একটা দুর্যোগ আসছে, কিছুক্ষণ পর থেকে তোমার সাথে আমার যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে কি না জানা নেই। পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ ছদ্মবেশে অপেক্ষায় ছিল বিশুদ্ধ বাতাসে কালো ধোঁয়ার কুণ্ডলি জমাতে। নারকীয় তাণ্ডবে নিষ্প্রাণ কত প্রাণ বিলীন হয়েছে, তার খবরটা ঘটা করে কেউ রাখতে যায়নি—সম্ভবত তারা মহাব্যস্ত, তাদের সময় হয়নি।
আচ্ছা, তুমি জানো তো—তোমার খোঁজ নিতে আমার কখনও সময় ভিক্ষে চাইতে হয়নি প্রকৃতির কাছে। আমি নিজের ভেতর তোমার অস্তিত্ব গড়েছিলাম গাদাখানেক অনুভূতির প্রলেপে। সেসবের মূল্য তোমার কাছ থেকে কখনও চাইনি বলেই—ঈশ্বর আমাকে এক অদ্ভুত ক্ষমতা দিয়েছেন। আমার খোঁজ জানতে চেয়ো না। আমি নিজে থেকেই হারিয়েছি।
পৃথিবীর মানুষ যুদ্ধ করে, ক্ষমতার পালাবদল ঘটায়—তুচ্ছ মুহূর্ত নিয়ে কি কেউ আটকে থাকে?
আজ আকাশটা কালো অন্ধকারে ডুবে আছে, আকাশসীমা মানুষ দখল করেছে। আমি ভীত নই; তুমি কেমন আছ? এই লেখাটার শেষে আমরা নিশ্চয়ই পরস্পরকে ছুঁয়ে দেখব, বিশাল এক মৃত জলদ-শহর আমাদের অপেক্ষায় আছে। আমরা মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও ধ্বংস হব না।
আমি আসছি, দেখা হবে—আমাদের মাঝে আর কোনো দূরত্ব রইল না।
ধূসর অভিসার
লেখাটি শেয়ার করুন