তুমি কখনো আমার কোনো লেখা পড়ে কেঁদেছ? তোমার চোখে একবার জল এসেছিল; তুমি মিথ্যে বলোনি। সেই কথাটি পড়ে—যে-কথাটি এই পৃথিবীর কাউকে আমি কখনোই বলিনি। সেদিন দুর্ভাগ্যক্রমে আমাদের দেখা হয়নি।
এরপর থেকে আমাদের যতবার দেখা হয়েছে, প্রতিক্ষণে তুমি আমায় ডেকেছ এক অজানা আতঙ্কে, মনের ভেতরে চাপা-পড়ে-থাকা অশুভ সংকেতের আঁচ পেয়ে। সত্যিই তুমি পেরেছিলে আমাকে বাঁচিয়ে রাখতে।
এ সবই যে একরকমের চেষ্টা, এ আমি জানি। তুমি কেন চাও আমার ভালোবাসা পেতে? অথচ তুমি প্রকাশ করবে না। তবু জানো, এমন নিয়মও উপেক্ষা করার কৌশল প্রকৃতি রেখেছে—নিঃশব্দে নিশ্চিহ্ন হওয়া। এ যেন নিজের সঙ্গে নিজের অদ্ভুত এক অভিসন্ধি।
অযথাই কি ভালোবাসা বাঁচে? তুমি যতটা অস্থির হয়ে উঠেছিলে, ওটাকে কি হারানোর ভয় বলে? আমি খুব ভালো করে জানি, কোন শব্দের পর কোন শব্দ রাখলে তুমি অস্থির হবে। এতদিন হয়ে গেল, তোমাকে নিয়ে লিখছি, এটুকু তো বোঝারই কথা।
ভালোবাসার এক আশ্চর্য রকমের নিয়ম আছে, জানো—একজনকে একতরফাভাবে হেরে যেতে হয়। দু-জনের মধ্যে কে এই দায়িত্বটা নেবে, ব্যাপারটি নিশ্চিত হবার কোনো সুযোগ নেই।
সম্ভবত আমি ফিরে এসেছি পেছনের সময়গুলোতে।
নিঃশব্দ অভিসন্ধি
লেখাটি শেয়ার করুন