যে তোমাকে ছোটো করে আনন্দ পায়,
তাকে আনন্দ পেতে দাও।
যে তোমাকে দমিয়ে রেখে বড়ো হতে চায়,
তাকে তা-ই হতে দাও।
যে তোমাকে কষ্ট পেতে দেখে সুখ পায়,
তাকে সুখ পেতে দাও।
যে তোমাকে ভয়ের মধ্যে রেখে জিতে যায়,
তাকে জিততে দাও।
যে তোমার শান্তি নষ্ট করে শান্তিতে ঘুমায়,
তাকে ঘুমাতে দাও।
যে তোমার মনের ঐশ্বর্য ধ্বংস করে হাসে,
তাকে হাসতে দাও।
যে তোমার সাথে ঝামেলা করে জিততে চায়,
তাকে জিতিয়ে দাও।
যে তোমার অভিনয় পেয়েই তুষ্ট হতে চায়,
তাকে তুষ্ট হতে দাও।
যে সবসময়ই দুর্ব্যবহার করে ভালো থাকে,
তাকে ভালো থাকতে দাও।
যে চেঁচিয়ে কথা বলে স্বস্তি পায়,
তাকে স্বস্তি পেতে দাও।
যে তোমাকে উপেক্ষা করে জয়ী হয়ে যায়,
তাকে জয়ী হতে দাও।
যে তুমি ভয়ে তটস্থ থাকলে প্রভুত্বের স্বাদ পায়,
তাকে তা-ই পাইয়ে দাও।
যে সন্দেহে বেঁধে কথার বাণে রক্তাক্ত করে,
তাকে আরও বাঁধতে দাও।
যে ভালোবাসার অজুহাতে অশান্তিতে রাখে,
তাকে শান্তি লুটতে দাও।
দেবে, তার কারণ এ নয় যে
তুমি তাকে ভালোবাসো।
বরং দেবে, এজন্যই যে
সে তোমাকে ভালোবাসে;
আর ভালোবাসে বলেই
স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে,
দেরি হয়ে যাবার আগেই
নিশ্চিত মৃত্যুর হাত থেকে
নিজেকে বাঁচাতে
এই সম্পর্ক ছিন্ন করে
তোমাকে পালাতে হবে।
জিতিয়ে দিয়ে বাঁচা
লেখাটি শেয়ার করুন