কথোপকথন

স্মৃতির মতো ঘ্রাণ



: বেলিফুলের ঘ্রাণটা আজকাল ভীষণ তীব্র লাগে...
যেন নিষ্প্রাণ হাসনাহেনার মতো।
আচ্ছা, তীব্রতা পরিমাপের কোনো উপায় পেয়েছ?
এই যেমন ধরো—
তীব্র স্পর্শ, তীব্র অনুভূতি, তীব্র ঘ্রাণ?

: ঘ্রাণ নিয়ে তোমার এই বাড়াবাড়ি আর গেল না!

: হা হা হা!
তোমার সঙ্গে তো আমি এজন্যই আছি।

: কী জন্য আছ, তিথি?

: আমার কাছে যা-কিছু তীব্র—
তার সবটাই তুমি।
তোমার গায়ের সেই সুতীব্র ঘ্রাণ...
হালকা মিষ্টি, ঘোর-লাগানো—
যা আমার শরীরের ক্ষতগুলোকে
অদ্ভুতভাবে সারিয়ে তোলে।
এই জন্যই তো তোমায় ছেড়ে যেতে পারি না কখনও।

: যেতে পারো না?
না কি যেতে চাও না?

: হা হা হা!
দুটোই।

: তোমার চুলে
আলতো করে হাত বুলিয়ে দিলেই
তুমি শান্ত স্বভাবে ঘুমিয়ে পড়ো, তিথি।
তখন তোমায় দেখতে ভীষণ মায়াবী লাগে।
আচ্ছা...
তুমি যদি একদিন
আমার শরীরের ঘ্রাণ না পাও—
তখন কি হারিয়ে যাবে?

: হুম।

: কোথায়?

: শূন্যের অতলে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *