গল্প ও গদ্য

পুড়ে যাওয়ার গন্ধ



মানুষ দূরে সরে যায়, অভ্যেস দূরে সরে না। অভিমান ভাঙে, কিন্তু অলক্ষ্যে জমে-থাকা কান্না মোছে না। ভেতরে কোথাও নীরব কেউ অপেক্ষায় থাকে—নিজেকে পুড়িয়ে, ছাইয়ের ভেতরেও যন্ত্রণা বাঁচিয়ে রাখে।

ভালোবাসা পোড়ায়, তবু তার কাছেই বন্ধক রাখি হৃদয়—কারণ সে যুক্তি মানে না। অবহেলা ঝরে-পড়া পাতার শব্দ নয়, বরং শেকড় উপড়ে যাওয়ার বেদনা।

হৃদয়ে যে থাকে, সে-ই বেশি আঘাত করে। বলেছিলাম, আমার হৃদয়টা তোমার—অথচ সেই হৃদয়ে পেরেক ঠুকে ঠুকে, পোড়ানো ছাই রেখে গেলে। তোমাকে সুবাসিত করতে নিভৃতে নিজেকে পোড়াই। রাত সারারাত আমাকে জাগাক, নিজের মতো করে পোড়াক—সেই পোড়া দাগ জন্মদাগের মতো থেকে যাক।

আমি তো পাথর। অদ্ভুত অভ্যেস—অবহেলা পেয়েও তোমার জন্য বুকের মধ্যে জায়গা রেখে দিই নীরবে। শব্দ হয় না, রক্ত ঝরে না, কেউ টেরও পায় না—শুধু বুকের একসমুদ্র ভালোবাসা শুকিয়ে যায়। কারণ ভালোবাসা ভাঙলে মানুষ কাঁদে, আর বিশ্বাস ভাঙলে মানুষ চুপ হয়ে যায়।

তোমাকে হারানোর ভয়ে পাগলের মতো কেঁদেছি। সেই দুঃসহ স্মৃতি সারাজীবন থাকবে—সেই রাত, একা, নিঃশব্দ অন্ধকারে বসে থাকা। শুধু তোমাকে হারানোর ভয়ে; শুধু চোখের জল নয়—আত্মার মর্মন্তুদ চিৎকার। প্রতিটি অশ্রু ছিল হৃদয়ের রক্তক্ষরণ।

সেদিন বুঝেছি, তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন। কী নিঃস্বার্থ, কী নির্মোহ ভালোবাসা দিয়েছি। কেঁদেছি—তার জন্য লজ্জিত নই, কারণ সেই দহন প্রমাণ করে, কতটা ভালোবেসেছি। কাউকে হারানোর ভয়ে পাগলের মতো কেঁদেই চলেছিলাম কয়েক মাস।

এখানে খুব ঝড়বৃষ্টি হচ্ছে। এ সময় একজনকে খুব কাছে পেতে ইচ্ছে করে—সে তো বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আনন্দ করছে। আমি একা। আমার ইদ নেই—শুধু রেঁধে যাওয়া, আর অতিথিদের খাওয়ানো। বিয়ের পর থেকে ইদে কোনোদিন নতুন কাপড় পরিনি। দিয়ে থাকে বোনেরা, দুলাভাই—কেউ এ পর্যন্ত পরাতে পারেনি।

তুমি আমাকে একটা জিনিস দেবে, খুব ছোটো শখের জিনিস! জানি, দেবে না—বলে কী হবে? আজ বৃষ্টিস্নাত রাতে তুমি আসবে—বাস্তবে না এলে স্বপ্নে ঠিক আসবে, আমাকে আদরে ভরে দেবে। অপেক্ষায় রইলাম, এসো কিন্তু!

প্রিয়তম, চলে এসো আজ রাতে আমার কাছে। তোমার দু-চোখ যতদূর যাবে, আমি ততদূর আছি। চলে এসো—একবার মরে যাই, বার বার প্রিয়তম। ডেকে ডেকে শব্দহীন, ছুঁয়ে দেখো এমন গহীন—এ ঘোর যেন কাটে না, প্রিয়তম।

শরীর-মনের আড়ালে তুমি আছ, তুমি আছ। এসো, ভালোবেসে একবার এলোমেলো করো—তোমাকে খুঁজছে আমার সবটা! প্রিয়তম, চলে এসো এ রাতে আমার কাছে...
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *