ষণ পর আবার লিখলেন, ‘কী করছেন?’
আমি ফোনে কখনও কারও সাথে অমার্জিত, বিশ্রী কথা বলিনি, আর জ্যোতির সাথে কেন বলব? ওঁকে কল করলাম। ইমোর কথোপকথনে বুঝতে পারছিলাম, উনি সংকোচ করছেন। উনি কল রিসিভ করলেন। কথা হলো। পুরনো কথা টেনে আনলাম না। নতুন কথাবার্তা হলো। ‘শীতের ছুটিতে কোথায় যাচ্ছি?’ আমি বললাম, ‘সেন্টমার্টিনে।’ কথা চলতে লাগল। সবকিছু স্বাভাবিক হয়ে গেল।
তো সেখানে যাওয়ার আগে তাঁকে একবার দেখা করতে বলেছিলাম, কিন্তু তিনি তখন কী কাজে যেন বাড়িতে চলে গিয়েছিলেন। যাক, সেবার বেড়াতে গিয়ে দারুণ লাগছিল। সবার মধ্যে কেমন যেন একটা বিয়ে বিয়ে ভাব, আর আমার মধ্যে বউ বউ ভাব। সবাই বলল, সুন্দর লাগছে। মনে হয়, বিয়ের ফুল ফুটেছে, এইজন্যই এত সুন্দর লাগছে নাকি আমাকে! এই জাতীয় নানা কথা হলো। আমি তো মহাখুশি!
সেন্টমার্টিনে গিয়ে বারে বারে শুধু তাঁর কথা মনে পড়ছিল। তাঁকে আবারও বিশ্বাস করতে শুরু করেছিলাম। সংসার নিয়ে ভাবতে শুরু করেছিলাম। তাঁকে নিয়ে এখানে বেড়াব, ওখানে বেড়াব। তাঁর মনে কোনও আক্ষেপ রাখব না, বিয়ের পর আমি তাঁকে কল করতে করতে জ্বালিয়ে শেষ করে দেবো। তাঁকে অবাক করে দেবো, দেখাব, আমি কত কথা বলতে পারি! দুই দিন পর ফিরে এলাম। ফিরেই তাঁকে কল করলাম। তিনি কল কেটে দিয়ে ব্যাক করলেন।
তাঁকে সেন্টমার্টিন-ট্যুরের অনেক গল্প বললাম। জানলাম, তিনিও সেখানে দুই দিন পর বেড়াতে যাচ্ছেন বন্ধুদের সাথে। বেড়াতে গেলেন। ফিরে এলেন। আমাকে জানালেন সেখানে গিয়ে তাঁর অসম্ভব ভালোলাগার নানান কাহিনি। কথায় কথায় জিজ্ঞেস করলাম, আপনার আপু কখন আসবেন?
- আসবেন। সময় পাচ্ছেন না। আপনার এত তাড়াহুড়া কেন?
- না, কোনও তাড়াহুড়া নেই।
পরের দিন কলিগকে জানালাম ব্যাপারটা। কলিগ বললেন, ‘আচ্ছা, আমি কথা বলব। দেখি, কী অবস্থা!’ সন্ধ্যায় তিনি কল দিলেন আমাকে। বললেন, ‘আপনি পারভিন আপাকে ফোন করতে বলেছিলেন, তাই না? এত তাড়াহুড়া কেন? এই ব্যাপারে আমার আরও ভাবতে হবে। আপনার বাসা থেকে যদি তাড়াহুড়া থাকে তো ভালো কাউকে পেলে বিয়ে দিয়ে দিতে বলেন। আর আমার ব্যাপারে খোঁজ নিতে বারণ করবেন। এটা আমি খুবই অপছন্দ করি।’ বলেই আমাকে কিছু বলার সুযোগ না-দিয়ে কলটা যথারীতি কেটে দিলেন।
ওঁর কথা শুনে আমার মনের অবস্থা তো পুরোই ভেঙেচুরে খান খান! পরের দিন আবার কল করলেন উনি। বললেন, ‘আমি অনেক ঋণে আটকা পড়েছি। আমার আপু ব্যাংকার, আপুর অনেক টাকা, বড়ো দুলাভাইয়েরও অনেক টাকা। বুঝেছেন? আমি বেশি কষ্টে আছি, আমার জন্য দোয়া করবেন।’ তাঁর কথা শুনে এটা বুঝতে পারলাম না, তিনি কি আমার কাছ থেকে টাকা চাইছেন? আমাকে এত কিছু কেন বলছেন তাহলে?
একদিন কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমার বেতন আমি সংসারে দেবো কি না। তিনি একটা বক্তৃতা দিয়ে খুব প্রশংসিত হয়েছিলেন, সেটা ছিল ‘মা’ নিয়ে। ‘মায়েরা খুব অসাধারণ হয়। তাঁরা সংসারে যে অবদান রাখেন, সেটা অতুলনীয়। সংসারের রান্নাবান্না, বাচ্চাদের লেখাপড়া, ওদের খাওয়ানো, বাজার-করা সব দায়িত্বই সুন্দরভাবে পালন করেন মায়েরাই। আর বাবারা গায়ে ফুঁ দিয়ে বেড়ায়।’ তাঁর এই বক্তৃতা নাকি খুব হাততালি পেয়েছিল সেদিন।
আমি তাঁকে বললাম, ‘আমি টাকা উপার্জন করছি যেহেতু, সেটা সংসারে তো অবশ্যই দেবো। প্রয়োজনে যা করার, তা-ই করব। তবে আমার পরিবারে আমার বাবাকে দেখেছি, তিনি আমাদের লেখাপড়া, খাওয়ানো, বাজার এ সবই করেছেন। এমনকি, মাকে রান্নায় হেল্পও করতেন, যা আমার দেখা শ্রেষ্ঠ বাবার খেতাব দিয়েছে তাঁকে।’ আমার এই কথা শুনে তিনি দুই দিন আমাকে কল করেননি। আমি ভাবতে লাগলাম, ‘তিনি টাকা চাইছেন তো না, তবু আমার তাঁর পাশে দাঁড়ানো দরকার। আমি পাশে দাঁড়ালে তিনি খুশি হবেন।’ আবার ভাবলাম, ‘আমার টাকার অভাব নেই, কিন্তু যাঁকে দেবো, তাঁর তো ভালো হওয়া চাই।’
তিনি আগেও একবার তাঁর বড়ো আপুর টাকার কথা বলেছিলেন। শুনে আমি বলেছিলাম, ‘ওঁর টাকা আছে, বুঝলাম। তো ওঁর টাকা থাকলে আমার কী? আমি চাকরি করছি আত্মসম্মানের জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য। পরের টাকার উপর কোনও লোভ নেই আমার।’ দুই দিন ভাবলাম আর ভাবলাম। ‘আহা, বেচারা কষ্টে আছে মনে হয়। তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করব?’ কিন্তু আবার মনে এল, ‘তিনি পাঁচ মাস পর এসে আমাকে একথা জানাচ্ছেন, আবার এ-ও বলছেন, ভালো সম্বন্ধ এলে আমার পরিবার যেন আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এই পাঁচ মাসে আমার এত ভাবনা, এত প্রস্তাব ফিরিয়ে-দেওয়া বা নতুন কাউকে না-দেখা, এসবের দাম দিলে কি উনি আমাকে অন্য জায়গায় বিয়ে করতে বলতে পারতেন?’
আমি ওঁকে কল দিলাম। বললাম, ‘আমার বিয়েতে আপত্তি নেই। অনেক সময় কেটে গেছে, আমি আর ফোনে কথা বলব না। অপেক্ষা করতে করতে আমি এখন ক্লান্ত। আপনি আমাদের বিয়ে নিয়ে আপনার পরিবারের সাথে আলাপ করুন, সব সমস্যা তুলে ধরুন। আশা করছি, কোনও সমস্যা হবে না।’
সেদিনের পর থেকে এখন পর্যন্ত আর কখনও কল আসেনি ওই নম্বর থেকে। মনে হলো, তিন মাসের মাথায় সব শেষই তো হয়েছিল, তাহলে আমার আরও দুইটা মাস নষ্ট করার কী মানে? দেখা হওয়ার পরের দিনই তো বিয়ের পর কী কী করব, তা নিয়ে কত কথা, আবার স্বর্ণকাবিন নিয়ে আমার কলিগের সাথে পাকা-আলাপ। আমার মনে হয়েছিল, বিয়েটা সন্নিকটে। এত ভালোবাসা কোথায় গেল তাঁর, যিনি কিনা আমাকে রাতে-বিরাতে কল করার জন্য মরিয়া হয়ে যেতেন? তবে সৌভাগ্যের ব্যাপার হলো, আমি তাঁকে মন দিইনি। মন দিয়ে দিলে এই বিচ্ছেদ সহ্য করা সম্ভব হতো না আমার পক্ষে। আমার এখন আর মনেও পড়ে না তাঁকে।
তবে হ্যাঁ, জীবনে একজনকেই বেশি ভালোবেসেছি যখন ভালোবেসেছি। সেই গল্পটা অনেক বেশি রহস্যময় আমার কাছে, যার রহস্য-উন্মোচনের জন্য আমার আজও কত প্রচেষ্টা! এখনও রাত-দিন সেই চোখজোড়া দেখি, যা আমার দিকে একসময় তাকিয়ে থাকত। বড়ো বিস্ময়কর একজোড়া চোখ। দেখতেও অনেক অদ্ভুত। কেন অদ্ভুত? কারণ সে-চোখে কোনও পাপ নাই, তাই তা আরও রহস্যময়। তিনি আমার সেই ভালোবাসার মানুষ, যাঁকে আমি হারিয়ে ফেলেছি নিজের তাড়াহুড়া ও ভুলের কারণে। প্রথম ভালোবাসাকে একমাত্র ভালোবাসা করেই রেখেছি, তবে প্রথম মানুষটিকে একমাত্র মানুষ করে রাখতে পারলাম না। এ দুঃখ আমার সারাজীবনের দুঃখ।
প্রথম মানুষের প্রস্থানে
লেখাটি শেয়ার করুন