একটা সময় আসে, যখন মানুষ চুপচাপ বুঝে যায়—সবাই পাশে থাকার জন্য আসে না। কিছু মানুষ থাকে শুধু ভালো সময়ের হাসিতে, কিছু মানুষ থাকে প্রয়োজন ফুরোনো পর্যন্ত, আর কিছু মানুষ থাকে, যতদিন না তাদের ইচ্ছেটা শেষ হয়।
তখন রাগ হয়, কষ্ট হয়, ভেতরটা হাহাকার করে। তবুও শেষমেশ বুঝে নিতে হয়—দোষটা আসলে কাউকে দিয়েও লাভ নেই। মানুষ এমনই, যার অনুভূতির কোনো নির্দিষ্ট মাপজোখ নেই। কেউ কতটা থাকবে, কতটা বদলে যাবে—এটার হিসেব আগে থেকে কেউ করতে পারে না।
কারও হঠাৎ দূরে সরে যাওয়া, অকারণে যোগাযোগ কমে যাওয়া—জীবনটাকে অদ্ভুত নীরব করে দেয়। একটা সময় সেই নীরবতার সাথেই বন্ধুত্ব হয়ে যায়, আর সেখান থেকেই শেখা শুরু হয়…
একা থাকা মানে ফাঁকা হয়ে যাওয়া নয়; একা থাকা মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। নিজের পরিচিত গণ্ডি, পরিচিত মানুষদের বৃত্ত থেকে বের হয়ে, নিজের ভেতরের মানুষটার সাথে পরিচয় হওয়া।
সবসময় কারও উপর ভর করে থাকা, প্রতিটি সিদ্ধান্তে কাউকে দরকার হওয়া—শুনতে যতই সুন্দর লাগুক, ভালো লাগুক, ধীরে ধীরে এসব মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়।
কিন্তু নিজের সাথে সময় কাটানো, নিজের কষ্ট নিজে বুঝে নেওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া—এই ছোটো ছোটো জিনিসগুলোই একসময় আপনাকে এমন এক স্বাধীনতা দেয়, যেটা কোনো নির্ভরতার ভেতরে কখনও খুঁজে পাওয়া যায় না।
শেষপর্যন্ত জীবন একটা জায়গায় এনে দাঁড় করায়—যেখানে আপনি বুঝে যান, আপনি একা নন…আপনি নিজের সাথে আছেন। আর যেদিন আপনি নিজের ভরসা নিজে হতে শিখবেন, সেদিন থেকে মানুষ আসবে, যাবে, কিন্তু আপনি আর ভেঙে পড়বেন না।
কারণ তখন আপনি জানবেন—আপনার ভেতরেই একটা দৃঢ় আশ্রয় আছে, যেখানে ফিরে গেলে সব ঠিক হয়ে যায়।
তাই থেমে যাবেন না, ভেঙে পড়বেন না। নিজেকে গড়ে তুলুন এমনভাবে, যাতে একদিন আপনি গর্ব করে বলতে পারেন—আমি একা নই, আমি যথেষ্ট।
নীরবতার পাঠশালা
লেখাটি শেয়ার করুন