গল্প ও গদ্য

ডোন্ট ওয়রি লেইক পার্ক

চীনের নানজিংয়ে একটা লোকাল পার্ক আছে; নামটা খুব মজার: ডোন্ট ওয়রি লেইক পার্ক (Don't Worry Lake Park)।

ওখানে কয়েক-শো বছর আগে এক ভদ্রমহিলা থাকতেন। তাঁর জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে, তবে বিয়ে হয় এক ধনী ব্যক্তির সাথে। মৃত্যুর আগে তিনি পার্কটা এলাকার সাধারণ লোকজনের জন্য দান করে যান।

পার্কের একটা দর্শন আছে, তা হলো, মন খারাপ হলে লোকে যেন এখানে ঘুরতে আসে। ভদ্রমহিলার ইচ্ছেও ছিল তা-ই। খেলার মাঠ, হাঁটাচলার পথ, হ্রদ, বাগান-সহ আরও নানান অনুষঙ্গ পার্কটিকে আদর্শ পিকনিক স্পট হিসেবে টুরিস্টদের কাছে পরিচিত করিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই পার্কের ভেতরে মিউজিয়াম ও মন্দির আছে, যেখানে গেলে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতিকে জেনে নেওয়া যায় সহজেই।

চলে তো একদিন আমরা সবাই-ই যাব। যাবার আগে এমন কী রেখে রেখে যাচ্ছি, যা মানুষের কাজে আসবে? চীনের সেই ভদ্রমহিলা চলে গেছেন সেই কবেই, অথচ মানুষের জন্য তাঁর এই ভাবনা আজ‌ও তাঁকে বাঁচিয়ে রেখেছে অসংখ্য মানুষের মনে। সবাই আনন্দে থাকুক, কেউ যেন মন খারাপ করে না থাকে... এমন চমৎকার ভাবনা তাঁর মনে না এলে পাহাড়সম বিত্তও কি তাঁকে বাঁচাতে পারত বিস্মৃতির হাত থেকে?

কেউ বেঁচে থাকতেই মরে যায়, কেউবা মরে গিয়েও বেঁচে থাকে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *