তোমাকেই শুধু মিস করি না, তোমার ছোঁয়াটাও মিস করি। তোমার গায়ের গন্ধ, তোমার উষ্ণতা, তোমার কাছে গেলে বুকের ভেতরটা যেভাবে নরম হয়ে আসত—সব কিছু। কখনো কখনো খুব ইচ্ছে করে, সব ছেড়ে শুধু একবার তোমার কাছে গিয়ে দাঁড়াই। কিছু বলব না, কিছু চাইব না, শুধু একটু কাছে থাকব। মনে হয়, তাহলেই হয়তো এই অস্থিরতাটা একটু কমবে।
আমার কান্না, অভিমান, অস্থিরতা, এসব হয়তো তোমার কাছে অনেকসময় বেশি বেশি মনে হয়েছে। হয়তো মনে হয়েছে, আমি অযথা জটিল করছি, বেশি ভাবছি। কিন্তু সত্যি বলতে, আমি অনেক দিন ধরেই নিজের ভেতরের কথা চেপে রেখেছি। অনেক কিছু বলিনি, শুধু সহ্য করেছি। আর মানুষ যখন অনেক দিন নিজের কষ্ট চুপ করে বয়ে বেড়ায়, তখন একসময় ছোটো ছোটো জিনিসেও ভেঙে পড়ে। বাইরে থেকে সেটা বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু ভেতরে তখন অনেক কিছু জমে থাকে।
তোমাকে আমি খুব ভালোবেসেছি। এতটাই যে, অনেকসময় নিজের কথাই ভুলে গেছি। তোমার কাছে এলে আমি কেমন নরম হয়ে যাই, সেটা আমি নিজেও টের পেতাম। তোমার পায়ে চুমু খেতাম, এটা কখনও আমার কাছে অদ্ভুত কিছু মনে হয়নি। মনে হতো, এভাবেই তো ভালোবাসি আমি। খুব আপন করে, খুব ভেতর থেকে। এমনও হয়েছে, তুমি চোখ বন্ধ করে আছ, আর আমি চুপচাপ তোমার কাছে ঝুঁকে থেকেছি, নিজের মতো করে তোমাকে ভালোবেসেছি। আমি ভাবতাম, তুমি বুঝতে পারোনি। এখন মনে হয়, হয়তো বুঝতে। শুধু কিছু বলোনি।
এই না বলাটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। কেউ যখন সব বুঝেও চুপ করে থাকে, তখন তার চুপ থাকাটাও একধরনের দূরত্ব হয়ে যায়। আমি কখনও তোমার কাছে খুব বেশি কিছু চাইনি। শুধু চেয়েছিলাম, তুমি একটু বোঝো, একটু টের পাও, আমি কোথায় ভেঙে যাচ্ছি। তুমি যখন বলো, আমার একটু স্পেস দরকার, তখন আমি ভাবি, হ্যাঁ, দরকার। কিন্তু তোমার থেকে দূরে যাবার জন্য না। দরকার, কারণ তোমাকে ভালোবাসতে ভালোবাসতে আমি নিজের ভেতরেই দমবন্ধ হয়ে গেছি।
আমি ক্লান্ত হয়ে গেছি নিজেকে ইগনোর করতে করতে। নিজের কষ্টটাকে ছোটো করতে করতে। নিজের দরকারগুলো সরিয়ে রাখতে রাখতে। শুধু যেন কিছু নষ্ট না হয়, শুধু যেন সম্পর্কটা কোনোভাবে টিকে থাকে, এই ভেবে আমি কত কিছু মেনে নিয়েছি। এখন বুঝি, শুধু ধরে রাখলেই সব ঠিক থাকে না। একজন মানুষ যদি ভেতরে ভেতরে শেষ হয়ে যেতে থাকে, তাহলে সম্পর্ক বেঁচে থাকলেও তার ভেতরের মানুষটা আর আগের মতো থাকে না।
সবচেয়ে বেশি ভয় লাগে এই ভেবে যে, আমি যদি সত্যিই সরে যাই, তাতে হয়তো তোমার খুব বেশি কিছু বদলাবে না। হয়তো তুমি মানিয়ে নেবে। আর আমি? আমি তো অনেক দিন ধরেই তোমার অল্পটুকু নিয়েই বেঁচে আছি। তোমার নীরবতা নিয়ে, তোমার দূরত্ব নিয়ে, তোমার কমে-যাওয়া আদর নিয়ে। তবু তোমাকেই ধরে আছি। এটা স্বীকার করতে কষ্ট হয়, কিন্তু এটাই সত্যি।
রাতে মাঝে মাঝে মনে হয়, যদি সত্যিই তুমি আর কিছু ফিরে পেতে না চাও, তাহলে আমি এখনও কেন জেগে আছি? কীসের অপেক্ষায়? কীসের আশায়? একটা মানুষকে এত ভালোবেসে যদি শেষে তার কাছেই সবচেয়ে বেশি একা লাগে, তাহলে সেই ভালোবাসার ভেতরে আর কতদিন থাকা যায়?
তবু সত্যিটা বদলায় না। আমি এখনও তোমাকেই চাই। তোমার গন্ধ, তোমার আলিঙ্গন, তোমার কাছে গিয়ে একটু চুপ করে থাকার অনুভূতিটা, এসব এখনও আমার ভেতরে রয়ে গেছে। কিন্তু এর পাশেই আরেকটা সত্যি ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। এভাবে ভালোবাসা যায় না, যেখানে একজন মানুষ বার বার ভাঙে, আর অন্যজন সেটা দেখেও চুপ করে থাকে। এভাবে থাকতে থাকতে মানুষ একসময় নিজের কাছেই অপরিচিত হয়ে যায়।
আমি যদি কোনোদিন সত্যিই চলে যাই, সেটা ভালোবাসা ফুরিয়ে যাবার জন্য হবে না। বরং এত বেশি ভালোবেসেও এত কম পাওয়া, এতটা মন খুলেও এতটা একা থাকা, এসব একসময় আর সহ্য হয় না বলেই হবে। কারণ একটা সময়ের পর মানুষ শুধু সম্পর্ককে নয়, নিজেকেও বাঁচাতে চায়।
আর আমি অনেক দিন শুধু তোমাকেই বাঁচিয়ে রেখেছি। এবার একটু নিজেকেও বাঁচাতে ইচ্ছে করে।
নতজানু রাত
লেখাটি শেয়ার করুন