গল্প ও গদ্য

ছুটির চার দিন

এক মেয়ে; পঙ্গু, হাঁটতে পারে না। ফলে তার দূরে কোথাও বেড়াতে যাওয়া হয় না। তার কাছে পৃথিবী বলতে ঘর, বাগান, আর দু-একটা পরিচিত রাস্তা। সে কখনও ভাবেও না, পরিবারের বাইরে কেউ তাকে সময় দেবে। পঙ্গু মানুষের ভালোবাসাও যে সবার চোখে পঙ্গু! যে নিজেকেই ব‌ইতে পারে না, কী লাভ তাকে সময় দিয়ে?

কোনও এক শীতে, খুব কাছের নয়, এমন এক বন্ধু তার বাড়িতে বেড়াতে আসে এবং চার দিন তাকে সময় দেয়, তার সমস্ত কথা চুপচাপ শোনে। এমন নয়, সে মেয়েটির দুঃখ দূর করতে পেরেছে, সে কেবলই তাকে আন্তরিক সময় দিয়েছে। এরপর সে চলে যায়। মেয়েটি ভেবেই পায় না, তার এইসব অনর্থক দুঃখকথা হজম করতে গিয়ে কেন ছেলেটি পুরো ছুটিটাকেই এমন মাটি করে দিল!

জীবনে প্রথম বারের মতো মেয়েটি বুঝতে পারে, বিনা স্বার্থে তার একাকিত্বের সঙ্গী হতে রাজি হয়েছে যে মানুষটি, এক সে বাদে আর কেউই তার বন্ধু নয়, স্রেফ পরিচিত। বিনিময়ে কিছুই পাবে না জেনেও সময় দেবার মানুষ আছে যার, সে কিছুতেই একা নয়। বন্ধু নেই যার, সে-ই প্রকৃতপক্ষে পঙ্গু।

সত্যিকারের বন্ধু জীবনে হঠাৎ আসে; আগে থেকে অমন বন্ধুত্বের খোঁজ কেউ তেমন একটা পায় না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *