গল্প ও গদ্য

আমার মেয়ের জন্য বাঁচি/ প্রথমাংশ



আমার কথা বলি
-------------------------------

আমি ক্লাস থ্রিতে পড়া অবস্থায় বাবা সড়ক-দুর্ঘটনায় মারা যান। আমরা ৪ বোন, ২ ভাই। বাবার আর্থিক ও সামাজিক অবস্থান মোটামুটি ভালো থাকায় আমাদের কখনও অর্থকষ্ট পেতে হয়নি, তবে আমার সহজসরল মাকে খুব খাটতে হয়েছে---সন্তানদের নিয়ে স্বামীহীন সংসারে টিকে থাকার জন্য আর যৌথ পরিবারের সকলের মন রক্ষা করে চলার জন্য। অনেক সময় দেখতাম, মা ওয়াশরুমে ঢুকলে অনেকক্ষণ পর বের হতেন। একসময় খেয়াল করলাম, ওয়াশরুম থেকে বের হওয়ার পর মায়ের চোখ-মুখ সব ফুলে লালচে হয়ে যেত। মাকে কোনও দিন কোনও কিছুর জন্য প্রতিবাদ করতে দেখিনি, দেখিনি নিজের কোনও ইচ্ছার কথা কাউকে জানান দিতে। শুধু দেখেছি ভোরবেলা থেকে ঘুমাতে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত কাজ করতে, আর খুব গোপনে নীরবে কাঁদতে। মা সব সময় সচেতন থাকতেন আমাদের ভাই-বোনদের পড়ালেখা যেন কোনওভাবেই বন্ধ হয়ে না যায়। তাই দাদা-দাদি, চাচা-চাচি, ফুফুরা যে যা-ই বলত, ওদের সব কথা শুনতেন এবং মেনে নিতেন। যেহেতু বাবা মারা গেছেন, সেহেতু মায়ের চোখেমুখে একটা অসহায়ত্বের ছাপ লেগেই থাকত। সব ঝামেলা সামলে নিয়ে মা আমাদেরকে ভালো রাখার চেষ্টায় থাকতেন।

আমাদের ৬ ভাই-বোনের মধ্যে দারুণ সখ্য ছিল, আমরা অনেক সমস্যার মাঝেও গভীর ভালোবাসায় পরস্পরের সাথে জড়িয়ে থাকতাম। বাবা মারা যাওয়ার কিছু দিনের মধ্যে আমার বড় দুই বোনকে হুটহাট করে বিয়ে দেওয়া হয়। বোনরা নিজ নিজ সংসারে ব্যস্ত হয়ে পড়ে, আমরা অন্যরা ব্যস্ত হয়ে পড়ি নিজ নিজ পড়ালেখায়। মায়ের গুমোট কষ্ট আমাকে তাড়া করত, আমি মাকে উদ্দেশ করে এটা সেটা লিখতাম, কিন্তু কোনও দিনই তা মাকে দেওয়া হয়নি। বড় ভাইয়ের কাছে বিভিন্ন লেখকের বই ছিল, আমি খুব বইপোকা ছিলাম, গল্প-উপন্যাসের বই পড়তে আমার ভীষণ ভালো লাগত। আমি প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা বইয়ের মধ্যে ডুবে থাকতাম।

আমি শৈশব কাটিয়ে কৈশোরে পা রাখি, স্বভাবে ভীষণ কল্পনাবিলাসী ছিলাম, ইচ্ছের তিমিরে সুখের মুখটি লুকিয়ে বড় সুন্দর পাখির ডানায় জমানো অনেক স্বপ্ন ছিল আমার। কাঁঠালের পোড়াবিচি খেতে পছন্দ করতাম, কাঁঠালপাতায় ভোরের শিশির দেখতে ভালো লাগত। উঠতি কিশোরীর মতো চঞ্চল-উড়ন্ত স্বাধীনডানা ছিল। নির্জন দুপুরে বড় গাছের ছায়ায় বসে, দূরে…বহু দূরে সবুজ বিল, ধানক্ষেত দেখতে দেখতে কিছু একটা লিখতে ইচ্ছা করত। কী যে লিখতে ইচ্ছে করত, তা আমি জানি না। বড় ভাই আমাকে লেখালেখি করতে উৎসাহিত করতেন, তিনি আমাকে হলুদখাম, নতুন ডায়রি, নতুন কলম প্রায় কিনে দিতেন। আমার কলম পেতে ভালো লাগত, কলম ছুঁয়ে দেখলে এক ধরনের শিহরণ টের পেতাম শরীরে। ভাইয়া প্রতিদিন পত্রিকা কিনে আনতেন শুধুই আমাকে উৎসাহিত করার জন্য। ছোটবেলা থেকে আজাদী, পূর্বকোণ পত্রিকায় চিঠিপত্র-কলামে নিয়মিত লিখতাম। কত কী বিষয় নিয়েই যে লেখা পাঠিয়ে দিতাম! ওরাও ছেপে দিত। কেন দিত, জানি না। আমার কেন জানি বৃষ্টি খুব পছন্দ, তুমুল কৈশোরে বৃষ্টিতে ভিজে ভিজে শিলাবৃষ্টি-কুড়ানো…এই কাজটা করতে খুব ভালো লাগত। ঘরের সব আলো নিভিয়ে একাকী জানালার পাশে দাঁড়িয়ে ঝিঁঝিঁপোকার ডাক শুনতে ভালো লাগত। আমার কৈশোর ছিল মায়াসভ্যতার রহস্যের মতোই স্বপ্নময়।

সব কিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন ‘বিয়ে’ নামক শব্দের সাথে আমার নিবিড় পরিচয় ঘটে। আমি আমার কল্পনার মায়াসভ্যতা থেকে ছিটকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে পড়ি। আমার বড় আর এক বোন ছিলেন, তাঁকে বাদ দিয়েই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, কারণ ছেলেপক্ষ আমাকে পছন্দ করেছে! পিতৃহারা মেয়েকে ছেলেপক্ষ পছন্দ করেছে, এটাই অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। যে মেয়ের বাবা নেই, সে মেয়ের নিজস্ব কোনও মতামত থাকতে নেই। পরিবারের মতামতই তার মতামত। ওদিকে ছেলের বাড়ি আছে, গাড়ি আছে, সে অনেক টাকাপয়সার মালিক, এদিকে আমি মধ্যবিত্ত পরিবারের, আমার বাবার কিছু টাকাপয়সা থাকলেও বাবাটা আজ বেঁচে নেই...সব কিছু চাচার হাতে, তাই এখানে আমার পছন্দ-অপছন্দ, ভালোলাগা না লাগা, রাজি থাকা না থাকা…এইসবের কোনও পাত্তা ছিল না। যেহেতু বাবা ছিলেন না আর আমরা অনেকগুলো বোন ছিলাম, তাই কোনও না কোনওভাবে আমাদেরকে বিয়ে দিয়ে দায়িত্বপালন শেষ করতে হবে, ব্যাপারটা এমনই ছিল। সমাজের চোখে দায়িত্ববান হওয়ার নেশা বড় নেশা!

আমার সমস্ত আপনজন পিছনে রয়ে গেল, আর আমি সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের সাথে সংসারজীবনে পা রাখলাম। আমার বিয়েটা ছিল বাল্যবিবাহ, বাস্তবতাকে বোঝার সঠিক বয়স তখনও আমার হয়নি, ওই সময়ে আমি বিয়ে করার কথা কল্পনাও করিনি। স্বপ্ন দেখতাম, বড় হয়ে লেখক হব, পরিস্থিতি আমাকে সে সুযোগ দেয়নি। বিয়ে হওয়ার সাথে সাথে আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়, আমার সমস্ত ভালোলাগা আমাকে ছেড়ে কোথায় যেন পালিয়ে যায়। বিয়ের এক বছরের মধ্যে আমার একটি কন্যাসন্তান হয়। যে দেহমন এখনও জীবনের প্রতিকূলতা মানিয়ে নেওয়ার ম্যাচিউরিটি অর্জন করেনি, সেই দেহেমনে আর একটি নতুন জীবনের সূচনা---যে আমার দেহের মধ্যে একটু একটু করে বেড়ে উঠার সাথে আমার জীবন-মরণের সন্ধিক্ষণ জড়িত ছিল। আমি আমার মায়ের শাড়ির আঁচল ছাড়তে না ছাড়তেই নিজেই একজনের মা হয়ে উঠলাম।

বিয়ের এক/দেড় বছরের মধ্যেই অনেকগুলো বিষয় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল, বয়সে ছোট হওয়ায় ও সঠিক ম্যাচিউরিটি না থাকায় যা বুঝতে আমার অনেক সময় লেগেছে। একটি সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, নির্ভরশীলতার পাশাপাশি আরও অধিক গুরুত্বপূর্ণ যা থাকে, তা হলো বিশ্বাস! এটি নষ্ট হলে নষ্ট হবার বাকি আর কী থাকে, আমার জানা নেই। একজন পুরুষের সুখী হওয়ার জন্য এত এত যে নারীসঙ্গের প্রয়োজন হয়, তা ওই ব্যক্তির সাথে বিয়ে না হলে আমি বুঝতে পারতাম না! আমার সাথে তাঁর বয়সের গ্যাপ ছিল অনেক, উনি ভদ্র ও মিষ্টভাষী ছিলেন, আমাদের মতো যারা চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে আটকে পড়ে থাকে, তাদেরকে বোকা বানানো খুব সহজ কিছু ছিল তাঁর জন্য। আমি তাঁকে বারবারই স্পষ্ট করে বলতাম, যাদেরকে আপনার ভালো লাগে আপনি তাদের কাছে যান, অথবা তাদেরকে নিজের কাছে এনে রাখুন, আমাকে যেতে দিন। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই! প্রতিদিনের তীব্র মানসিক যন্ত্রণা এবং রোজ রোজ মিথ্যা কথা শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। বিয়ে, স্বামী, সংসার এইসবের প্রতি আমার ভেতরে প্রচণ্ড ঘৃণা জন্ম নিয়েছিল। এর ফলে আমার যাপিত জীবনটা ভাসমান যাযাবরের মতো হয়ে যায়, আমি কিছু দিন থাকি আমার বোনের বাসায়, কিছু দিন মায়ের কাছে, আবার ফিরে যাই সেই নরকে।

আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কী করব, এই যন্ত্রণা থেকে কীভাবে মুক্ত হব, বাচ্চাটা নিয়ে আমি কার কাছে যাব…কে আমাকে শুনবে, জানবে, বুঝবে, আমার সমস্যার সমাধান করে দিবে! আমাকে বোঝার বা সময় দেওয়ার দায়ই-বা কার? যতবার আমি আমার পরিবারের কাছে সমস্যাগুলোর কথা বলেছি, ততবারই তারা বলেছে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। বাঙালিঘরে এটা একেবারেই চিরন্তন এবং গা-বাঁচানো একটা সান্ত্বনা। এদিকে ধৈর্য ধরতে ধরতে আমার জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সময়ের অপচয় হয়ে যায়। আমার নিয়মিত পড়ালেখার সুনির্দিষ্ট সময় পার হতে থাকে। দিনের পর দিন ঘনঘোর অনুরাগে, অভিমানে, উদাসীনতায়, হতাশায় ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিলাম। শব্দহীন কান্নার প্রাত্যহিক মিছিল ভাঙতে লাগল আমার দিন-রাত্রি, আর ক্রমশই সমাগত মৃত্যু আমাকে আন্তরিক কণ্ঠে ডাকছিল। একজন মানুষ কতটা হিংস্র এবং নিষ্ঠুর হয়, তা আমি বিয়ের প্রথম দিন থেকে বুঝতে শুরু করেছিলাম। এর পর একটু একটু করে আমি প্রতিদিনই শেষ হয়ে যাচ্ছিলাম, তবুও পরিবারের কথা ভেবে, সমাজের লোক কী বলবে, আমার দুঃখিনী মায়ের কী হবে…এই সব সাত-পাঁচ ভাবতে ভাবতে লোকটিকে নিজের সাথে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু কিছুতেই তালমিল হচ্ছিল না, বিভিন্ন ঘটনায় আমার প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হলো।

নদী বিলীন হয়ে যাবার আগে তার গর্ভে যেমনি করে পলি জমতে থাকে, ঠিক তেমনি করে যন্ত্রণার অজস্র ক্ষুরধ্বনি জমা পড়ছিল বুকে…ঠোঁটের কম্পন কখনও থামত না কিছুই বলতে না পারার কষ্টে! ভদ্রলোকের চেয়ে বয়সে আমি অনেক ছোট ছিলাম, তাঁর বিভিন্ন আচরণের কারণে তাঁর প্রতি আমার ভালোবাসা-ভালোলাগা তৈরি হওয়ার বদলে বরং ভয়ই তৈরি হয়েছিল বেশি। তিনি আমায় স্পর্শ করলে আমি ভয়ে কুঁকড়ে যেতাম, কারণ সেই স্পর্শে গভীর মমতার চিহ্নমাত্রও থাকত না। সেই সকাল থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমাকে আতঙ্কিত করে তুলত। রাত ছিল চরম যন্ত্রণার, আর দিন ছিল কান্নার। প্রতিনিয়ত আমার সাথে যা-কিছু হচ্ছিল, তা মেনে নেওয়াটা আমার সাধ্যের বাইরে ছিল। রক্ষণশীল পরিবারে আমার বেড়ে ওঠা, যেখানে স্বামী সংসার মানেই সব। প্রতিবাদের ভাষা কখনও শেখা হয়নি। তাই প্রতিবাদ কীভাবে করতে হয়, সেটা জানা ছিল না। অসহায়ত্বের চূড়ান্ত পর্যায়ে চোখ বন্ধ করলে কিছু চেহারা জীবন্ত হয়ে উঠত। যাঁরা তাঁদের দায়িত্ব পালন করে সমাজের চোখে সমস্ত দায়বদ্ধতা থেকে নিজেদের মুক্ত করেছিলেন, তাঁদের দিকে তাকিয়ে মায়ের অসহায় চোখ দুটি বলতে-না-পারা অনেক কিছু বুঝানোর চেষ্টা করত। মায়ের সে ভাষা বুঝতে পেরে কষ্টের যে ঢোঁক গিলেছিলাম তখন, এখনও মাঝে মাঝে তা গলা পর্যন্ত উঠে আসে! উঠে এলে আমার নিঃশ্বাস ফেলতে খুব কষ্ট হয়। প্রায়ই কান্না গিলে ফেলে যে, তার নিঃশ্বাস একসময় আটকে আসে।

একদিন। প্রতি রাতের মতো ভদ্রলোক আমাকে চাইলেন, আমি আমার পিরিয়ডের কথা জানিয়ে না-সূচক জবাব দিলাম, তিনি একই কথা পুনরায় বললেন, আমি স্পষ্টভাষায় আবারও ‘না’ বললাম। এর পর তিনি তাঁর সমস্ত শক্তি দিয়ে আমার গালে সজোরে একটা থাপ্পড় দিলেন এবং জঘন্য রকমের হিংস্রতা নিয়ে আমাকে বাধ্য করলেন। আমার শরীর কাঁপছিল, মাথা ঘুরছিল। আমি বিছানায় শুয়ে একপাশে ঘুমিয়ে-থাকা আমার কন্যাসন্তানটির দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকলাম। ওই মুহূর্তে আমি একটুও কান্না করিনি, আমার কোনও প্রতিক্রিয়াও ছিল না। আমি শুধু ভাবছিলাম, এই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে গেলে আমি বেঁচে যেতাম! কিন্তু হায়, মৃত্যু তো আর ইচ্ছেমাফিক আসে না! মানুষকে বেঁচে থাকতে হয়---সমস্ত অপমান ও কষ্ট হজম করতে। পরের দিন ভোরবেলা আমি মেয়েকে নিয়ে আমার বড়বোনের বাসায় চলে যাই। বাচ্চাটাকে বোনের কাছে রেখে আমি পদ্মাপারের দিকে রওয়ানা হই, উদ্দেশ্য একটাই---কোনওভাবে আত্মহত্যা করতে হবে। পাকা-দেয়ালগুলোর উপর বসে বসে অনেকক্ষণ ধরেই সামনের দিকে অপলক চোখে নদীর ঢেউগুলির দিকে তাকিয়ে তাকিয়ে ভেবেছি, একটা নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যাই…আমি এখুনিই লাফ দিব, আমি এখুনিই লাফ দিব…ভাবছিলাম আর কাঁদছিলাম…এ কেমন দুর্ভাগ্য যে দুর্ভাগ্যের উপর আমার কোনও হাত নেই! এ কেমন জীবন যে জীবন এসে গেছে জোর করেই! এ কেমন দিন এল যে দিনটা রাতের চেয়েও অন্ধকার! কখনও তো কখনও কারও কোনও ক্ষতি করিনি, তবে আমার সাথেই কেন এমন তামাশায় মেতেছে সবাই?

হঠাৎ আমি অনুভব করলাম আমার বুক প্রচণ্ড ভারী হয়ে আছে আর আমার জামা ভিজে যাচ্ছে, আর তাৎক্ষণিক একটি চেহারা ভেসে উঠল আমার চোখের সামনে, সেটি আর কারও নয় আমার কন্যাসন্তানটির, আমি বুঝতে পারছিলাম, আজ সারাদিন আমার সন্তানকে বুকের দুধ খাওয়ানো হয়নি! আমি মুহূর্তের মধ্যেই ভুলে গিয়েছিলাম কেন আমি নদীর পারে বসে ছিলাম, আমি ভুলে গিয়েছিলাম কী আমার যন্ত্রণা ছিল। আমার মাথায় আর কিছুই কাজ করছিল না! আমি ছুটেছি শুধুই আমার সন্তানের দিকে, আর ভেবেছি, সে সারাদিন কিছুই খায়নি, তাকে খাবার দিতে হবে। তখন প্রায় সন্ধ্যা, বুঝেছি, আমার আত্মহত্যা করার অধিকারটুকুও নেই, আমাকে বাঁচতে হবে, এমন একজনের জন্য---যার আমি ছাড়া কেউ নেই! আমি আবার ফিরে গিয়েছি সেই সংসারে, যেখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিমুহূর্তেই আমি আত্মহত্যা পর্যন্ত করতে প্রস্তুত। এখনও প্রচণ্ড ঘৃণা বুকে জমে থাকে পুরুষ, সেক্স, সম্পর্ক, বিশ্বাস এই শব্দগুলোকে ঘিরে!

ভদ্রলোকের সাথে আমার কোনও সুখস্মৃতি তৈরি হয়নি, এই যেমন গভীর আবেগে পরস্পরকে জড়িয়ে ধরা, ভালোবেসে আর স্নেহে ঠোঁটে-কপালে চুমু এঁকে দেওয়া, দূরের কোন সবুজ প্রাঙ্গণে ঘুরতে যাওয়া, মুখোমুখি বসে গল্প করতে করতে কোনও এক বিকেলে চায়ের কাপে চুমুক দেওয়া। তাঁর পায়ের পাতার উপর পা রেখে মুখোমুখি দাঁড়িয়ে আমি কখনও তাঁকে শক্ত করে বুকে জড়িয়ে ধরিনি, আমার অসুস্থতায় তিনি কোনও দিন পাশে বসে সস্নেহে আমার কপালে হাত রাখেননি…তাঁর হাত ধরে পছন্দের কোনও সমুদ্রের পারে হাঁটা হয়নি আমার, বিশেষ কোনও দিনে তিনি আমায় কখনও আমার পছন্দের কোনও উপহার দেননি। নিষ্প্রাণ প্রাণী হয়ে একটা ঘরে বন্দি ছিলাম আমি, বের হওয়ার জন্য রাত-দিন ছটফট করেছি, কিন্তু সামনে ছিল সমাজ আর পরিবার। আমি বুঝেছি, ভালোবাসাহীন বন্ধনের প্রকৃত কোনও অর্থ থাকে না। মায়াহীন, অনুভূতিহীন দৈহিক চাহিদার সম্পর্ক বেশি দিন টিকে না। যারা ভালোবাসাহীন সম্পর্ক সহ্য করে শতভাগই, তারা বাধ্য হয়েই কাজটা করে…যেহেতু সন্তানের জন্ম হয়ে যায়, যেহেতু নিজে কিছু করার সাহস পায় না, যেহেতু আমাদের সমাজটা সিঙ্গেল-মমদের জন্য নয়।

জীবন থেকে সময় ফুরিয়ে যাচ্ছে খুব দ্রুত, তীব্র মানসিক টানাপড়েনের মধ্য দিয়ে আমি চলছি, সন্তানটিও বড় হচ্ছে। ভদ্রলোক যা-কিছু করতেন, সেইসব ঘিরে যদি আমার কোনও প্রশ্ন থাকত, তবে সব প্রশ্নের জবাব শুধুই একটাই---তুমি এখনও ছোট, যা বুঝ না, তা নিয়ে কথা বোলো না। আমি প্রচণ্ড বিরক্ত হতাম শুনে, দিনের পর দিন তাঁর এত এত অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। একদিন তাঁর সাথে একটা ব্যাপার নিয়ে তর্ক করেছিলাম…এর পর…শুধু এইটুক মনে আছে, জ্ঞান ফিরলে আমি নিজেকে চট্টগ্রাম মেডিক্যালের বেডে শুয়ে-থাকা অবস্থায় আবিষ্কার করি। সে ঘটনার পর আমার ভাই-বোন এসে আমাকে তাদের কাছে নিতে যায়।

ওই দিনের ঘটনার পর আমি আমার পরিবারকে স্পষ্ট করে বললাম, আমি ওই লোকের হাত থেকে মুক্তি চাই। তা না হলে ওইখানে পাঠানোর চেয়ে তোমরা আমাকে মেরে ফেলো। আমার কথা শুনে ভাই-বোনদের মধ্যে বিভিন্ন আলোচনা চলতে লাগল। একদিন ভাই-বোন সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাল, ঠিক আছে, তুমি সংসার করতে চাও না, অসুবিধা নাই, ওর মেয়েকে ওর কাছে দিয়ে দাও, আমরা দেখেশুনে তোমাকে আবার অন্য জায়গায় বিয়ে দিব! তা ছাড়া তোমার মেয়ের দেখাশুনা করবে কে? মেয়েসহ তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়াও সহজ হবে না…অন্য আর এক লোক কেন তোমার মেয়ের দেখাশুনার ভার নেবেন?

ওদের কথা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, ওরা যা বলেছে তার জন্য আমি কোনওভাবেই প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছি এই পরিস্থিতিতে ওরা আমার পাশে থাকবে, আমাকে সাহস দিবে। আমাকে বুঝবে, আমার কষ্টগুলো ভাগ করবে। বাস্তবে সেরকম কিছুই হয়নি। ওরা ওদের সিদ্ধান্তটা আমার উপর চাপিয়ে দিয়েছে। ওরা হয়তো ভেবেছে, এইভাবে বললে আমি সংসারে ফিরে যাব, আবার ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, আমার জন্য সমাজের মানুষের কাছে তাদের ‘ছোট’ হতে হবে না। সেদিন ওদের কথা শুনে কান্না করিনি, বুকের ভেতর কেমন করেছিল তা তাদের বুঝতে দিইনি, বাচ্চাকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে ছিলাম তাদের সামনে। দৃষ্টি তাদের দিকে থাকলেও মনের মধ্যে কিছু বিষয় স্পষ্ট হয়ে উঠছিল---বাচ্চা নিয়ে আবার সে ভদ্রলোকের কাছে ফিরে যাওয়া, অথবা বাচ্চাটি তার কাছে দিয়ে অন্য কোথাও অন্য কোনও লোককে বিয়ে করে সে নতুন লোকের সাথে সংসার করা। তা না হলে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মা-মেয়ে দুইজন একসাথে আত্মহত্যা করা। ওদের এমন কঠিন আচরণে রাগে ক্ষোভে অভিমানে তীব্র যন্ত্রণায় নুয়ে পড়লেও আমি মনে মনে আমার সন্তানের সাথে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।

সেইদিন রমজান মাসের ২৯ তারিখ, পরদিন ঈদ। আমি আমার সন্তানকে নিয়ে বোনের বাসা থেকে বেরিয়ে পড়ি। কোথায় যাব জানা ছিল না, ইচ্ছা একটাই---বাচ্চাটির সাথে বেঁচে থাকার। কোনও গন্তব্য না জানলেও কোথাও একটু আশ্রয় খুঁজছিলাম। পরিচিত কয়েকজনকে কল করেছিলাম একটা বাসা ঠিক করে দেওয়ার জন্য, প্রায় সবাই অবাক হয়ে কারণ জানতে চাইছিল বারবার, আমি পরিস্থিতি বর্ণনা করতে করতে প্রায় ক্লান্তবিধ্বস্ত হয়ে পড়ছিলাম। সন্ধ্যায় একজন কল করে জানাল, এক রুমের একটা বাসা পাওয়া গেছে, ভাড়া ৬০০০ টাকা। উপস্থিত-খরচ সামলানোর জন্য আমি সর্বপ্রথম আমার গলায়-থাকা চেইনটি বিক্রি করে দিই। বাসার নির্দিষ্ট ঠিকানায় যখন পৌঁছলাম, তখন দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে, তিনি বাড়ির মালিক। তিনি আমাকে বললেন, তোমার অভিভাবক কোথায়? বললাম, আমি আর আমার বাচ্চা থাকব। তুমি ছোট, তোমার বাচ্চাও ছোট, তোমার অভিভাবক ছাড়া তো তোমাকে বাসা দিতে পারব না। পাশে এক মহিলা শাক কাটছিলেন, আমি দ্রুত গিয়ে ওঁর হাত চেপে ধরে বলি, আমার মা গ্রামের বাড়ি গিয়েছেন ঈদের জন্য, আমাকে আমার বাচ্চার সাথে এক সপ্তাহ থাকতে দিন, মা বাড়ি থেকে ফিরে এলে আমি মায়ের কাছে চলে যাব। মহিলাটি দয়াপরবশ হয়ে ভদ্রলোকটির কাছ থেকে চাবি নিয়ে আটতলায় একটি রুম খুলে দিলেন। বললেন, এখানে তোমরা থাকো, সকালে ঈদ, আমার অনেকগুলো কাজ বাকি…বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন, এদিকে আমি পেছন থেকে আমার বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। আমি জানি না আমি কী করছি, আমার শুধুই বুক ফেটে কান্না পাচ্ছে।

কিছু শুকনা খাবার আর পানি সাথে নিয়ে আমার সন্তানের হাত ধরে একরুমের একটি বাসায় আমার নতুন জীবনের পথে যাত্রা শুরু! সেই দিন কোনও আপনজন, কোনও পরিচিতজন, কোনও আত্মীয়স্বজন, কোনও বন্ধুবান্ধব কেউই ছিল না আমাদের সাথে। মানসিকভাবে চরম অসহায়ত্বের মধ্যে ছিলাম। ভয়ে কষ্টে কুকঁড়ে যাচ্ছিলাম বারবার, বাচ্চার চোখে মুখে আতংক দেখে নিজের কষ্টগুলো ঢোঁক গেলার মতো গিলে ফেলার চেষ্টা করেছি। বাচ্চার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করে যাচ্ছিলাম। তখনও লাইট কেনা হয়নি, চুলা কেনা হয়নি, বিছানাও কেনা হয়নি। বাচ্চাকে বুকে জড়িয়ে ঘুটঘুটে অন্ধকারে ফ্লোরে শুয়ে ছিলাম। এক এক করে সকল আপনজনের চেহারা চোখের সামনে ভাসতে লাগল---যাদের সাথে আমার শৈশব কৈশোর কেটেছে, যাদেরকে আমি আপন জেনেছি, নিজের জেনেছি…ভালোবেসেছি। যাদের হাত ধরাধরি করে, যাদের সাথে সাথে চলে বেড়ে উঠেছি, আজ আমার জীবনের কঠিন বিপর্যের সময় একজনও আমার সাথে আমার পাশে হাঁটল না, থাকলও না। কেউই আমায় একটু সাহসের কথা, সান্ত্বনার কথা বলল না, শুধু নিজেদের সিদ্ধান্তটুকু জানিয়ে দিল! ‘আমরা তোমাকে চাই না’ এটা জানিয়ে দেওয়ার চাইতে সহজ কাজ আর কী আছে! চারপাশ থেকে সে কেমন এক নিবিড় অন্ধকার ঘিরে ফেলেছিল আমাকে, লিখে বোঝানো যাবে না। আমার আর আমার সন্তানের সাথে সেই রাতে ছিল কেবলই বুকের গভীর থেকে একটি দীর্ঘনিঃশ্বাস, যা এখনও আমাকে মাঝেমাঝে অসহায় করে তোলে।

পরের দিন ঈদ, একলা রুমে মা-মেয়ের একটি নতুন সকাল। আমাদের আর ঈদ-উপযাপন করা হলো না, সেমাই বা মিষ্টি খাওয়া হলো না, কারও সাথে কোলাকুলি করা হলো না, কোনও আত্মীয়র কাছে বেড়াতে যাওয়া হল না। সহস্র যন্ত্রণায়, গুমোট কষ্টে অসহায় হয়ে চুপচাপ বসে থাকলাম দুইজন। সেই থেকে এখন পর্যন্ত ভাই-বোন, আত্মীয়স্বজন কারও সাথে আর কোনও দিন আমি ঈদ-উপযাপন করিনি। সকাল ফুরিয়ে বিকেল গড়িয়ে এল, হঠাৎ মেয়ে বলল, “আম্মু, আমি ভাত খাব, ভাত!” মেয়ের কথা শুনে আমার বুক দপ করে উঠল! আমি ভুলে গিয়েছি এর আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন বিকেল পর্যন্ত মা আর মেয়ে ভাত খাইনি! সাথে থাকা শুকনো খাবার ছাড়া আর কিছুই পড়েনি পেটে। শরীরে কোনও রকম শক্তি পাচ্ছি না, যেমন পাচ্ছিলাম না মনেও। তবুও ভাত খাওয়ার উদ্দেশ্যে মা-মেয়ে বেরিয়ে পড়লাম। সেই দিন রাস্তার ধারে দাঁড়িয়ে একটি হোটেল থেকে যে ভাত খেয়েছিলাম, এর আগে এবং পরে আর কোনও দিনই এমন ক্ষুধা নিয়ে এমন বাসি ভাত আর খাইনি।

মোবাইলের সিম খুলে ফেলে দিয়েছি, আপন বলে একসময় যাদের চিনেছিলাম, তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ বন্ধ। ওই মুহূর্তে বাঁচার প্রয়োজনে টিউশন খোঁজা ছাড়া আর কোনও উপায় ছিল না। তিন-চার দিন অনেক চেষ্টা করে এক পরিচিতজন তাঁদের আত্মীয়র বাসায় একটা টিউশন ঠিক করে দিয়েছেন। আমি সেখানে পড়াতে শুরু করেছি, কয়েক দিন যাওয়ার পর ছাত্রীর মা আমাকে ডেকে বললেন, আপনার বাচ্চাকে সাথে নিয়ে আসবেন না। আমি বললাম, আমি ছাড়া ওকে দেখার কেউ নেই, ওকে সাথে আনতে হবে। তিনি বললেন, রেখে আসার চেষ্টা করবেন, আগের কোনও টিচারকে কাউকে সঙ্গে নিয়ে পড়াতে আসতে দেখিনি। আপনিও না আনলে ভালো হয়। কী বলব বুঝতে না পেরে চুপ করে ছিলাম। সেদিন সারারাত ঘুম আসেনি, টিউশনটি দরকার, তাই পরদিন সকালে মেয়েকে একলা রুমে তালাবদ্ধ করে রেখে যেতে বাধ্য হয়েছি। টিউশনের বেতনটা আমার খুব প্রয়োজন, তাই এখানে রাগ কিংবা অভিমান নিরর্থক।

একদিন রেখে যাওয়ার পর আর সাহস হচ্ছিল না ওকে একা রেখে যেতে, কেমন জানি ভয় আর আতংক কাজ করছিল। ও খুব শান্ত ছিল, যেখানে বসে থাকতে বলতাম, সেখানেই চুপচাপ বসে থাকত। পরের দিন আবার সাথে নিয়ে গেলাম। পড়া শেষ হবে, এমন সময় ছাত্রীর মা নাস্তা নিয়ে এলেন, নাস্তার পরিমাণ ছিল একজনের। তার অর্থ, আমার জন্য নাস্তা দেওয়া হয়েছে, আমার বাচ্চার জন্য না! আমি মহিলার সামনেই নাস্তা খেয়েছি, আমার বাচ্চাকে কিছুই দিইনি! বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে, মহিলাও তাকিয়ে আছেন। এই দৃশ্য সহ্য করে অবলীলায় নাস্তা খেয়েছি, পড়িয়েছি। বাসায় ফিরে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে মনভরে কান্না করেছি। সেদিন নিজেকে অপরাধী আর নোংরা মনে হয়েছিল। যে মানুষ কোনও অভাবের সাথে কখনও পরিচিত হয়নি, যে মেয়েটি রাজকন্যার মতো জন্মগ্রহণ করেছে, সেই দুইজন মানুষ কোন অপরাধের জন্য এত শাস্তি পাচ্ছে? তখনই ছোট্ট একটি লিফলেট রেডি করে কয়েক কপি প্রিন্ট করেছি, সন্ধ্যার সময় গিয়ে আশেপাশের সব বাসার দেয়ালে লাগিয়ে দিয়েছি---আমি ইবনাত কাশফি। ক্লাস ওয়ান থেকে সেভেন-এর ছাত্র-ছাত্রীদের পড়াতে পারব। আমার একটি ছোট্ট বাচ্চা আছে, তাকে দেখা-শুনার কেউ নেই। পড়ানোর সময় সে আমার সাথে থাকবে, এর বিনিময়ে আমি ৩০ মিনিট বেশি পড়াব এবং আমাদেরকে নাস্তা দিতে হবে না।

কয়েক দিনের মধ্যে আমি বেশ কিছু টিউশন পাই, ফলে আগের টিউশনটা ছাড়তে আমার আর অসুবিধা হয়নি।

ছোটবেলা থেকেই যেহেতু লেখালেখি করতাম, তাই পত্রিকায় কাজ করাটা আমার পক্ষে কিছুটা সহজ এবং সে সুযোগও হলো। বিভিন্ন পত্রিকায় কাজ করার চেষ্টা থেকে ক্যামেরার সাথে পরিচয়। বিভিন্ন মানুষের সাথে আলাপ করে বাড়তি কিছু উপার্জনের জন্য ওয়েডিং ফটোগ্রাফির একটা গ্রুপে যোগ দিয়েছিলাম। মাঝে মাঝে অনেক রাত হয়ে গেলে বিয়েবাড়িতে আমার ছোট্ট মেয়েটি সোফায় বা চেয়ারে ঘুমিয়ে পড়ত, আমি দূর থেকে দেখতে পেতাম, ওকে মশা কামড় দিচ্ছে, ওর শরীরের নানান জায়গায় ফুলে উঠছে হয়তো, ও কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে…কিন্তু ছবিতোলা বাদ দিয়ে ওর দিকে যেতাম না, কেননা যেতে যেতে কান্না চলে আসবে, আর আশেপাশের লোক তা দেখে ফেলবে, সে ভয়ে ছবি তুলতে থাকতাম। যতক্ষণ ছবি তুললাম আর ও সোফায় ঘুমিয়ে থাকত, ততক্ষণই আমার বুকের একপাশে প্রচণ্ড ব্যথা করত।

আমাদের মা-মেয়ের জীবন সুতা ছিঁড়ে-যাওয়া ঘুড়ির মতো গন্তব্যহীন হয়ে গিয়েছিল। সে সময় নিরবচ্ছিন্ন নৈঃশব্দ্যে পুরোপুরি একা আমরা দুজন। তখন আমি আমার সন্তানের সাথে প্রসবযন্ত্রণার যে গভীর সম্পর্ক, শরীরের রক্ত ও লবণজলের যে শেকড়, তা দিয়ে তৈরি বন্ধনের শক্তিকে উপলব্ধি করেছি। প্রগাঢ়ভাবে বুঝেছি, এর চেয়ে মজবুত, শক্তিশালী আর কোনও সম্পর্ক পৃথিবীতে নেই, ওর জন্য আমাকে বেঁচে থাকতে হবে, কাজ করতে হবে, যে করেই হোক টিকে থাকতে হবে। একা একা ওর সাথে কাটানো সময়গুলি বেদনাহীন ও শান্ত হয়ে অনুভব করেছি। গভীর মমতায় তাকে ভালোবাসতে শুরু করেছি। আশেপাশের সমস্ত কিছু ভুলে তার জন্য বেঁচে ওঠা, তার জন্য কাজ করা, তার জন্যই পথচলা। আমার সন্তানের জন্য বাঁচতে গিয়ে জীবনকে চিনেছি, মৃত্যুকে বারবার দূরে ঠেলেছি। আমার সন্তানের চোখের দিকে তাকিয়ে ভালোবাসার শক্তি যে কী, তা বুঝতে শিখেছি। এই পৃথিবীর বুকে একজন কাশফি আজকের দিনে বেঁচে থাকত না যদি না তার সন্তান তাকে বাঁচিয়ে রাখত।

ওদিকে সেই ভদ্রলোক দুটি মামলা করেন। আমি কোনও কারণ ছাড়া, কোনও অপরাধ ছাড়াই দুই-দুইটি মামলার আসামি হয়ে উঠি! জীবন ছিল এরকম---সারারাত জেগে বিয়েবাড়িতে ছবি তুলতাম, দিনের অর্ধেক সময় টিউশন করতাম, বাকি সময় বাচ্চাকে সাথে নিয়ে নিয়ে পুলিশ আর উকিলের কাছে দৌড়াতাম। সে এক অন্যরকম মানসিক যন্ত্রণা, কুৎসিত বিকৃত মুখোশধারী মানুষের সাথে দীর্ঘ পথ চলা, খুব কাছ থেকে কঠিনতর সময় এবং বাস্তবতাকে দেখা…এখনও একটি মামলা আছে, এখনও আমাকে কোর্টবিল্ডিং যেতে হয়! এইভাবে বাচ্চাটিকে সঙ্গে করে একাপথে অনেক কিছু ক্ষয়ে ক্ষয়ে, অনেক কিছু সয়ে সয়ে আজ অবধি বেঁচে থাকা। একজন সাধারণ ক্যামেরাম্যান থেকে ফটোগ্রাফার হয়ে ওঠা এবং রিপোর্টার থেকে একটি পত্রিকার সম্পাদনায় আসা এবং নারীদের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে একটু একটু করে এগিয়ে চলা এই আজকের আমি। কত দিন কত রাত ঘুমহীন কাটিয়েছি, কত বেলা অনিয়ম করে খেয়েছি, কত দিন নিজের পছন্দের কোনও কিছু করিনি---না একটা ভালো খাবার, না একটা ভালো পোশাক, না একটা ভালো গহনা…সেসবের কোনও হিসেব নেই…সেসবের সংখ্যা অগনিত।

দীর্ঘ ৯ বছরের একলাপথে একদিন মা আসেন আমাদের জীবনে। বর্তমানে আমার পরিবারের সদস্যসংখ্যা ৯ জন। এদের প্রত্যেকের দেখা-শুনার দায়িত্ব আমার, আর এই দায়িত্ব আমি খুব আনন্দের সাথে পালন করি। এখন আমার বাচ্চাকে আর একরুমের বাসায় একা থাকতে হয় না, এখন তার একটি বড় বাসা আছে, তার একটি সহজসরল বেড়েওঠা আছে, অসংখ্য ভয়হীন আনন্দঘন মুহূর্ত আছে। এখন তার অনেক কিছু আছে, যা হয়তো অনেক শিশুর…বাবা থাকার শর্তেও নেই। আজ আমি স্বাধীন, আজ আমি খুশি। কারও কোনও ক্ষতি না করেই আমি খুব ভালো আছি। আমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারছি, সমাজের মানুষের জন্য কাজ করতে পারছি, নিজের জীবনকে নিজের সামর্থ্যে ও শর্তে উপভোগ করতে পারছি। যারা আমাকে একদিন দূরে ঠেলে দিয়েছে, বেঁচে থাকার প্রয়োজনে তাদের কাউকেই আমার কাছে টানতে হয়নি। আমি প্রাসাদ থেকে রাস্তায় নিক্ষিপ্ত হয়ে আবারও নিজের চেষ্টায় নিজের মতো করে প্রাসাদ গড়েছি। কারও কাছে মাথা নত না করে, কারও কণামাত্রও আনুকূল্য না নিয়ে সম্পূর্ণ নিজের শ্রমে ও চেষ্টায় গড়া আজকের ইবনাত কাশফি ও তার একমাত্র মেয়ে স্নিগ্ধা।

(পরবর্তী অংশে সমাপ্য)
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *