Bengali Poetry (Translated)

নিরর্থ দীর্ঘশ্বাস

মৃত্যু কি আর কড়া নেড়ে আসে!




এই যে অসুস্থ হই মাঝে মাঝে,
শরীরটা খারাপ যায় হঠাৎ হঠাৎ...
আর মনখারাপ...সে তো মামুলি ব্যাপার!
এইসব...হতেও তো পারে...মৃত্যুরই পূর্বাভাস!
...কে বলতে পারে!




টুক করে মরে যদি যাই...
লোকে টুক করেই মরে...খোঁজ নিয়ে দেখুন...
তো হ্যাঁ, যা বলছিলাম...অমন করেই চলে যদি যাই...
যা যা করিনি...ইচ্ছে ও সামর্থ্য থাকার পরেও,
সেইসব কাজ কিংবা নিছকই পাগলামি...অর্থহীন হোক যতই,
না-করলেও-চলে ধরনের কাজ হলেও...
আসুন, করে ফেলি মরার আগেই...
আফসোসহীন মৃত্যুর চাইতে বড়ো ঐশ্বর্য যে আর নেই!




কাজে না লাগুক, মনে যদি লাগে আর পকেটে যদি কুলোয়,
বিক্রেতার হাত বদলে তা আশ্রয় নিক আমাদের চোখের সামনে।
শখ পূরণ না করেই মরে গেলে ওদের কারুরই কিছু এসে যায় না,
যাদের জন্য আমরা পয়সা জমাই।
মনে যা লাগে, তার চেয়েও কাজের কিছু কোথাও কি আছে!




পয়সা জমিয়ে জমিয়ে আয়ু ফুরোনোর সত্যিই কোনও মানে নেই।
আমরা চলে গেলে থেকে যায়...
আর্থিক সঞ্চয় এবং নিরর্থ দীর্ঘশ্বাস।
লেখাটি শেয়ার করুন

One response to “নিরর্থ দীর্ঘশ্বাস”

  1. অনেক লেখা দেখেছি,পড়েছি।তবে ডেসক্রিপশন বক্সে বা লিংকে এসে কোন লেখা পড়া হয়নি। আজ হঠাৎ চলে আসলাম পড়তে। এতো ভালো লেখেন আপনি যে কি বলবো ভাষা খুজে পাচ্ছিনা।।
    অনেক মন খারাপ হলে আপনার কিছু কিছু লেখা পড়ি। মনে করি। ভালো লাগে।একধরনের শক্তি খুজে পাই।। যখন খুব ভেঙে পড়ি তখন কিছু মানুষকে মনে করি…১। বাবা-মা।২.সমরেশ মজুমদারের লেখা সতকাহনের দীপাবলি।৩. সুশান্ত পাল।।

Leave a Reply to Sumiya smu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *