আমাদের প্রেমে ইল্যুশন পার্টটা কি শেষ হবে না কখনও? আমি তোমার ভালোবাসা পাবার জন্য অপেক্ষা করছি না—আজও তোমাকে লিখছি, আদর করছি।
কেন জানি আজকাল অসম্ভব মনে হয় নিজেকে। তোমার কাছাকাছি যাওয়াটা যতখানি জরুরি আমার জন্য, তার থেকেও অধিক প্রয়োজন তোমাকে আমার ভালোবাসার তীব্রতা বোঝানো।
মিথ্যা জিনিসটা মানুষের এত পছন্দ কেন, বলতে পারো? এসব পাপ-পুণ্যের হিসেব করার আমি কে?
এতদিন হয়ে গেল আমাকে দেখছ, তবু বুঝতে পারছ না, আমি এই আবেগ নিয়ে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারব না। আমার একটুও অস্বস্তি হয় না, তুমি কখনও আমার বুকে হাত রাখলে। তোমার আদর আমাকে বাঁচিয়ে রাখে। আমি তোমাকে আমার গভীর অনুভূতিতে চাই, তুমি আঘাত কোরো না আমায়।
যতবার আমি তোমার শরীরটা ছুঁয়েছি, আমার বুকের ভেতরের ধড়ফড় আওয়াজটা তুমি শুনতে পাওনি বুঝি? তবে, এমন কেন করছ?
তোমার যাকে ছাড়া নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হবে, সেই মানুষটাই তোমাকে সবথেকে বেশি অবহেলা করতে জানবে। এ-ও কি পৃথিবীর নিয়ম? সে কীভাবে, কতখানি স্বস্তিতে তোমার থেকে দূরত্বে অবস্থান করছে—সে সম্পর্কে তোমার বিন্দুমাত্রও ধারণা থাকবে না।
মায়া ব্যাপারটা কেমন? মিথ্যা একটা বিষয়। তবুও, আমি কেন তোমার জন্য এত মায়া পুষে রাখছি? এই মিথ্যা আর কতকাল বয়ে বেড়াতে হবে আমায়? তুমি আমার শরীরের সাথে তোমার শরীরটা মিশিয়ে রাখবে?
আমি তোমাকে আমার সকল দুঃখ প্রকাশ করতে চাই। আর ভালোবাসা? ভালোবাসার প্রকাশটা এত সহজে হয় না কেন? আমার সুস্থ হতে খুব ইচ্ছে করে—শুধু তোমাকে পাবার জন্য। আর যদি না হতে পারি...আমি খুব চেষ্টা করে, কোনো এক দুর্ঘটনায় নিজেকে সঁপে দেবো।
এলোমেলো লাগছে খুব, তোমাকে যা লিখেছি, সবটাই তোমার কাছাকাছি থাকব বলে। তোমার কাছে আসতে দেবে একবার, তোমার নিঃশ্বাস আমার চোখে রাখবে, বলো? আমি না থাকলে তোমার কিছুই এসে যায় না—এই ব্যাপারটাই আমাকে ভীষণ কষ্ট দেয়, ভীষণ।
চোখে-রাখা নিঃশ্বাস
লেখাটি শেয়ার করুন