গল্প ও গদ্য

ব্যবসায় কমিটমেন্ট



কিছু ব্যবসায়ী দামে ঠকান, কিন্তু জিনিসে ঠকান না। আমার কাছে ওঁদের গ্রহণযোগ্য মনে হয়। নাহয় কায়দা করে মুনাফা বেশি করেছেন, কিন্তু জিনিস ঠিক দিয়েছেন। হয়তো আমার হাতে সময় কম ছিল, দরদাম করার ইচ্ছে কম ছিল, জিনিসটা সত্যিই আমার খুব দরকার ছিল বা পছন্দ হয়েছে, জিনিসটার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, জিনিসটা অন্য কোথাও পাওয়া যাচ্ছিল না, কিংবা পয়সা উদ্বৃত্ত ছিল বলে আমি ওঁদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে জিনিসটা কিনেছি। এখানে আমারও একটা দায় বা দোষ, যা-ই বলেন না কেন, আছে। আপনি আমার কাছ থেকে আরও কিছু টাকা বাড়তি রাখুন, কিন্তু জিনিস খারাপ দেবেন না। আমার হাতে সত্যিই সময় নেই অতটা পেইন নেওয়ার। কেন নেব? আমি তো ওটা আপনার কাছ থেকে ফ্রিতে নিইনি! আপনি যেহেতু আমার কাছ থেকে পয়সা নিয়েছেন, আমার প্রত্যাশাপূরণের দায়টা আপনার কাঁধেই পড়ে। দুনিয়ায় একমাত্র ফ্রি জিনিসেরই কোনও দাম নাই। বহু বছর ধরে একদামের দোকান থেকে জিনিস কিনি সময় বাঁচাতে, ঝামেলা এড়াতে। কাউকে কোনও সেবা দেওয়ার জন্য টাকা নেওয়ার সময় এমন একটাও কমিটমেন্ট করবেন না, যা রাখা আপনার পক্ষে সম্ভব নয়। আপনার সীমাবদ্ধতা আপনি আগেই জানিয়ে দিন, এতে আপনার প্রতি আমার যে সম্মান ও বিশ্বাস, তা নষ্ট হবে না। আমি একটা কথাই বুঝি: আপনি কী দাম নিলেন, সেটার চাইতে গুরুত্বপূর্ণ আপনি আমাকে কী পণ্য বা সেবা দিলেন।

কিছু ব্যবসায়ী দামেও ঠকান, জিনিসেও ঠকান। আমার কাছে মনে হয়, কিছু লোক তো ভিক্ষে করেও বেঁচে আছেন। ওঁদের দলে ওই ব্যবসায়ীরা ঢুকে পড়লে আমরা ভোক্তারা বেঁচে যেতাম। ব্যবসা অনেক মহৎ একটি কাজ। কাজটা খুব কঠিন, আমি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ভাবুন তো, আপনি একটি পণ্য বা সেবা সরবরাহ করছেন, যা অনেক মানুষের জীবনযাপনকে সহজ করে দিচ্ছে। এই কাজটা কয়জন করতে পারে? মানুষের উপকার করার সুযোগ আপনি পেয়েছেন, আর সেটাকে এমনভাবে নষ্ট করছেন? আপনার নিজের প্রতি সম্মানবোধ থাকলে আপনি ভোক্তাকে খারাপ পণ্য বা সেবা দিতে পারতেন ন্যায্য দাম নিয়েও? ছিঃ!

মাত্র ৫ দিন আগে চট্টগ্রামের আখতারুজ্জামান সেন্টারের চারতলায় অবস্থিত একটা দোকান থেকে পাওয়ার ব্যাংক কিনলাম। আমার এসআইয়ের হাতে টাকা দেওয়ার সময় বারবার বলে দিয়েছিলাম, ভালো জিনিস আনবেন, দাম যা-ই হোক। আমার কাছে প্রোডাক্টের কোয়ালিটিটাই জরুরি। উনি প্রোডাক্ট নিয়ে এলেন, সেটিতে ৬ মাসের ওয়ারেন্টিযুক্ত স্টিকার-লাগানো। মাত্র দুইদিন ব্যবহারের পর দেখলাম, পাওয়ার ব্যাংকে চার্জ হচ্ছে না ঠিকমতো। সারারাত চার্জে ফেলে রাখলেও মাত্র এক দাগ চার্জ হয়। আজকে যখন ওটা দোকানে ফেরত পাঠালাম, তখন দোকানদার বললেন, আমি নাকি পাওয়ার ব্যাংকে চার্জ দিতে জানি না, ওটার ক্ষমতা বেশি আর আমার চার্জারের ক্ষমতা কম ইত্যাদি ইত্যাদি। আমি সাধারণত কখনওই চার্জার ব্যবহার করে ফোনে চার্জ দিই না, সবসময়ই পাওয়ার ব্যাংক ব্যবহার করি। অনেক বছর ধরেই। এখন আমাকেই যদি কেউ সহজ পদ্ধতিতে পাওয়ার ব্যাংক ব্যবহারবিধি শেখাতে চান, তা হলে তো সমস্যা! আমি উনাকে অনুরোধ করলাম, দরকার হলে আপনি আরও পাঁচশো টাকা বেশি রাখুন, কিন্তু আমাকে দুই নাম্বার জিনিস দেবেন না। উনি তাও বললেন, আমার চার্জারে সমস্যা! আমরা শালার এতটাই ইতর হয়ে গেছি যে ভুলটা স্বীকার করে সরি বলতেও ভুলে গেছি! এই যে কিছু লোক ভুজুংভাজুং বলে লোকের পকেট থেকে টাকা নিয়ে ফেলে, ওদের লজ্জাও করে না? ওদের সাথে রাস্তার চোরছ্যাঁচড়ার তফাতটা কোথায়?

আরেকটা ঘটনা বলি। বহু বছর ধরে আমি প্রায়ই অনলাইনে বই কিনি, আবার বিভিন্ন দোকান থেকে ফোনে অর্ডার করেও কিনি। (অনলাইন শপ ‘রকমারি’ থেকে বইকেনার তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমার একটা লেখা আছে, অনেকেই পড়েছেন হয়তো।) গত বুধবার ঢাকার আজিজ সুপার মার্কেটের 'তক্ষশীলা', 'সন্ধিপাঠ' ও 'প্রথমা' থেকে কলকাতার বেশ কিছু বই কিনলাম। বইগুলি সুন্দরবন ক্যুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে হোম ডেলিভারির পেমেন্ট করে পাঠানো হয়। ডেলিভারির ঠিকানা দেওয়া হয় আমার অফিসের ঠিকানা। বইগুলি এসে পৌঁছানোর কথা বৃহস্পতিবার সকালে। এল না। এদিকে মহামান্যরা ফোন করলেও ধরেন না! দুপুর ২.০০টার দিকে আমি ওদের আগ্রাবাদ অফিসে আমার সিপাইকে পাঠালাম। ম্যানেজার সাহেব জানালেন, বইগুলি সেদিন রাত ৮.৩০টার দিকে ওদের অফিসে পৌঁছাবে। জ্যামের কারণে পথে দেরি হচ্ছে। সাথে এও কথা দিলেন, যেহেতু শুক্র- ও শনিবার অফিস বন্ধ, রোববার সকালের মধ্যেই ওরা অফিসে এসে বই দিয়ে যাবে। রোববার এল, বই আর এল না। দুপুর ১.৩০টার দিকে ওদের অফিসে আমার সিপাইকে আবারও পাঠালাম। বই এসেছে বৃহস্পতিবার রাতেই, কিন্তু ওরা ডেলিভারি করতে ভুলে গেছে। পয়সা পকেটে ঢুকে গেছে, আর যে কাজে পয়সাটা পকেটে ঢুকল, সে-কাজটাই করতে ভুলে গেছে! বাহ্‌! হোয়াট অ্যান একজাম্পল অব প্রফেশনালিজম! এখানেই ইতরামির শেষ নয়! আমার সিপাইকে পেয়ে ওরা বলল, আপনি এসেছেন, ভালোই হয়েছে, এই কার্টনটা নিয়ে যান। আমার সিপাই রাজি না হলে ওরা তার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। উল্লেখ্য, সে কার্টনের ওজন অনেক অনেক বেশি, যা একজনের পক্ষে বয়ে-আনা দুঃসাধ্য। তার চাইতে বড় কথা, যেটা আমি বাসায় বসে ডেলিভারি পাওয়ার কথা, সেটা কেন আমাকেই বয়ে নিয়ে আসতে হবে? ওরা কেন হোম ডেলিভারির কথা বলে দায়িত্বটা নিল? মূর্খরা কি 'হোম ডেলিভারি'র অর্থই বোঝে না নাকি? নাকি লোকজনকে এভাবে হয়রানি করেই ক্যুরিয়ার ব্যবসা চলছে? প্রাপ্য সেবা তো পেলামই না, উল্টো জানলাম, সেই 'হোম ডেলিভারি'র কার্টন নাকি আমাদেরকেই বয়ে নিয়ে যেতে হবে! একে তো ওরা ওদের দায়িত্বপালন করেনি, তার উপর জোর করে আমাদেরকেই ওটা গছিয়ে দিতে চাইছে! বাব্বাহ্‌! হোম ডেলিভারি করতে না-পারলে ওরা কেন আমাদের কাছ থেকে সেটার জন্য টাকা নিয়ে কমিটমেন্ট দেয়? আমাদের দুর্ভাগ্য, এরকম কিছু দায়িত্বজ্ঞানহীন ইতর টাইপের ফালতু লোকের হাতে আমরা জিম্মি হয়ে আছি! এ দুর্ভাগা দেশে আপনি টাকা দিয়েও প্রাপ্য সেবাটি পাবেন না।

আবারও বলছি, আপনি আমাকে প্রয়োজনে দামে ঠকান, তবু জিনিসে ঠকাবেন না, সেবার নামে হয়রানি করবেন না। ভোক্তা/ গ্রাহক হিসেবে আপনার কাছ থেকে এইটুকু তো আমার প্রাপ্য। আমি ঝামেলা থেকে বাঁচতে পয়সা বেশি খরচ করতে রাজি আছি, কিন্তু ঠকতে রাজি নই। আপনি আমাকে ঠিকঠাক পণ্য বা সেবা সরবরাহ করতে না-পারলে আগেই বলে দিন, আমি জেনেবুঝে সিদ্ধান্ত নিতে চাই। কিন্তু আমার কাছ থেকে কৌশলে টাকাটা নিয়ে ফেলে আমাকে অহেতুক ঝামেলায় ফেলে দেবেন, এমন মানসিকতা ধারণ করে অনুগ্রহ করে ব্যবসা করবেন না; ভিক্ষা করেও সম্মান নিয়ে বাঁচা যায়, অন্তত আপনাকে ভিক্ষা দেওয়ার সময় তার বিনিময়ে আমার কোনও প্রত্যাশা থাকবে না।

ব্যবসা মহৎ বৃত্তি। এখানে কমিটমেন্টের মূল্য সবচাইতে বেশি। যদি ওটা আপনার মধ্যে না-থাকে, তবে ব্যবসা আপনার জন্য নয়। আমি নিজেও ব্যবসা করতাম একসময়। কখনও কখনও ভোক্তাকে দামে ঠকিয়েছি, কিন্তু পণ্যে বা সেবায়...পূর্ণ সততা নিয়ে বুকে হাত রেখে বলতে পারি---কখনওই না! স্বেচ্ছায় কমিটমেন্ট ফেইল করার একটাও রেকর্ড আমার সারাজীবনে নেই। আমার কাছে কমিটমেন্টের দাম সবচাইতে বেশি। আমি যা আপনাকে দিতে পারব না, আমি যা আপনার জন্য করতে পারব না, তেমন কোনও প্রতিশ্রুতি আমি আপনাকে জীবন থাকতে দেব না। কমিটমেন্ট ভাঙার চাইতে ভিক্ষে করে খাওয়া ভালো। অন্যের চোখে সম্মান নিয়ে বেঁচে-থাকার চাইতে বড় সৌভাগ্য আর হয় না। আমার এক বন্ধুর কথা মনে পড়ছে। সে আমাকে বলত, বন্ধু, দুনিয়ার সবাই যদি তোর মতো হতো, তবে অন্তত টাকা রাখতে কোনও ব্যাংকের দরকার হতো না, তোর মতন কারও কাছে টাকাটা রাখা যেত।...এটি আমার সারাজীবনের সেরা সার্টিফিকেটগুলির একটি। আমার কাছ থেকে এক পয়সাও পায়, পৃথিবীতে এমন একজন মানুষও নেই। আমি যদি এই মুহূর্তেই মারা যাই, আমাকে গালি দেওয়ার জন্য একজনও পাওনাদার পাবেন না। যাঁরা কমিটমেন্ট রাখতে পারেন না, তাঁদের ব্যবসায় নামাই উচিত নয়। টাকাপয়সা ফাজলামো করার জিনিস নয়। যে কমিটমেন্ট রাখতে পারবেন না, তা দিয়ে টাকা নেওয়ার চাইতে বরং দান বা সাহায্য হিসেবে টাকাটা নেওয়া ভালো।

যে গোয়ালা দাম বেশি নিয়ে দুধটা খাঁটি দেয়, সে গোয়ালাই ভালো। যে গোয়ালা দাম কম নিয়ে দুধটা ভেজাল দেয়, সে গোয়ালা করুণার পাত্র। আপনি বলেই দেখুন না, আপনার পণ্যের/ সেবার দামটা বেশি, কিন্তু কোয়ালিটি ভালো, দেখবেন, আপনার ভোক্তা/ গ্রাহক কমবে না, বরং বাড়বে। আপনার পণ্য/ সেবা সব শ্রেণীর জন্য নয়। ভালো জিনিস কিনতে ভালো টাকা লাগবে, এটাই স্বাভাবিক। যাঁদের পকেটে ওই জিনিস কেনার পয়সা নেই, তাঁরা অন্য কোথাও থেকে কিনবেন, কিন্তু কেনার পর কেউ আপনাকে গালাগালি করবেন না। লোকের গালি না-খেয়ে ব্যবসা করার চাইতে গৌরবের আর কী আছে?

তবে সুখের কথা, অনেক ব্যবসায়ীই ভালো, কমিটমেন্ট ঠিক রাখেন। আপনার জানামতে এমন কিছু ব্যবসায়ীর কথা এই পোস্টের কমেন্টে জানাতে পারেন। আমরা ওঁদের ধন্যবাদ জানাতে চাই। ভালো মানুষ নিশ্চয়ই শ্রদ্ধার যোগ্য।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *