কোনও মেয়েকে যদি প্রশ্ন করা হয়, "তুমি যার সাথে আছ, তাকে কি আর কারও সাথে শেয়ার করতে পারবে?", তাহলে মেয়েটা দ্বিতীয় বার না ভেবেই উত্তর দিয়ে বসবে, "আমি থাকতে যে আরেকজনের কাছে যায়, তাকে কিছুতেই আমি মেনে নিতে পারব না।"
এমন উত্তর শুনলে আমার বলতে ইচ্ছে করে, "এই কারণেই ছেলেরা শান্তি বজায় রাখতে মিথ্যে ও ছলনার আশ্রয় নেয়। তুমি যাকে ভালোবাসো, তাকে তোমার সম্পত্তি না ভেবে তোমার সম্পদ ভাবতে পারলে তোমাদের সম্পর্কটা অনেক সুন্দর হতো। তার শরীর-মনের উপর একচেটিয়া অধিকার কেবল তোমারই আছে, এমন চিন্তা কেন মাথায় আসে তোমার! ছেলেরা যেমন, তাদেরকে সেভাবেই কেন মেনে নিতে পারো না? তোমার খাঁচায় বন্দি থাকলেই সে তোমার হয়ে যাবে? যাকে কারও সাথে শেয়ার করতে হয়, তাকে তো তুমি চাও না, তাই না? তাহলে একা থাকতে শিখে নিচ্ছ না কেন! সেটাও তো পারবে না! সম্পর্কের মূল ভিত্তি ভালোবাসা নয়, বন্ধুত্ব। ভালোবাসার মানুষের অনেককিছুই মেনে নেওয়া যায় না, কিন্তু বন্ধুর সবকিছুই খুব সহজে মেনে নেওয়া যায়। বেঁচে থাকার মানেই মেনে নেওয়া।"
ছেলেরা এক নারীতে আসক্ত থাকতে পারে না, তাই ছেলেরা তোমার চোখে চরিত্রহীন! তাহলে কেন ওরকম একটা ছেলের ভালোবাসা পাবার জন্যে এত মরিয়া হয়ে যাও? সবচেয়ে ভালো হয়, কাউকে ভালো না বেসে বাঁচতে শেখো, আর তা যদি না পারো, তবে ভালোবাসার মানুষকে নিয়ে ওভার-পসেসিভ হওয়া থেকে বিরত থাকো। যে অধিকার তুমি তার উপর খাটাও, এতটা তো সেই ছেলের বাবা-মা'ও তার উপর খাটায় না। তোমাকে অসম্মান করার কোনও সুযোগ তাকে দিয়ো না, আবার জোর করে অশান্তির জন্ম দিয়ে তাকে বদলানোর চেষ্টা করে তাকেও অসম্মান কোরো না। তার প্রতি তোমার ভালোবাসার তীব্রতা তাকে বুঝতে দাও, তার যদি হাজার মেয়ের প্রতিও আকর্ষণ থাকে, তবুও সে তোমাকে তার আকাশের চাঁদ বানিয়ে রাখবে, যদি তুমি টিপিক্যাল মেয়েদের মতো আচরণ না করো। মেয়েদের কাছে ভালোবাসা মানে অশান্তি করে হলেও ভালোবাসা আদায়ের চেষ্টা করা; অন্যদিকে, ছেলেদের কাছে ভালোবাসা মানে ভালোবাসা না পেয়ে হলেও শান্তি খুঁজে পাবার চেষ্টা করা। ব্যতিক্রমও আছে... খড়ের গাদায় সুঁই যেমন আছে।"
তোমার ভালোবাসার মানুষ যদি তুমি-সহ একাধিক নারীর সাথে সম্পর্ক রাখেও, খোঁজ নিয়ে দেখো, এদের মধ্যে কেবল এক জনকেই সে মন থেকে ভালোবাসে। তুমিই সেই এক জন হয়ে উঠছ না কেন? সোজাসুজি বলতে গেলে, তুমি কাউকে বদলাতে পারবে না, বড়োজোর অভিনয় করাতে পারবে, মিথ্যা কথা বলাতে পারবে, আড়াল করতে বাধ্য করতে পারবে। আছে কিছু ছেলে, যারা প্রাণ গেলেও এক তুমি বাদে অন্য নারীতে কখনোই আসক্ত হবে না। যদি এমন কাউকে পেয়ে যাও তো ভালো, আর না পেলে হয় সত্যকে মেনে নিয়ে সুখের খোঁজ করো, নয় সম্পর্কের ইতি টেনে শান্তির খোঁজে অন্য কোথাও চলে যাও। এর বাইরে তৃতীয় আর কোনও পথ নেই। হ্যাঁ, যদি কেউ নিজেকে সত্যি সত্যি বদলে ফেলে, তাহলে তো ভালোই! আর না ফেললে তাকে তার মতো করে মেনে নিয়ে অশান্তি না করে থেকে যাওয়া কিংবা নতুন কারও বা নিজের সাথে নিজে একলা পথ চলার সিদ্ধান্ত নেওয়াই সমীচীন। নিজের একটা পৃথিবী তৈরি করো, নিজেকে সেই পৃথিবীতে ব্যস্ত করে রাখো। ছোট্ট একটা জীবন, ফুরিয়ে যাবার আগেই একে এনজয় করো! ঝামেলায় কেবল ঝামেলাই বাড়ে।"
খাঁচায় থাকে না আকাশ
লেখাটি শেয়ার করুন