নিঃসঙ্গতার কি রং হয়?
যারা পাশ কাটিয়ে চলে যায়,
যেন আমি ওদের কেউ হই না,
ওরা কি সুখী খুব?
ওদের বুঝি কখনও কান্না পায় না?
যারা হাত ছেড়ে দেয়,
তাদের চাইতে অনেক বেশি কষ্ট দেয় তারাই,
যাদের হাত চাইলেই ছাড়া যায় না।
একা হয়ে যাবার ভয়ে মানুষ একা হয়ে বাঁচে।
এত এত ভিড় চারিদিকে,
মানুষের স্রোতের চাপে
আহা হাত বাড়ানোই দায়,
তবু ওদের আমি চিনি না,
ওরাও চেনে না আমাকে;
যদিও নিজের মানুষ বলতে
আমার আছে এক ওরাই!
যে জীবনে ছিলাম, তা কি তবে
ভুল ছিল এই জীবনের চেয়েও?
যে জীবনের স্বপ্নে বেঁচে আছি,
সেখানেও কি থাকবে ছড়ানো
সুখের মুখোশে দীর্ঘশ্বাস?
স্বপ্ন কি শুধুই শেকল গড়ার ছল?
রাতের ট্রেনে জানালার বাইরে দৃষ্টি ছুড়লে
দূরের অস্পষ্ট দৃশ্য ও অ-দৃশ্য
যা যা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়,
সেইসবের নাম একাকিত্ব।
যে ঘরে যায় না যাওয়া,
সেই ঘরে বেঁচে থাকার অভিনয়টুকুই আয়ু।
মুখোশের দীর্ঘশ্বাস
লেখাটি শেয়ার করুন