জন্মসূত্রে আমি কিছু দুঃখ পেয়েছি। ওদের আমি সঙ্গে নিয়ে চলি।
উত্তরাধিকারসূত্রে পাওয়া কিছু অপ্রাপ্তির ভার অদৃষ্টের কাঁধে চাপিয়ে আমি বিষাদ ফেরি করে বেড়াই।
আমার এ জীবনে আজন্মই কিছু ধূসর বেদনার রঙে সব সুখ চাপা পড়ে যায়, অনাহুত কিছু বিতৃষ্ণার জাঁতাকলে পিষ্ট হয়ে আমার জীবন গলে গলে নিরাকার হয়ে মিশে যায়।
শুনুন মশাই, আমি জন্মসূত্রে পাওয়া বেশ কিছু দুঃখ যত্ন করে জমিয়েছি।
মানুষ স্বর্ণ জমায়, অর্থবিত্ত জমায়, জায়গাজমি কিংবা দালানকোঠা জমায়; অথচ আমাকে দেখুন, আমি কী এক সুখে দুঃখ জমাই...
হরেক রঙের হরেক আকারের দুঃখ আমার কাছে জমা আছে। কিছু দুঃখ গলায় বেঁধে রাখি, কিছু দুঃখ হৃৎপিণ্ডে, কিছুবা মগজে; আবার কিছু দুঃখ খুব গভীরে, রক্তের প্রতিটি কোষে বিচরণ করে।
আসুন মশাই, বসুন পাশে! কী খাবেন বলুন! ... বেদনার রং-মেশানো লেবু-চা? না কি অবসাদের বিশ্বস্ত মিশেলে তৈরি নীল-কফি?
দুঃখসংগ্রাহক
লেখাটি শেয়ার করুন