গল্প ও গদ্য

শ্মশানজোছনা



কত বার করে বলেছি, আমার সামনে এসে কাঁদবে না। তোমার চোখের জল এত শীতল কেন, সুধীর?

তুমি বুঝতে পারছ, শুধুই তোমার শরীরের ঘ্রাণ নেব বলে...এই রক্তাক্ত হৃৎপিণ্ড, দুর্বল মস্তিষ্কের জখম নিয়েও ছুটে এসেছি! একটাই আফসোস, তোমার ভালোবাসার তীব্রতা আগে কখনও অনুভব করতে পারিনি। স্বার্থপরের মতো ভেবেছি—আমিই তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমার স্পর্শে সমর্পণ করেছি আমার সর্বোচ্চ অনুভূতি।

তোমার জন্য আমার বড্ড মায়া হয়, সুধীর! এমন এক অশুভ সময়ে তুমি এলে—তোমার রক্তের প্রবাহ স্পষ্টতর হয়, এ-প্রহরও যেন তোমার অপেক্ষায় অনায়াসে জেগে থাকে।

তুমি আমায় ছুঁয়ে দেখো না এত নিখুঁতভাবে—ভীষণ দুর্বল লাগে। তোমার বুকের মাংসপিণ্ড সরিয়ে দেখছি...অদ্ভুত মায়া লাগছে, ক্ষণে ক্ষণে তোমার যন্ত্রণাগুলো করুণ সুরে ফুপিয়ে কেঁদে ওঠে।

আমাকে এতখানি সহ্য করে নেওয়া সহজ কথা নয়—সুধীর, তোমার জন্য রেখে-যাওয়া এক সুগভীর ভাবনার প্রকাশ...আমি আজ তোমাকে ভালোবেসে দিতে চাই।

রাতের এই প্রহরের নিস্তব্ধতা অন্য যে-কোনো সময়ের চেয়েও খানিকটা তীব্র। নিঃশব্দে কাঁদতে দেখলে প্রকৃতি নিজেই তোমাকে শান্ত করবে। সুধীর, তোমার স্মৃতি আমি এখানে স্তূপাকারে জমা করেছি—তোমাকে বলেছিলাম না...এই শ্মশানের নীরবতা তোমায় মুগ্ধ করবে।

আমার সাথে এক চমৎকার সময় কাটবে তোমার—শান্ত হয়ে বসো, যেন আমার গভীরতম প্রেম তুমি অনুভব করতে পারো। ভালোবাসা কি শুধুই এক বৃথা নৈবেদ্য?

সুধীর, নীল রংটা তোমার কেমন লাগে? গাঢ় নীল রং উচ্চতর চেতনা বা 'তৃতীয় নেত্র'-এর সাথে জড়িয়ে আছে। এ ছাড়াও এটি সত্য, সততা এবং আধ্যাত্মিক প্রজ্ঞার রং। তোমার জন্য এমন কিছু উপহার রেখেছি, যার সব কিছুই শূন্য থেকে একেবারে আমার ভাবনার গভীর পর্যন্ত ছুঁয়ে যায়।

সুধীর, নীল যে-কাপড়টা তুমি দিয়েছিলে—কোনো উৎসবে পরা হয়নি, আজ পরেছি...লক্ষ করেছ?

অন্ধকারে নীল রং দেখা প্রায় অসম্ভব। কিন্তু, জোছনার স্নিগ্ধ আলোতে নীল পোশাকের রংটা খুব হালকা বা কালচে ভাব ধারণ করে। কিছুক্ষণ অপেক্ষা করো, দেখতে পাবে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *