Bengali Poetry (Translated)

নির্বাকের অন্বেষা



একাগ্র চিত্তে আমার সাথে—
মহাকাল উপলব্ধির মত্ততায় হারাবে?
স্বাগত সম্ভাষণ!

সমুদ্রের বিশালতার কাছে গিয়েছিলাম
কষ্ট মাপতে।
আমার দুঃখ—
এতটা তুচ্ছ?

নদীর মৃদু ঢেউয়ের বুকে
দীর্ঘশ্বাসের ভার মাপলাম—
এতটা নির্ভার?

দাবানলের তাণ্ডবছায়ায়
যন্ত্রণার তীব্রতা খুঁজলাম—
এতটা পরিত্যক্ত?

মানুষের মুখোশ সরিয়ে
আলো খুঁজতে গিয়ে প্রশ্ন জাগল—
এতটাই অন্ধকারাচ্ছন্ন?

অশ্রুর মধ্যে খুঁজলাম পক্ষপাত—
এতখানি স্বচ্ছতায় বিমোহিত?

আত্মঅহং-এ সন্নিবদ্ধ,
ঘরে ফেরার মন্ত্র উচ্চারিত হলো—
এতটাই অসমাপ্ত?

শুভ্র গাংচিলের ডানায় বেঁধে দিলাম
আমার যত ক্ষণিকসুখ—
এতটা মুক্ত?

শিরা-উপশিরায় খুঁজলাম রক্তের অস্তিত্ব—
এতটা বিক্ষিপ্ত?

বিবেকের গভীরে অনুসন্ধান চালালাম
নিষ্প্রাণ চিত্তের ছায়া খুঁজতে—
এতটাই বিদীর্ণ?

তোমার বুকের গভীরে এসে
শেষবারের মতো ঠাঁই খুঁজলাম—
এতখানি নিঃশব্দ?

বৃক্ষের কাছে গিয়ে খুঁজলাম
শেকড়ের টান—
এতটাই বিশ্বস্ত?

ভূগর্ভে খুঁড়লাম সৃষ্টি-মাহাত্ম্য—
এতটাই শাশ্বত?

মনের গভীরে জাগ্রত করলাম আত্মচৈতন্য—
দেখলাম,
নির্বাণ-নৈঃসঙ্গ্যের প্রাচুর্য!

বৃষ্টির ফোঁটায় খুঁজলাম শান্তির স্পর্শ—
দেখলাম,
আমি যেন শুধু তোমাতেই সীমাবদ্ধ।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *