অনুপ্রেরণামূলক

কমনসেন্সের ক্লাস

বাঁচার জন্য আমাদের সবাইকেই একটা করে জীবন দেওয়া হয়েছে। সেখানে বেঁচে থাকার সময়টাতে বেশ কিছু অভিজ্ঞতা ও শিক্ষার মধ্য দিয়ে আমাদের যেতে হয়, ইচ্ছেয় বা অনিচ্ছেয়। অনেক অভিজ্ঞতা আছে, যেগুলির মুখোমুখি নিজে না হলে বিশ্বাস করতে ইচ্ছে করে না, সেগুলি সত্যি। ‘আরও আগে যদি জানতাম’ এমন আফসোস থেকে আপনাকে আগামমুক্তি দিতে দু-একটা কথা বলি।

কাউকে বদলানোর চেষ্টা করে লাভ নেই। এতে সে বিরক্ত হয়। বরং ভালো হয়, নিজেকেই এমনভাবে বদলে ফেলা যাতে তাকে আর অসহ্য না লাগে। আরও ভালো হয় যদি নিজেকে তার কাছ থেকে দূরে রাখা যায়। সে যা-ই করুক, ওতে আপনার কী?

আমি জানি, যে-কোন‌ও কিছু খেয়ে ফেলা খুব সহজ, কঠিন হলো, খাদ্যগ্রহণের ফলে সৃষ্ট বাড়তি ক্যালরিটাকে পোড়ানো। তবু বলব, যা খেতে ইচ্ছে করে, খেয়ে ফেলুন। আমরা কে কখন কীভাবে মরে যাই, তা কেউ বলতে পারে না। না খেয়ে মরার চাইতে খেয়ে মরা অধিক আনন্দের হওয়ার কথা।

যাকে কোনও কিছু বোঝাতে বেশি কথা খরচ করতে হয় না, তাকে সবাই পছন্দ করে। তাই কারও সাথে কথা বলার বুঝে নিন, সে আসলে কী চায়। ভণিতা বাদ দিয়ে সরাসরি সেখানে চলে যান, আপনার কাজ হয়ে যাবে। সে-ও আপনার সাথে আলাপ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে।

কারও কাছ থেকে হুট করে সময় চেয়ে বসবেন না। যে আপনাকে চেনে না, জানে না, সে আপনাকে কোনও কারণ ছাড়া সময় দেবে না। আপনি নিজেও দিতেন না। হ্যাঁ, আপনার বা তার হাতে অফুরন্ত অবসর থাকলে সেটা ভিন্ন ব্যাপার।

আমরা জীবনে যা দুঃখ পাই, তার বেশিরভাগই আমাদের জন্য প্রয়োজনীয়। দুঃখ না পেলে কেউ জীবনকে চিনতে পারে না। প্রতিটি কষ্টের পর যে শিক্ষাটা আমরা পাই, তা আমাদের জীবনকে অনেক বদলে দেয়। তার ফলে জীবনের দিকে তাকানোর ধরনটাও বদলায়। ধাক্কা না খেলে কেউ মানুষ হয় না। এটা খুব জরুরি।

জীবনে আপনি যত বেশি অপ্রয়োজনীয় জিনিসের পেছনে সময় নষ্ট করবেন, জীবন আপনাকে তত বেশি ভোগাবে। যে যত দ্রুত প্রয়োজনীয় জিনিস চিনতে পারে, অন্যদের তুলনায় সে তত এগিয়ে যায়। এমন কারও সাথে মিশবেন না, যাদের সাথে মিশলে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে সময় কাটাতে ভালো লাগে।

এমন কারও সাথে মিশুন, মেশার সুযোগ না পেলে অন্তত কথা বলুন, যাদের কাছ থেকে শেখার আছে। এর জন্য যা যা করা দরকার, করুন। যার কাছ থেকে কিছুই শেখার নেই, তার সাথে মেশা মানেই সময় নষ্ট করা। যদি সে আপনার বন্ধু বা কাছের কেউ হয়, তা হলে অবশ্য ভিন্ন কথা।

যদি সত্যিই কিছু শিখতে চান, তবে নিজে যা জানেন, তা ভুলে যেতে হবে। আমাদের অভিজ্ঞতা ও বিশ্বাস আমাদের নতুন কিছু শেখা থেকে প্রায়ই বিরত করে রাখে। আপনি যা জানেন, যদি তা নিয়েই বসে থাকেন, তবে আপনার মস্তিষ্ক বাড়তি কিছু সহজে গ্রহণ করতে চাইবে না। আমার শেখা সবচাইতে দামি লেসনগুলির একটি হলো: Unlearn to learn.
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *