গল্প ও গদ্য

দামি মদ

আমি কখনোই লয়ালটি এক্সপেক্ট করে রিলেশন শুরু করিনি, কোনও ব্যাটার কাছ থেকেই। এর কারণ, লয়ালটি একটা বৈশিষ্ট্য। যার মধ্যে আছে, শত ঝড় কিংবা সুযোগের মধ্যেও আছে, আর যার মধ্যে তা নেই, কোনোভাবেই নেই। খুব সম্ভবত, লয়ালটি ব্যাপারটা ছোটোবেলা থেকেই শিখতে হয়, বড়ো হয়ে আর শেখা যায় না নতুন করে।

আর হ্যাঁ, আমি প্রত্যেক বার (একের অধিক) যে ধাক্কাটা খেয়েছি, সেটা হলো, কারুর কথাই বিশ্বাস না করে, কানে না নিয়ে নিজের মতো করে রিলেশন সামলে নেবার ধাক্কা। সবার বিরুদ্ধে আমি একাই দাঁড়িয়েছি। অনেক পরে গিয়ে দেখি, যার জন্য দাঁড়িয়েছি, সে নিজেই আমার বিপক্ষে কোনও-না-কোনও স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে গেছে।

স্ট্যাটাসটা লয়ালটি নিয়ে, তাই এত কিছু বললাম; অন্তত আমার চেয়ে লয়াল হওয়া খুব কঠিন। প্রেমিকা হওয়ার বেলায় আমার যদি একটাই মাত্র গুণ থাকে, তবে সেটা হচ্ছে লয়ালটি। আর এই লয়াল হওয়ার কারণে আমাকে আজ পর্যন্ত কোন‌ও ভদ্রলোকই হজম করতে পারেননি।

আমি ওই বিদেশি দামি মদের মতন, যেটা খেতে অনেকে চেয়েছে। কেউ কেউ এক্সপেনসিভ হওয়ার কারণে অ্যাফোর্ড করতে পারেনি, আবার যারা পেরেছে, তাদের কেউ কেউ ভিন্ন স্বাদের মদ মুখে নিতে গিয়েই বমি করে ফেলেছে। বলেছে, "মদের টেস্ট এত বাজে কেন? ইয়াক!" অথচ তারা জানেই না যে মদ কোকাকোলার মতন সাধারণ পানীয় নয় যে, গ্লাসে ঢাললাম আর খেয়ে ফেললাম। মদ খাওয়ার জন্য অনেক প্রস্তুতি লাগে, সবচেয়ে বেশি লাগে মানসিকভাবে প্রস্তুত হওয়া।

আবার কেউ কেউ আছে, যারা আমাকে খেয়ে হজম করতে পারেনি বিধায় বমি করেছে। সে মানতেই পারেনি যে তার পাকস্থলি বিশেষ এবং স্বাস্থ্যকর মদ হজম করতে পারছে না। আরে, যারা ৫০ টাকার যেখানে-সেখানে পাওয়া বাংলামদে অভ্যস্ত, তারা বড়োজোর কেরু পর্যন্ত যেতে পারবে, এর বেশি না।

যাকে হজম করতে পারবে না, তাকে 'মাগি' বলার বাইরে তো আসলে করার তেমন কিছু নেই। নিজের ঢোল নিজেই পেটাই। আমার অস্বস্তি লাগে না, উলটো আরাম লাগে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *