আমার অনেক ঘা শুকিয়ে গেছে, সেই ব্যথার তীব্রতাটুকুও মনে নেই ছিটেফোঁটাও, তবুও মানুষ শুধু সেগুলো মনে করিয়ে দেয়।
একজন নিষ্পাপ মানুষকে অপরাধী করতে কিছু মানুষের হয়তো ভালো লাগে।
তবুও আমি শপথ করেছিলাম, আমি আর কখনোই কারও কোনও রকমের কথাই গায়ে মাখব না।
আমি নিজেকে কথা দিয়েছিলাম, যে-কোনও মূল্যে আমি নিজেকে ভালো রাখবই, যে-কোনও মূল্যে আমি নিজেকে সেইসব সুখ এনে দেবো, যেগুলো আমার প্রাপ্য ছিল। আমি জানি, আমি পারব।
ভালো লাগছে না কিছুই। ইচ্ছে হচ্ছে, গিয়ে তোমার বুকের উপর নিজেকে জাপটে ধরে থাকি। আমার শরীর তোমার স্পর্শ পেতে চাইছে ভীষণ। মাঝে মাঝে এমন কিছু কিছু মুহূর্ত আসে, মনে হয় যেন একমাত্র তুমি ছাড়া আর কোনও কিছুই এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। তুমিই আমার সব অসুখের ওষুধ।
আমার যদি কখনো কঠিন কোনও রোগ হয়, তুমি সেদিন আমার হাতটা ধরে অনেক সময় বসে থেকো, আমি জলদি সুস্থ হয়ে যাব। আমার বিশ্বাস, তুমি থাকলে আমার এই পৃথিবীর সব পাওয়া হয়ে যাবে।
ঠিক এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে, তোমার ঠোঁটের ভাঁজে আলতো করে ঠোঁট দুটো ছুঁয়ে থাকি। ইচ্ছে হচ্ছে তোমার বুকের ওমে, তোমার শরীরের ঘ্রাণে নিজেকে লুকিয়ে ফেলতে।
স্পর্শের আশ্রয়
লেখাটি শেয়ার করুন