তুমি আমাকেও রাখবে না, আবার নিজেকেও রাখতে দেবে না কাউকে। এ কেমন জীবন তোমার? কী ভেবেছ তুমি? আমি কারও ঘরে যাই আর তুমি জিতে যাও! এত সহজ সবকিছু?
নিজের সাথে অন্যায় করেছি আমি; যে কাজ করলে অপরাধবোধে ভুগতে হয়, সেটা আমি কেনই-বা করতে গেলাম! তোমার কাছ থেকে সরে যাবার চেষ্টা করতে গিয়ে ভুল পথ বেছে নেওয়া ঠিক হয়নি।
আমার ক্ষীণ আশা ছিল, তুমি আমাকে অন্য কোনও ছেলের কাছে যেতে নিষেধ করবে, কিছুই বললে না তুমি! একটুও বাধা দিলে না! বরং উলটো যেন পথ এগিয়ে দিলে! আমি কার সাথে মিশলাম না মিশলাম, তাতে তোমার কিছুই এসে যায় না, জানি; তবু আমাকে যদি এক বার বলতে যে তুমি আমার এসব কাজ পছন্দ করো না... আমি নিজের সাথে এই অন্যায়টা কখনোই করতাম না। নিজেকেই ঘৃণা হচ্ছে এখন। তোমার উপর অভিমান করে এ কী করলাম আমি!
আমার মনে হচ্ছে, আমরা দু-জন একা একা বাঁচব শেষ পর্যন্ত, ঘরসংসার এসব আমাদের জন্যে নয়। অবশ্য, তাতেও দুঃখ নেই, আর কয় বছরই-বা বাঁচব? জীবনে নতুন করে ঘটার কিছুই আর নেই, এবার সবকিছু গুটিয়ে মহাকালের গর্ভে হারিয়ে যাবার প্রস্তুতি নিতে হবে।
আমার শেষসময় যখন উপস্থিত হবে, লাস্ট মেসেজটা আমি তোমাকে দিতে চাই। খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছে, তুমি আমার কাছ থেকে এটা ডিজার্ভ করো... জানি না কেন এমন অদ্ভুত চিন্তা করছি!
আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো বলেই আমায় রাখতে চাও না? না কি আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি অন্য কারও হতে চাও না?
অভিমানের আত্মঘাত
লেখাটি শেয়ার করুন