এক।
চাঁদপুরে গিয়েছি বেড়াতে। রূপসা জমিদারবাড়ি দেখে ফিরছি অটোতে। গ্রামের মেঠো পথধরে তিনচাকা ছুটছে। হঠাৎ করেই রাস্তার ঠিক মাঝখানে একটা কুকুর এসে দাঁড়াল। কুকুরটা তার মুখ আকাশের দিকে নেকড়ের মতো উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। একটুও নড়ছে না। অটোর হর্ন বাজছে। কুকুরটা থেকে একটু দূরে অটো দাঁড়িয়ে। কুকুরের সেদিকে কোনও ভ্রূক্ষেপ নেই। পাত্তাই দিচ্ছে না সে আমাদের! স্থিরদৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। চোখেমুখে তাচ্ছিল্যের ভাব…যাহ্ ব্যাটা, গুনলাম না তোরে! কী হইসে?...পরে আমাদের ড্রাইভার হর্নবাজানো বন্ধ করে রাস্তায় নেমে কুকুরটাকে সরিয়ে দিলেন।
ব্যাপারটা আজব না? কেন কুকুরটা এমন করল? সম্ভাব্য কয়েকটা কারণ দাঁড় করানো যায় এর পেছনে। হয়তো সে প্রেমে হতাশ। হয়তো তার ক্রাশ তার মেসেজ সিনই করছে না অনেক দিন ধরে। হয়তো সে ফেসবুকে লাইক পায় না ঠিকমতো। হয়তো তার ভুঁড়ির কারণে তার ছয় নাম্বার গার্লফ্রেন্ড তার চার নাম্বার এক্সের পাঁচ নাম্বার এক্সের হাত ধরে কক্সবাজার পালিয়ে গেছে। হয়তো সে অঙ্কে কিংবা ইংরেজিতে দুর্বল। হয়তো তার মন বসে না পড়ার টেবিলে। হয়তো সামনের ভালোবাসা দিবসটাও তার একা একা কাটবে। হয়তো সে পৃথিবীর অনেক রহস্যের কোনও কূলকিনারা করতে পারছে না। হয়তো তার বউ অনেক দিন ধরেই রাগ করে না, তাই বাপের বাড়ি যায় না। হয়তো তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে অন্য ঘরে। হয়তো সে ড্রাগ-অ্যাডিক্টেড কিংবা ড্রিংক করে এসেছে। হয়তো সে আবিষ্কার করেছে ফেসবুকে যার সাথে এত দিন ধরে সে প্রেম করে আসছে সে আসলে একটা ছেলে-কুকুর। হয়তো এমন কেউ তাকে ভাইয়া ডেকেছে যাকে সে বোন বলে মানতেই পারছে না। হয়তো এসবের কিছুই না, সে হুদাই রাস্তায় দাঁড়িয়ে পার্ট নিচ্ছিল!
বুঝলাম, তার কয়েক ছটাক মোটিভেশন দরকার। তারে বলে দিয়ো সে যেন এসে যায় সময়মতো নেক্সট ক্যারিয়ার আড্ডা-য়…আগামী শনিবার সকাল ৯টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে।
দুই।
সম্প্রতি ভাইরাল-হওয়া একটা জীবনমুখী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিডিও (লিংক) আমার কাছে আছে। তো এটা জোগাড় করার জন্য আমি বেশ কিছু দিন ধরেই বিশেষ উদগ্রীব হয়ে ছিলাম, এবং অবশেষে…আমি পাইলাম, ‘আমি ইহাকে পাইলাম।’ কাহাকে পাইলাম। এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে?...সে মানবী আবার আমার অন্যতম ক্রাশ, বয়সে আমার চেয়ে মাত্র কয়েক বছরের বড়। দেখলেই বুকের মধ্যে উথালপাথাল ঝড় ওঠে, ‘সে আমার নয়’ এটা বলেও নিজেকে সামলে নিতে কষ্ট হয়। তাকে নিজের করে পেয়ে খুব যত্নে রেখে দিলাম নানান জায়গায়। লিংক চাহিয়া যাদের লজ্জা দিয়েছি, তাদের মধ্যে একজনের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, কেননা সে না থাকলে জীবনটা এত মিষ্টি হতো না! এমন জীবনঘনিষ্ঠ ভিডিওচিত্র শুধু দেখতেই ইচ্ছে করে দেখতেই ইচ্ছে করে…বাঁচতে হলে তো দেখতে হবে। আর আমার মধ্যে তো কোনও ঈর্ষা নেই, শুধুই বুকভরা ভালোবাসা আছে---তাই অন্যের সুখ দেখলে আমি হাসিমুখেই তা সহ্য করতে পারি!
তো সেদিন কিছু কলিগের সাথে গল্প করার একফাঁকে একজন লাজুক হাসি দিয়ে বললেন, ভাই, তুমি এটা কোথায় পেলে? আমিও তো মনে মনে খুঁজছিলাম এটা। আমাকেও একটু ফরওয়ার্ড করে দাও না কষ্ট করে।…সাথে সাথেই দিলাম। এসব জিনিস দিতেও শান্তি। কবিগুরু বলেছেন, শেয়ারিং ইজ কেয়ারিং। মুখে যা-ই থাকুক না কেন, সব ছেলেরই মনে এক! জনসেবায় কার্পণ্য আমার কোনও কালেই ছিল না, এখনও নেই। তার উপর এমন উপাদেয় জিনিস একা একাই দেখলে পাপ হবে…পাপ! দেখলাম, অন্যরা বলছেন, ভাই, তুমিও এসব রাখ? তুমি এরকম! ছিঃ ছিঃ! আমি মনে মনে বললাম, আমি তো ভালা না, ভালা লইয়াই থাকো।…সক্রেটিস বলে গেছেন, চৌধুরী সাহেব, মনে রাখবেন, খাপে ভরে রাখলে বন্দুক অদৃশ্য হয় বটে, কিন্তু অচল হয়ে যায় না!
আমার সেই কলিগটি কেমন জানি সংকোচে কুঁকড়ে গেলেন, ‘না মানে, ইয়ে মানে, আসলে আমি এগুলো…’ জাতীয় কথাবার্তা বলে নিজেকে ‘ভালো ছেলে’ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন।…যাদের সাথে আছি তাদের সবাই খারাপ, আমিও খারাপ, এটা মানা যায়। কিন্তু সবার মধ্যে আমি একাই খারাপ, এটা মানতে কষ্ট হয়। ‘তুমি একাই ভালো’ এটা মানা যত আনন্দের, ‘তুমি একাই খারাপ’ এটা মানা ততই কষ্টের। খারাপ হতে হয় সবাই মিলে, আর ভালো হতে হয় একা একা।
…যা-ই হোক, আমাকে একটুও বিস্মিত করে না দিয়ে ওঁরাও মিনিট দশেকের মধ্যে আমাকে আমতা আমতা করে বললেন, ভাই, তোমার কাছে আছেই যখন, ইয়ে মানে, আমাদেরও একটু ফরওয়ার্ড করে দাও মেসেঞ্জারে।…বুঝলাম, আহা, বিনেপয়সার মহাপ্রসাদ থেকে কে বঞ্চিত হতে চায়! তার উপর এমন অনিন্দ্যসুন্দরীর দেহপল্লব দেখে মরে গেলেও তো চোখের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি। হিংসাই তো সব কিছু নয়। শান্তি এবং একমাত্র শান্তিই তো বেঁচে-থাকার শেষকথা! কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার দুষ্টু দুষ্টু মন গেয়ে উঠতে চাইল…রসের ‘গোলক’, এত রস তুমি কেন ধরেছিলে হায়! গুডবয়ের দল ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়!
…ভাইলোগ, এক মিনিট! এখনই সিট ছেড়ে উঠে যাবেন না! সবাই শান্ত হয়ে বসুন, পিকচার আভি বাকি হ্যায়! আমার কলিগদের মধ্যে প্রথম যিনি প্রসাদ নিয়েছিলেন, তিনি খুবই শান্তসৌম্য প্রকৃতির। একেবারে নিপাট ভদ্রলোক যাকে বলে, তিনি ওরকমই। তাঁর স্ত্রী আমাকে চেনেন, মানে সবাই দূর থেকে যেমন চেনে তেমন আরকি। বাসায় ফিরে যখন স্ত্রীকে বললেন, জানো, আজকে একটা জিনিস পেলাম, এই দেখো, অমুকের ক্লিপটা। সেইরকম না?...চোখের সামনে দুইজন সুপরিচিত মুখের এমন জীবনমুখী অকপট আন্তরিক দৃশ্য দেখে ভাবি আঁতকে উঠলেন। বললেন, ছিঃ ছিঃ! এসব কী! লজ্জা করে না তোমার এসব দেখতে? তুমি তো অলরেডি মিচকা শয়তান, কেউ না জানলেও আমি তো জানি! কিন্তু সুশান্ত ভাইকে তো ভালো মনে করতাম, উনিও তো দেখি এই লাইনের! ছিঃ তোমরা ছেলেরা এরকম! শালার সব ছেলেই খারাপ!...বউয়ের এমন রিঅ্যাকশন দেখে অপ্রস্তুত হয়ে উনি অতিদ্রুত চলমান খেলাধুলা সাঙ্গ করে মুঠোফোনটি অন্য দিকে সরিয়ে রাখলেন। তখন ভাবি বললেন, এহহ্! এখন ভালো সাজো, না? ওটা বন্ধ করলে কেন? ছাড়ো!...স্বল্পবিরতির পর খেলা আবারও চলছে, ধারাভাষ্যে ভাবি স্বয়ং। একপর্যায়ে গোবেচারা-দর্শন স্বামীটিকে আবেগে বলেই ফেললেন…আচ্ছা, আমাকেও লিংকটা দিয়ে রাইখো তো একটু! ভুলে যাইয়ো না যেন আবার!
তাই তো আইনস্টাইন বলেছেন, বন্দে মায়া লাগাইছে…পিরিতি শিখাইছে…দেওয়ানা বানাইছে…কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে…
…চেতনে, অচেতনে ও অবচেতনে নির্মিত সকল জীবনমুখী লিংকের ‘ঘর্মাক্ত শ্রমিক’রা দীর্ঘজীবী হউক!
ক্যারিয়ার আড্ডা ও জীবনমুখী ফিল্ম
লেখাটি শেয়ার করুন