ধ্রুব, মাত্র কিছুদিন হলো তোমার সাথে আমার পরিচয়, মাত্র অল্প ক’টা দিন। এত অল্প দিনেও কাছে আসা যায়? কারও মন ছুঁয়ে দেওয়া যায় হাতের আঙুল দিয়ে? তুমি এত সুন্দর কেন, ধ্রুব? তোমার পরিশ্রম, তোমার স্বেদ, তোমার স্বপ্ন, তোমার বেড়ে ওঠার গল্প, তোমার দারিদ্র্য, তোমার টানাপড়েন... সবকিছু এত বেশি সুন্দর কেন, বলো তো?
তোমাকে আমার ভালোবেসে ফেলতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে, মোড়ে মোড়ে, গলিতে গলিতে, গ্রামে গ্রামে গিয়ে সবাইকে বলে দিয়ে আসি যে তুমি কতটা স্নিগ্ধ। তুমি বলেছিলে, আমার আগে তোমার জীবনে এসেছিল নাকি অনেকেই, কিন্তু ওদের কেউই নাকি তোমায় সেই অর্থে ভালোবাসেনি, পরনের সুতি শাড়ির আঁচলটায় তোমায় নাকি কেউ কখনও বাঁধেনি।
আমি জানি না ধ্রুব, আমার সুতি শাড়ির ওই ক্ষমতা আছে কি না তোমাকে গিঁট দেবার, আর সেই নিশ্চয়তাও দিতে পারছি না যে তোমার সাথে এই বোহেমিয়ান আমি’টা শেষ অবধি থেকে যাবই যাব। কিন্তু একটা প্রশ্ন, তোমায় ভালোবাসতে দেবে? কাউকে মন, প্রাণ, শরীর উজাড় করে ভালোবাসি না অনেক অনেক দিন! তুমি কি আমায় সে সুযোগটা দেবে? একটু দিয়ে দেখোই না!
তুমি আমার কল্পনার চেয়েও সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর তোমার চোখগুলো। আমি মনে হচ্ছে তোমার চশমার কাচ ভেদ করে ওই গভীর রাতজাগা চোখগুলোতে আমার সবকিছু হারিয়ে ফেলেছি, আমার সব স্বপ্ন ওখানে আমি হলুদ খামে করে জমা রেখেছি, গুলিয়ে ফেলেছি আমার চলার পথ, তলিয়ে গেছি কোনও এক সমুদ্রে!
তুমি কেন অমন করে আড়চোখে তাকালে? আমার বুক ধুকপুক করছিল, জানো? আমি কথা দিচ্ছি, কখনও তোমার সামনে আমি পুরোটা চোখ মেলব না, তোমার চোখে চোখ ডুবিয়ে তাকাব না, তাহলে আমার আর যেটুকু বাকি আছে, তুমি চোখ দিয়ে তার সবই শুষে নেবে, আমাকে দেউলিয়া করে ছাড়বে। না না, ওসব আমি হতে দেবো না। আমি তোমার ধরাছোঁয়ার বাইরেই থাকব। শুধু একটু ভালোবাসার অনুমতি দেবে আমাকে?
আমি তোমার কাছ থেকে প্রেম, ভালোবাসা, সংসার কিচ্ছু চাই না, চাইব না কখনও। শুধু একটু ভালোবাসতে দাও। কত ভালোবাসা যে এই বুকে, ঠোঁটে, চোখে জমাট বেঁধে আছে… একটা বার অনুমতি দাও, আমি তোমার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করব! আমি দূর থেকেই এতটা ভালোবাসব যে অন্য কেউ তোমার কাছেই আসতে পারবে না, আমি দূর থেকেই তোমায় এত আদর করব যে অন্য কারুর ছোঁয়া পেলে তোমার গা গুলিয়ে উঠবে।
তুমি আবার আমাকে সেই সতেরো বছর বয়সি কিশোরীর মতন পাগলাটে, খ্যাপাটে, জেদি প্রেমিকা হবার সুযোগ দাও, ভেঙেচুরে আর একটা বার তোমায় ভালোবাসতে দাও, ধ্রুব! তোমার স্বপ্ন, ত্যাগ, পরিশ্রম, রক্ত, ঘাম আমার আঁচলে বাঁধতে দাও।
আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। খুব বেশি সময় অপেক্ষায় রেখো না যেন! যাকে তুমুল প্রেমে পেয়েছে, তার বুকের বারুদে আগুন জ্বলে উঠে তাকে ছারখার করে দিতে পারে কিন্তু! আমি আমাকে তোমার কাছে ভিক্ষে চাইছি, প্রিয়!
কোনো এক সমুদ্রে
লেখাটি শেয়ার করুন