গল্প ও গদ্য

আঘাতের উত্তর-আলো

আমি দুঃখ পেয়েছি, এর মানে এ নয় যে, আমার অন্যকে দুঃখ দিতে হবে।
আমার মন বিষণ্ন, এর মানে এ নয় যে, আমার এ বিষণ্নতা ছড়িয়ে দিতে হবে।
কেউ আমায় কষ্ট দিয়েছে, এর মানে এ নয় যে, আমারও কাউকে কষ্ট দিতে হবে।
আমাকে ভুল করে আহত ও রক্তাক্ত করা হয়েছে, এর মানে এ নয় যে, এর বদলে ইচ্ছে করে আঘাত করে রক্ত ঝরাতে হবে।
আমার ঘরে শান্তি না থাকার অর্থ এ নয় যে, অন্যের ঘরের শান্তি আমার অসহ্য লাগবে।
আমি এবং আমার ভেতরের আমি, এ দু-জন মিলে আমাদের যা-কিছু ব্যথা, তা সারানোর জন্য লড়াই করে যাব আর কাউকে ব্যথা না দিয়েই। এর নাম‌ই নিজেকে সারিয়ে তোলা।
এ এক অনন্ত যাত্রা, নিজের সাথে নিজেকেই পথ চলতে হয় এ যাত্রায়।
কোনও দোষ না করেও দোষী সাব্যস্ত হলেই নির্দোষ মানুষকে কষ্ট দিতে হবে, এমন মানসিকতা ধারণ করে যে, তার আত্মা মরে গেছে বহুদিন আগেই।
প্রতিশোধ নেবার মানে যে অন্যায় করেছে, তাকে শাস্তি দেওয়া; আমার সাথে অন্যায় করা হয়েছে বলেই যে কার‌ও প্রতি অন্যায় করার অধিকার ফলানো নয়। আর‌ও ভালো হয়, যদি ভুলে যাওয়া যায়, যদি ক্ষমা করে দেওয়া যায়; ওতে সময় বাঁচে, অধিক শান্তি মেলে, মনের শক্তি বাড়ে।
আঁধারে পথ চলতে গেলে একটা শুদ্ধ আত্মা লাগে, সেই শুদ্ধ আত্মার নিবিড় পরিচর্যা লাগে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *