আমার একান্ত মুহূর্তগুলো চোখ বুজে অপেক্ষা করত—তোমার স্পর্শের জন্য। তোমার গায়ের এক অদ্ভুত মিষ্টি সুবাস নেশার মতো আচ্ছন্ন করে রাখত আমাকে। কোনো কৃত্রিম পারফিউম যে নয়, তা খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি। এ বরং এক আদিম সুগন্ধ, যা কেবল আমারই একান্ত মানুষটাকে আচ্ছন্ন করে রাখে।
যেদিন তুমি আমার ঘাড়ের সেই অবাধ্য চুলগুলোর মাঝে ডুবে গিয়েছিলে—সেদিন কি তোমার ভালোবাসা শুধুই আমার জন্য ছিল? কেন আমার মনে হয়েছিল, গত দিনগুলোর অমানুষিক ক্লান্তি এই একনিমেষেই মুছে যাচ্ছে?
আমি যত বার নিঃশ্বাস নিই...সেই মাদকতাময় ঘ্রাণ আমার ফুসফুস ছাড়িয়ে সরাসরি রক্তে গিয়ে মিশে যায়। সেই মুহূর্তে তোমার শরীরের সুবাসটাই ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।
আমি কি শুধুই তোমার অবহেলা, না কি কিছুটা অভ্যেসও? ফিরে যাব, নিজের যত্ন নিয়ো।
আই ডোন্ট মিস ইউ অ্যাট অল। হুম! সাতাশ ঘণ্টা আট মিনিট হয়েছে, আমি বাড়িতে ফিরেছি...এর মধ্যে তোমাকে আমার কোনো খোঁজ পর্যন্ত দিইনি। এই শেষবিকেলে চিলেকোঠা থেকে আমার ঘন চুল উড়তে দেখা যেত, সেই দৃশ্য এখন তুমি প্রায় ভুলতে বসেছ! তবে, আমি তোমার কাছে নিখোঁজ হলে ক্ষতি কী?
এই যে তুমি বার বার খবর পাঠাচ্ছ, আশেপাশে ঘুরঘুর করছ—একদম গায়ে লাগছে না আমার।
আমার স্বর রুদ্ধ হয়েছে আগেই! তোমাকে একদম নিজের মানুষটা ভেবেছিলাম। অথচ, তুমি অন্য কারও কাছে গিয়ে মিশিয়ে রেখেছ শরীরটা, তিল পরিমাণও দূরত্ব নেই। তবু আমায় বলছ—সহ্য করে নিতে? অবশ্য, এর চেয়েও দ্বিগুণ শাস্তির যোগ্য আমি!
গন্ধঋণ
লেখাটি শেয়ার করুন