গল্প ও গদ্য

আলো নেভার পর



তোমার শরীরের ঘ্রাণ আসছে... তুমি কি আশেপাশেই কোথাও আছ?

আমি জানি, এই আক্ষেপের ঘরে তোমার আর থাকতে ইচ্ছে করে না, তবুও তোমায় আঁকড়ে ধরি প্রতিক্ষণে।

আকাশজুড়ে ভীষণ মেঘ করেছে, বৃষ্টির আয়োজন চলছে। প্রকাণ্ড শব্দে চারদিকে বিদঘুটে অন্ধকার নামল।

সহজে কিছু ঘটবে না—আজ প্রচণ্ড ঝড় হবে। সম্ভবত, তুমি আমাকে ছোঁবে। মনের গতিপ্রকৃতি বুঝতে চেষ্টা করছি না। নগ্ন নারীমূর্তি ছাড়া এ ঘরে আর কিছুই নেই; হঠাৎই ঘুটঘুটে অন্ধকার নেমে এল শোবার ঘরটায়—মোমের আলো কিছুক্ষণ আগেই নিভেছে!

তোমার আবছা মুখটা ঝড়ো হাওয়ায় অস্পষ্ট। এক ভয়ানক অতৃপ্তি নিয়ে তুমি এগিয়ে এলে; মৌনভাবটি ভাঙলে বড়ো অঘটন ঘটবে। ভয়ংকর সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা; ক্রমেই নিরাসক্ত হয়ে ওঠে সময়ের নিপীড়ন, অবিশ্বাসের রক্তে বয়ে যায় সুরের স্পন্দন!

আমি কি তোমার হতে পারি?—ঠান্ডা বাতাসে শরীরের ক্ষতস্থানগুলো আলগা হতে থাকল। আমার শরীরে সঞ্চরিত হতে থাকে...এক বিক্ষিপ্ত সুখকর যন্ত্রণা; যে-মাহেন্দ্রক্ষণে আমাদের আত্মা মিলিত হয়—তোমার অদেখা কিছুই নেই।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *