গল্প ও গদ্য

আটআনার আক্ষেপ

না, আমাকে এখন টাকা দিয়ো না। একেবারে ফকির হয়ে যাই, তখন আবার চাইব। তোমার কাছে চাইতে আমার ভালো লাগে।

ছোটোবেলায় স্কুলে যখন যেতাম, বান্ধবীদের বাবারা ওদের মাঝরাস্তায় কোলে নিয়ে আদর করে এক টাকা বা আটআনা দিত। আমাকে কেউ কখনও স্কুলে যাবার বা স্কুল থেকে ফিরবার সময় টাকা দিত না কেন, তা ভেবে ভেবে ওই ছোট্ট আমার‌ও তখন খুব বিষাদে ধরত। ছোট্ট আমাকে কোলে নিয়ে আট‌আনা দেবার কেউ ছিল না।

সেই ছোটোবেলায় একটাকা না পাবার তীব্র আক্ষেপ আমার অনেক যুগ থেকে গিয়েছিল। এখন আমি চাইলেই দু-পকেট অনেকগুলি একটাকার কয়েনে ভর্তি করে রাখতে পারি, কিন্তু ছোটোবেলার সেই ছোট্ট আমি'র আক্ষেপটা কমেনি আজ‌ও। কিছু আক্ষেপ সারাজীবনেও যায় না।

তোমার কাছ থেকে মাঝে মাঝে এরকম করে টাকা চাইব বাবার কাছে যেভাবে চাইতে পারতাম; এমনকী আমি চাকরি বা ব্যাবসা করে কোটিপতি হলেও আমাকে মাঝে মাঝে সামান্য কিছু টাকা দিয়ো। ছোটোবেলা শুরু হবার আগেই বাবাকে হারিয়েছি, বার্ধক্য শুরু হবার আগেই তোমাকে হারিয়ে বুড়ো হতে চাই না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *