দর্শন ও মনস্তত্ত্ব

নিভৃত খসড়া



১। ভালোবাসা ভীষণ অন্যায়ের কাজ; খুনির পক্ষেও সাক্ষ্য দিতে ইচ্ছে করে।

২। রাত বাড়ে, রাত কাটে। আমার ঘুম আসে না, আমার সকাল হয় না।

৩। তুমি ভালো থাকা শিখে নিয়ো। অমন দুঃখের কথা হাটে বেচতে যেয়ো না। ওভাবে ভালো থাকা যায় না।

৪। জীবন-বয়ে-চলা ক্লান্ত মানুষটিও কিন্তু মৃত্যুকে ভয় পায়।

৫। রোদের আলোয় যেখানে আমাকে ডাকা হয়নি, চাঁদনি রাতে আমাকে সেখানে ডেকে পাঠালেও আমি যাব না; এমনকি অন্ধ হয়ে গেলেও না।

৬। তোমার দেওয়া সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে আঘাত। আমি জানতামই না, কেউ এতটা ভেঙে ফেলতে পারে।

৭। পুকুরপাড়টা এখন আর আগের মতো জমজমাট নেই। কার‌ও ভেতরে এখন আর কোনো গল্প নেই, রহস্য নেই, সারল্য নেই। আছে শুধুই নতুন নতুন প্রসাধনীর ঘ্রাণ।

৮। আমরা সবাই যার যার মতো কথা বলে যাই। যখন চুপ থাকি, ভাবতে থাকি, এরপরে কী কী বলব। অন্যের কথা শোনা আর হয় না।

৯। যখন গুনতে জানতাম না, তখন বেশ ছিলাম। টাকা গুনতে শিখলে মানুষ ভালো থাকতে ভুলে যায়, স্থির হতে ভুলে যায়।

১০। লোকে আমাকে নিয়ে নানান কিছু ভেবেছে। আমি এই, আমি সেই। আমি শুধুই তাদেরকে নিয়ে একটা জিনিস ভেবেছি—তারা অবশ্যই আমার থেকে সব দিক দিয়ে ভালো। তাহলে বলো তো, আমাদের সবার মধ্যে কে জিতে গেল?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *