সুখেরা কেমন? তোমার গভীরে আমি যা খুঁজে বেড়াই...তাকেও কি সুখ বলে ধরা যায়? পরিতৃপ্তি, সৌভাগ্য কিংবা জোরালো আনন্দের কোনো অনুভূতি—কখনোই হয়ে ওঠেনি আমার লেখার মূলকণ্ঠ; তুমি তো জানো!
তুমি শুধুই আমার দুঃখ—দুঃখেরই মতো বিশ্বস্ত সঙ্গী মাত্র। স্মৃতিদের মতন বেপরোয়া যে তুমি ছিলে না কখনও, বলো... আমায় ছেড়ে যাবে না তো? সুখের স্মৃতিগুলোও পালিয়ে গেছে সম্ভবত!
আমার কখনও তোমায় বলতে হয়নি—আজ শেষবারের মতো দেখা করো। তুমি নিজে থেকেই আমায় কাছে ডেকে নিয়েছ...প্রতিবার, প্রতিক্ষণে।
তোমায় খুউব গভীরভাবে ছুঁয়ে থাকলে বোঝা যায়...তুমি সৃষ্টিকর্তার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ! তোমাকেই খুঁজেছিলাম আমার প্রার্থনায় অবিরত!
নৈঃশব্দ্য ভাঙল—কাঁপা গলায় তুমি বলছ...এখন আগের মতো ভালোবাসতেও ভুলে গেছ! তবুও, তোমার দৃঢ় আলিঙ্গনে আমার শ্বাসপ্রশ্বাস আবদ্ধ, এক শঙ্কাহীন রাত্রিযাপন আমাদের আত্মাকে আরও একবার আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল।
আমি ভীষণ মনোযোগে, ক্লান্ত শরীরে...স্পর্শ করি তোমার চরণ...প্রত্যুত্তরে অপ্রস্তুত হয় নিয়তির কোন্দল!
নিয়তির কোন্দল
লেখাটি শেয়ার করুন