গল্প ও গদ্য

অস্পর্শের সুর



বহুদিন আমাদের পছন্দের ইনস্ট্রুমেন্টাল শোনা হয় না—তোমাকে ছুঁতে চাই না বলে।

চাইলে নিজের জন্য শুনতেই পারি, তবুও...শুনছি না। এইসব মিউজিক আমার সবচেয়ে প্রিয়। ওরাই তো আমাকে খুব খারাপ মুহূর্তগুলোতে সঙ্গ দিয়েছিল।

জানো, এই সুরগুলো বাজতে থাকলে...আমার তোমাকেই ভালোবাসতে ইচ্ছে করে। সেই অসম্ভব ভালোবাসতে পারার ক্ষমতা—আমার এক বাজে গুণ।

কতভাবে তোমায় লিখছিলাম...কবিতায়, বেদনায়, আনন্দে, অশ্রুতে।

তোমাকে ভুলতে চাইলে...যে লেখা অক্ষরগুলো আমার মনের ক্ষত সারিয়েছিল একসময়, তা-ও ভুলতে হবে প্রচণ্ড গতিতে।

আমি সত্যিই আর লিখতে চাই না।

কিংবা, আমি লিখব অন্য কোনো গল্প—যার অক্ষরে তুমি থাকবে না। তবে জানি, ওতে শান্তি থাকবে না। যে-অক্ষর লিখে—স্বস্তির নিঃশ্বাসে বুক জুড়োবে না, চোখ দুটো ছলছল করে উঠবে না, ক্লান্তিকর এক তপ্ত দুপুরে শরীরে অদ্ভুত প্রশান্তি খেলা করবে না—ও লিখে কী হবে? ওসব আমি কখনও ধরে রাখব না।

যে-মুহূর্তে মনে হয়েছিল, আমি আর পারছি না...হালটা ছেড়ে দিই—ঠিক সেই মুহূর্তে, তুমিই আমায় শক্ত করে আঁকড়ে ধরেছিলে। আমিও আমৃত্যু ধরে রাখতে চাইলাম সেই সুর, সেই অক্ষর।

তবুও মনে প্রশ্ন জাগে, সে-ও কি আমায় পেল—তোমায় না পাবার পর, যাকে আমি পেয়েছিলাম?

নিজের জন্য? নিজের জন্যই তো সবাই করছে সব কিছু। থামছে না, থামার সময় একেবারেই নেই।

একাকিত্ব? সে-ও কি বিচ্ছেদের অংশ? না কি শুধুই অসহায় স্মৃতির চাকচিক্য?

এই শহর? এ-ও কি তোমার ছায়ার অপেক্ষা করে? পাশাপাশি হাঁটার কিংবা শহরের কোনো এক নির্জন জায়গায় নতুনত্বের ছাইপাঁশ?

এই আলস্য? সে-ও কি তোমার ক্লান্তিতে হঠাৎ শরীর ছোঁয়?

বলো তো, কোনটা কঠিন—মাফ করে দেওয়া, না কি শাস্তি দেওয়া?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *