একটা সময় আপনার ব্যস্ততা বেড়ে যাবে, কাউকে সময় দেবার মতন সময় কমে যাবে। আপনার তখন উদ্বৃত্ত সবকিছুই থাকবে... এক সময় বাদে।
যার কাছ থেকে সময় পাবার জন্য আপনি দু-হাতভর্তি সময় ও বস্তাভর্তি ইচ্ছে জমিয়ে রাখতেন, একসময় দেখবেন, তারই জন্য আপনার সময়ই মিলছে না। তার সাথে সময় কাটানোর তীব্র ইচ্ছে বেঁচে আছে যদিও, তবু সময়টুকুই নেই।
একসময় দেখবেন, যার সাথে একবার দেখা করার জন্য সব কাজ বাদ দিয়ে হলেও তার সাথে দেখা করাটাকে গুরুত্বপূর্ণ ভাবতেন, সময়ের বিবর্তনে তার সাথে দেখা করা বাদ দিয়ে অন্য সব কাজ করাটাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি বাধ্য হবেন নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে। সময় একদিন মানুষকে সবই দেয়, কেবল সময় দেয় না।
জীবনটা এমনই---ঘড়ির কাঁটার মতন... যে ১২টায় ভরদুপুর হয়, ঠিক সেই একই ১২টার কাঁটায় আবার পূর্ণরাতও হয়। যে কাঁটায় আলো আসে, সেই একই কাঁটায় আঁধারও আসে।
জীবন পালটায়, সময় পালটায়। একটা সময় দেখবেন, প্রয়োজন কিংবা প্রিয়জন দুই-ই পালেটে গিয়ে, কখনোবা গুরুত্ব হারিয়ে ছুড়ে-ফেলে-দেবার টিস্যুও হয়ে যায়। সময় মানুষকে ফানুস বানিয়ে কোথায় যেন উড়িয়ে নিয়ে যায়...
তারপর অনেক অনেক বছর পর যখন পেছন ফিরে তাকাবেন, দেখবেন, আপনার জীবনে থাকা খুব প্রিয় অনেকেই ভীষণ অপ্রিয় হয়ে গেছে, আবার খুব অপ্রিয় কেউ ভীষণ প্রিয় হয়ে গেছে। দেখবেন, এমনও অনেক মানুষ ছাড়াই আপনি খুব ভালো আছেন, যাদের ছাড়া এক দিনও বাঁচার কথা চিন্তাও করতে পারতেন না। আবার, এমনও কিছু মানুষ নিয়ে জীবন পার করে দিচ্ছেন, যাদের সাথে নিয়ে থাকার তেমন কোনও প্ল্যানই আপনার ছিল না। আপনার জীবনে একসময়ের কিছু গুরুত্বপূর্ণ মানুষের কথা আর কখনও আপনার মাথায়ও আসবে না একদিন। মানুষকে শেষমেশ অচেনা মানুষের সঙ্গেই বাঁচতে হয়।
জীবনটা একটা না-পড়া থ্রিলার বইয়ের মতন, শেষ পৃষ্ঠায় কী আছে, শেষ পর্যন্ত কী হবে, সেই পৃষ্ঠা অবধি না পড়ে কখনোই বোঝা যায় না। আজ যা কিংবা যাকে মনে হচ্ছে গোটা জীবনের সমান, একদিন তা কিংবা সে হয়তো হয়ে যাবে জীবনের একটা অনুচ্ছেদ মাত্র।
সময়ের ফানুস
লেখাটি শেয়ার করুন