Bengali Poetry (Translated)

কখনও হয়নি আগে

তোমায় কোনও কিছুতে জোর করতে মন এখন আর সায় দেয় না।
এমন বিষাদ আমার কখনও হয়নি আগে।


এখন আর ঠিক সাহস করে বলতে পারি না…থেকে যাও না আমার সাথে সব ছেড়েছুড়ে!
এমন বিষাদ আমার কখনও হয়নি আগে।


এমনকি, তুমি চাইলেও তোমায় কাছে নিজেকে আসতে দিতে মন এখন আর টানে না আগের মতন।
এমন বিষাদ আমার কখনও হয়নি আগে।


ভাবতে পারো, তোমার অসুখের কথা শুনলেও মন এখন আর উৎকণ্ঠিত হয়ে ওঠে না!
এমন বিষাদ আমার কখনও হয়নি আগে।


এখন আমার খুব অনীহা জাগে তোমার কথার মায়াজালে নিজেকে বেঁধে ফেলতে।
এমন বিষাদ আমার কখনও হয়নি আগে।


তোমায় চোখ বুজে বিশ্বাস করতে গেলে এখন আমার মন বারে বারে কী যেন ভাবে!
এমন বিষাদ আমার কখনও হয়নি আগে।


তোমায় একটু দেখবার তৃষ্ণায় এই দুটি চোখ এখন অমন করে আর পোড়ে না।
এমন বিষাদ আমার কখনও হয়নি আগে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *