তোমার সন্ধের মতো গাঢ় অন্ধকার চোখে
সেদিন ডুবে ছিল
এ শহরে আর না-ওঠা চাঁদের হাহাকার।
উর্বর জমির মতো সম্ভাবনাময় আমার হৃদয়কে
পুঁতে দিয়েছিলাম ইউক্যালিপটাসের গোড়ায়।
সেখান থেকে বেড়ে উঠেছিল সোনালতা।
হাপিত্যেশ-করা তপ্ত দুপুরে
কাঁচা রোদের সঙ্গে তার সঙ্গম
কেউ ফিরেও দেখেনি।
এখানে কেউ ফিরে দেখে না।
তুমি দেখোনি আমার বিশ্বাস।
আমি দেখিনি তোমার ভালোবাসা।
ম্লান মায়া
লেখাটি শেয়ার করুন