: এখনও জেগে?
: হুঁ, খুব কড়া ইনসমনিয়া হয়েছে গো!
: ইনসমনিয়া আবার কড়া হয় কী করে?
: হয় হয়... এটা ইনসমনিয়ার একটা মোক্ষম উপমা।
: কী সব বলো না... বের হবে আজ কোথাও?
: টানা কয়েক রাত ধরে ঘুমোতে পারছি না, মাতাল মাতাল লাগে। একজন মাতালের সাথে বের হওয়া তোমার জন্য রিস্কি... এমনকী জেলও হতে পারে... হি হি হি...
: ঠাট্টা ছাড়ো তো! কখন বের হবে বলো?
: যদি আজ বৃষ্টি হয়, কথা দিচ্ছি, বের হব।
: এটা আবার কেমন প্রতিজ্ঞা!
: বাদ দাও এসব। অনিন্দ্য, চলো না, আমরা প্রেম করি... করবে?
: কী সব অদ্ভুত কথা বলছ তখন থেকে! নিজের ছ-বছরের পুরোনো প্রেমিককে বলছ, চলো, প্রেম করি! শরীরটা খুব খারাপ, নীরা?
: অনিন্দ্য, ছ-বছরে আমাদের অনেক কিছু হয়েছে, শুধু প্রেমটাই হয়নি... ছ-মিনিটের জন্যও না! একটু প্রেম পাবার জন্য আমার মধ্যে একবুক তৃষ্ণা জমে আছে, আমি একটু ভালোবাসা পাবার জন্য ক্ষুধায় কাতরাচ্ছি সেই কবে থেকে...
: ............!!!!?
: তুমি বুঝবে না এসব কথা, আমি জানি। অফলাইনে যাচ্ছি, আমায় ডেকো না। ঘুমোবো আমি, অনিন্দ্য... আমার যে খুব কড়া ইনসমনিয়া... তুমি কি আমাকে বাঁচাতে পারতে না... বলো...!
ছ-বছরের তৃষ্ণা
লেখাটি শেয়ার করুন