গল্প ও গদ্য

ছায়ামানুষের স্বীকারোক্তি



কখনো ভুল বুঝে দূরে সরে গেলে...আমাকে মিউজিক পাঠিয়ে রাখিস, আমাদের দূরত্ব কমে যাবে।

আমাকে ভুল বোঝার চাইতে তো কখনও না বুঝতে যাওয়াটাই ভালো ছিল।

ভালোবাসা জোর করে হয় না, তবুও মানুষ ভালোবাসা চায় ভিখিরির মতো।

একদিন কাছের মানুষটাও হারিয়ে যায় মৃতদেহের ভিড়ে। তখনই বুকের ভেতরটা কেঁপে ওঠে অসহ্য যন্ত্রণায়—সেই দৃশ্য যেন সারাক্ষণ দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়।

কখনও আমায় ভেবে কিছু লিখতে যেয়ো না। তুমিও কষ্ট পাবে, ভীষণ কষ্ট—যতটা আমি পাই প্রতিনিয়ত।

তোমাকে 'ভালোবাসি' বলতে হবে না। আমি খুব সংবেদনশীল মনের মানুষ—অল্প আঘাতেই ভেঙে পড়ব। তুমি বরং এই ভারী অস্ত্রটা তোমার কাছেই লুকিয়ে রেখো।

আমি যত্নে রাখি তোমায় ভীষণ, স্পর্শ করি তোমার চোখ—যতটা তুমি ভাবো, তার থেকেও বেশি। যতটা তুমি শুনছ, এর চেয়েও নিখুঁত আমার প্রার্থনা। তোমাকে বলিনি, তুমি আফসোস করবে—চাই না, আমাকে হারানোর ভয়টা তোমার ভেতর বাসা বাঁধুক। এই ব্যাপারটাই তোমাকে ভীষণ কষ্ট দেবে, ভীষণ!

তোমার সাথে আমার আর কখনও দেখা হবে না, আমি নিজেই করব না—তুমি আর একবার আমাকে জড়িয়ে ধরলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারব না।

যদি সম্ভব হয়, আমাদের স্মৃতিগুলো কখনও নষ্ট হতে দিয়ো না। স্মৃতি বলতে ওইটুকুই—তোমাকে নিয়ে লেখা অক্ষরগুলো।

বুঝতেই পারছ—আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী, একজন ভালো পাঠক, কিংবা শুধুই তোমার কণ্ঠের বা সৌন্দর্যের প্রেমে পড়েছিলাম—এমনটা ভাবার কোনো কারণ নেই।

আই অ্যাম অ্যা নোবডি—তোমার জীবনে আমার কোনো ভূমিকাই নেই।

তবু, তুমি চাইলেও কখনও আমায় ছুঁড়ে ফেলতে পারোনি, চেষ্টাও অবশ্য ছিল না ধরে রাখবার—এই ব্যাপারটাই আমাকে শান্ত করেছে, তবে আমি মুক্ত হলেও তুমি এক অদৃশ্য প্রিজমে আটকা পড়েছ; আমি যেদিন আত্মহত্যার পথ বেছে নেব, তুমি চাইলেও এই প্রিজম ভেঙে বেরোতে পারবে না।

আত্মহত্যা কোনো সমাধান নয়, আমি জানি, তুমি বলবে—বেঁচে থাকার হাজারটা সুন্দর দিকের কথা, শোনাবে প্রেমের উন্মাদনায় ঝড়-তোলা সংলাপের অগ্রাহ্য কবিতা—তবুও, কী লাভ? আমি কিছুতেই শুনতে চাই না এসব।

তুমি তো জানোই না—তোমার হাসির নির্ধারিত সীমানা, তোমার দৃষ্টির গভীরতা, আর তোমার হাতের স্পর্শে কতখানি ভয়ংকর সুখী জীবনের গল্প লিখে গিয়েছি আমি। জানতে চেয়ো না, সহ্য করতে পারবে না।

আমি চাই, আমার ভালোবাসার অস্পষ্টতা থেকে যাক তোমার চোখে, তোমার উপলব্ধিতে, তোমার সীমাবদ্ধতায়—ভালো থেকো, নাহলে এত সব আয়োজন বৃথা যাবে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *