Bengali Poetry (Translated)

এলেম আমি যখন

যেদিন তুমি নিজের সাথে নিজেই ছিলে একা,
নিজেকেই যেদিন তোমার তখনও হয়নি তেমন দেখা,
কারও জন্যই ছিল না সেদিন কোনও পথ-চাওয়া,
এপার হতে ওপার বেয়ে,
সেদিন তো জানি, বয়নি ধেয়ে
কান্নাভরা বাঁধনছেঁড়া একটুখানিও হাওয়া!


আমি এলেম, ভাঙল তোমার ঘুম,
শূন্যে শূন্যে ফুটল আলোর আনন্দকুসুম!
আমায় তুমি ফুলে ফুলে,
নিপুণহাতে ফুটিয়ে তুলে,
দুলিয়ে দিলে নানান রূপের নরোম নরোম দোলে,
যেন তারায় তারায় ছড়িয়ে দিয়ে জড়িয়েই নিলে কোলে!
আমায় তুমি মৃত্যু ঠেলে লুকিয়ে ফেলে,
ফিরে ফিরে যেন নতুন করেই পেলে!


আমি এলেম, কাঁপল তোমার বুক,
আমি এলেম, সরলো তোমার দুখ,
আমি এলেম, এল সাথে আগুনভরা আনন্দ,
জীবন-মরণ তুফানতোলা ব্যাকুল সে এক বসন্ত!
আমি এলেম, তাই তো তুমি এলে,
আমার মুখে চেয়ে,
আমার পরশ পেয়ে,
যেন আপন পরশই পেলে!


এ দুচোখে লজ্জা আছে, বুকে আছে ভয়,
আমার মুখে যেন কেবলই ঘোমটা পড়ে রয়!
দেখতে তোমায় বাধে বলে পড়ে চোখের জল,
ও গো আমার প্রভু,
জানি আমি তবু
আমায় দেখবে বলেই জাগে তোমার অসীম কৌতূহল,
নইলে তো এই সূর্যতারা সকলি নিষ্ফল!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *