আমি একটা নষ্ট জীবন যাপন করছি। জানেন, নারীকে কেন প্রকৃতি এত কোমল আর সুন্দর করে গড়েছে? কারণ সে প্রকৃতিকে ধারণ করে, বহন করে। নারী মানেই ভালোবাসার প্রতিচ্ছবি। কিন্তু যখন সে ভালোবাসার না হয়ে অন্য কিছুর হয়ে ওঠে, তখনই সৃষ্টির মধ্যে বিশৃঙ্খলা আসে। আমার নারীবাদী চিন্তা আমাকে কখনোই সুখ দেয়নি, শুধু কষ্টের বোঝা বাড়িয়েছে। কারণ, যখন নারী ভালোবাসার নয়, তখন সে কেবলই ভোগের সামগ্রী হয়ে যায়।
আমি একটা স্বাধীন, স্বনির্ভর জীবন চেয়েছিলাম। স্বাধীনতা পেয়েছি, কিন্তু ভালোবাসার প্রয়োজনীয়তাটা ভুলে গিয়েছিলাম। আপনাকে যখন মনে পড়ে, তখন প্রথম বারের মতো ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু বাস্তবে যখন কাছে আসব, তখন কেবল শরীর, স্পর্শ, আকাঙ্ক্ষা— ভালোবাসার জন্য আলাদা করে সময় থাকে না, অনুভূতির গভীরতা থাকে না। আমি জীবনে যাকেই ভালোবাসতে চেয়েছি, তাকে কখনও কাছে পাইনি।
এই যেমন, আমার ইচ্ছে করে আপনি আমার কোলে শুয়ে থাকুন। আমি আপনার চুলে আলতো করে হাত বুলিয়ে দেবো। আপনার গালে একলক্ষ চুমু খেতে ইচ্ছে করে, আরও অনেক কিছু করতে ইচ্ছে করে। কিন্তু আপনার এসব কিছুই ইচ্ছে করে না। একেকজনের ইচ্ছে একেকরকম। তাই দূর থেকেই একলা-একলা ভালোবাসি— কোনো প্রত্যাশা ছাড়াই, শুধু নিজের মতো করে।
যাপিত নষ্ট জীবন
লেখাটি শেয়ার করুন