গল্প ও গদ্য

ভাত ও শীৎকার

আমি বলতে থাকব তোমার অবহেলার কথা,
আমি বলতেই থাকব তোমার আমাকে ফেলে পালিয়ে যাবার কথা।
আমি হেরে যাই কিংবা জিতে যাই, যা-ই আসুক জীবনে, আমাকে হারিয়ে ফেলার পরাজয়টা তোমাকে জিততে দেবে না।
আজকের তারিখটা দেখো, আমার কথা মিলিয়ে নিয়ো।

আমি বলে-কয়েই হারিয়ে যাব।
লোকে দেখবে, দেখবে তুমিও, আর বলবে... এমন করেও হারিয়ে যাওয়া যায়!
পেটের ক্ষুধার সাথে যার পরিচয় আছে, একমাত্র সে-ই জানে, ক্ষুধা পেলে মানুষ কীভাবে অনায়াসে ভাত চুরি করে খেতে পারে।
পেটের ক্ষুধা নিয়ে তো কত কথা, অভিযোগ, অশ্রু....

কিন্তু মাঝরাতে শীৎকার দিতে চাইবার মতন ক্ষুধা ক-জনের আছে?
যাদের আছে, তাদের মধ্যে কয়জন সেই ক্ষুধার কথা সাহস করে বলতে পারবে?
যে দু-চারজন বলতে পারবে, তাদের কয়জন সেই ক্ষুধার কথা লিখতে পারবে?

এই যে আমি, আমি একাই পেরেছি।
তোমরা মুখ বুজে সতী, সাবিত্রী হয়ে থাকো।
যাও, এবার তোমাদের একটা কাজ দিলাম,
গিয়ে আমাকে থুথু দাও, ছিঃ ছিঃ করো।
শুধু মনে রেখো, এই আমিই কিন্তু তোমাদের হয়ে তোমাদের ক্ষুধার কথা লিখেছিলাম, আর তোমরা আমাকেই সমাজচ্যুত করলে!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *