"একদিন আমি মুক্ত হব"—এই বাক্যেও সূক্ষ্ম এক ফাঁদ আছে। কারণ এতে ধরে নেওয়া হয়—আমি এখনও বাঁধা, আর মুক্তি বাইরে কোথাও অপেক্ষা করছে। কিন্তু যদি বাঁধনের অনেকটাই মনগড়া হয়? যদি কাচটাও আসলে অন্তরে হয়, বাইরে নয়? যদি প্রজাপতিকে আটকে রাখার পিনটি বস্তুগত না হয়ে বিশ্বাসগত হয়? তবে মুক্তি আসা মানে নতুন কিছু পাওয়া নয়; বরং পুরোনো ভুল-দেখাকে ভেঙে পড়তে দেখা। মানুষ যে-কাচকে প্রাচীর মনে করেছিল, তা হয়তো কেবল বিশ্বাসের স্বচ্ছতা ছিল; সে-ই ভেঙে পড়ল, আর মানুষ ভাবল, বাইরে এক নতুন জগৎ মিলল। আসলে বাইরে নয়—দৃষ্টি বদলেছে।
সুফিরা তাই জান্নাতকে শুধু মৃত্যুর পরের ভূগোল হিসেবে পড়েননি; তাঁরা তাকে অন্তরের উন্মোচনের রূপক হিসেবেও দেখেছেন। যে-পর্দা সরে যায়, তার জন্য দূরের আকাশে নতুন দরজা খুলতে হয় না; বরং ভেতরের বন্ধ জানালাটিই হঠাৎ আলোর দিকে মুখ ফেরায়।
রাঞ্ঝা: বাঁশি হয়ে যাওয়া
এই দৃষ্টির গোপন সুর আমরা আরও গভীরভাবে শুনি রাঞ্ঝার বাঁশিতে।
ওয়ারিস শাহ (আনুমানিক ১৭২২-১৭৯৮) পাঞ্জাবের কবি, যাঁর ‘হীর’ কাব্য পাঞ্জাবি সাহিত্যের শ্রেষ্ঠতম প্রেমকাব্য। তাঁর প্রেমলোককথায় রাঞ্ঝা বাঁশি বাজায়; কিন্তু সুফি পাঠ জানে, সে কেবল সুর তোলে না—সে নিজেকে ফাঁপা করে। কারণ সুর জন্মায় পূর্ণতা থেকে নয়, শূন্যতা থেকে। বাঁশির মূল্য তার কাঠে নয়, তার ফাঁপায়। যতক্ষণ ভেতর ঠাসা, ততক্ষণ বাতাস ঢোকে না; বাতাস না ঢুকলে সুরও জাগে না। মানুষের হৃদয়ও তেমনি—অহং, অভিমান, আত্মমুগ্ধতা, ক্ষোভ, পরিচয়, ভয়, অধিকারবোধে ভরা হৃদয়ে হকের নিঃশ্বাস প্রবেশ করতে চায়, কিন্তু জায়গা পায় না। তাই প্রেমিকের সাধনা অনেকসময় জমা করা নয়, বরং খালি হওয়া। কমতে কমতে, ঝরতে ঝরতে, সরে যেতে যেতে, একসময় সে এমন ফাঁকা হয় যে, তার ভেতর দিয়ে অন্য এক শ্বাস বয়ে যেতে পারে।
রাঞ্ঝা তখন শুধু বাদক থাকে না; সে ধীরে ধীরে বাদ্যযন্ত্র হয়ে ওঠে। তারপর এমন এক রহস্যময় মুহূর্ত আসে, যখন বাজানো, বাজা এবং শোনা—এই তিনের সীমারেখা মুছে যেতে থাকে। নিঃশ্বাস কার, সুর কার, স্মরণ কার—এ প্রশ্নের পৃথকতা ক্ষীণ হয়ে আসে। অহং সরে গেলে নিঃশ্বাসই জিকর হয়, জিকরই সুর হয়, সুরই প্রেম হয়। যে-সুর বেরোচ্ছে, তা আর বাইরে থেকে বাজানো নয়—তা তার নিজের অস্তিত্বের নিঃশ্বাস হয়ে ওঠে। এখানে এসে প্রেম আর কেবল দু-জনের সম্পর্ক থাকে না; তা এক অস্তিত্বগত দ্রবণ। হীর তখন বাইরের এক নারীমাত্র নন; তিনি হয়ে ওঠেন সেই মাশুকের প্রতীক, যাঁকে বাইরে খুঁজতে খুঁজতে মানুষ একদিন নিজের অন্তরের গভীরে আবিষ্কার করে। তখন দেখা যায়, যে-নামকে এতদিন দূরের বলে ডাকা হচ্ছিল, তার প্রতিধ্বনি তো হৃদয়ের গহ্বরেই আগে থেকে বাজছিল।
এখানে রুমির নলখাগড়ার বিলাপের সঙ্গে রাঞ্ঝার বাঁশির সুর মিলে যায়। নলখাগড়া কাঁদে, কারণ তাকে উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু রাঞ্ঝার বাঁশি দেখায়—উৎস কখনও পুরোপুরি দূরে যায়নি। নলবন বাঁশির ভেতরই রয়ে গেছে। এই বিচ্ছেদই আবার তাকে সুরের ক্ষমতা দিয়েছে। যে কেটে নিয়েছে, সে-ই সুরের সম্ভাবনা খুলে দিয়েছে। কী আশ্চর্য—ক্ষতই কখনো গান হয়ে ওঠে। ক্ষত তাই শুধু ক্ষয় নয়; ক্ষতই অনেকসময় রাগিণীর জন্মস্থান। বিচ্ছেদ শুধু অভাব নয়; বিচ্ছেদই স্মরণের আগুন। মানুষ যে-জায়গায় সবচেয়ে বেশি ভেঙে যায়, সেখানেই হয়তো তার সুরের প্রথম দরজা খোলে। তাই সুফিরা বিরহকে অভিশাপ বলেননি; তাঁরা বিরহকে অন্তরের ভোরের আগে দীর্ঘতম রাত হিসেবে দেখেছেন।
তখন সব প্রতীক এসে এক কেন্দ্রে মিশে যায়। গালিবের জান্নাত, সাসুইর মরুভূমি, বুল্লেহ শাহের না-জানা, রাঞ্ঝার বাঁশি—সব যেন একই রহস্যের ভিন্ন ভিন্ন রূপ। মানুষ যাকে বাইরে খুঁজছে, সে ভেতরে নীরবে সুর তুলছে। মানুষ যাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি বলে মনে করছে, সে বর্তমানের গোপন খোলা দরজা। মানুষ যাকে মুক্তি বলে কল্পনা করছে, তা হয়তো কেবল পরিচয়ের মায়া ক্ষয়ে যাওয়ার আরেক নাম। মানুষ যাকে আলাদা "আমি" বলে এত যত্নে বাঁচিয়ে রাখছে, সে-ই হয়তো মিলনের সবচেয়ে বড়ো অন্তরায়।
এখানে মনসুর হাল্লাজের উচ্চারণ দূর বজ্রের মতো শোনা যায়—আনাল হক। এই বাক্য অহংকারের শিখর নয়; বরং অহংকারের বিলুপ্ত প্রান্ত। যে এখনও নিজের আলাদা সত্তাকে আঁকড়ে ধরে আছে, সে এ কথা বলতে পারে না; বললেও তা নকলের মতো শোনায়। হাল্লাজের উচ্চারণ সেই আত্মবিসর্জনের গভীরতা থেকে, যেখানে "আমি" আর পৃথক দাবির কেন্দ্র থাকে না, বরং সত্যের আয়নায় দ্রবীভূত হয়ে যায়। তাই তাঁকে হত্যা করা গেল, কিন্তু তাঁর বাক্যের উৎসকে নিভিয়ে দেওয়া গেল না। শরীরের ওপর ফাঁসি পড়ে; ফানার ওপর নয়। কারণ ফানা ধ্বংস নয়—ফানা হলো মিথ্যা পৃথকতার নিবৃত্তি।
ফোঁটা যখন সমুদ্রে মেশে, বাইরে থেকে দেখলে তাকে হারিয়ে গেছে বলে মনে হয়; ভেতর থেকে দেখলে বোঝা যায়, সে হারায়নি, নিজের প্রকৃত বিস্তারে ফিরে গেছে। প্রজাপতি যখন কাচ ভেঙে উড়ে যায়, মনে হয়, বন্দিত্ব শেষ হলো; কিন্তু হয়তো কাচটি আগে থেকেই দৃষ্টির ছিল, বস্তুগত নয়। হৃদয় যখন বলে, "আমি আর আগের আমি নই", তখন তা কেবল পরিবর্তনের কথা বলে না; কখনো কখনো তা সাক্ষ্য দেয় যে, আগের "আমি" কোনোদিনই চূড়ান্ত ছিল না।
‘ফানা’ মানে ছোটো "আমি"-র প্রদীপ নিভে বড়ো আলোর ভোর হওয়া। ফোঁটা কখনও প্রকৃত অর্থে একা ছিল না; সে সমুদ্রেরই অস্থায়ী উচ্চারণ ছিল। আকার ছোটো বলে নিজেকে আলাদা ভেবেছিল। রূপ ক্ষণিক বলে উৎস ভুলে গিয়েছিল।
শেষে থেকে যায় এক গভীর নীরবতা, যেখানে সব ভাষা এসে থামে। সেখানে বুল্লেহ শাহের প্রশ্ন, সাসুইর পদধ্বনি, গালিবের মৃদু বিদ্রূপ, রাঞ্ঝার ফাঁপা সুর, হাল্লাজের দগ্ধ ঘোষণা—সব মিলিয়ে এক অনুচ্চারিত সত্যকে ঘিরে থাকে। সত্যটি এই যে, আলাদা হয়ে থাকার যে-অনুভূতি, তা-ই বিরহ; আর সেই বিরহই আবার প্রত্যাবর্তনের আহ্বান। মানুষ যাকে শূন্যতা ভেবে কাঁদে, তা অনেকসময় ডাকা। মানুষ যাকে বিলম্ব ভেবে ভোগে, তা অনেকসময় পরিশুদ্ধি। মানুষ যাকে ক্ষত বলে লুকোতে চায়, তা-ই হয়তো রূহের দরজা। কিছু বন্ধন শত্রু ছিল না; শিক্ষা ছিল। কিছু ক্ষত ধ্বংস ছিল না; সুরের প্রস্তুতি ছিল।
প্রজাপতি তখন বলে: আমি ক্ষত নই, আমি ওড়া। ফোঁটা বলে: আমি আলাদা নই, আমি সমুদ্রের স্মৃতি। হৃদয় বলে: আমি বিরহ নই, আমি প্রত্যাবর্তনের পথ।
আর যিনি এই সমস্ত পর্দা তোলেন, ভাঙেন, সরান, আবার জোড়েন—তিনি আড়ালও, আবির্ভাবও; তিনি ক্ষতও, আরোগ্যও; তিনি ডাকও, সাড়াও; তিনি বিরহও, মিলনও।
তখন বোঝা যায়— কাচও তিনিই, আলোও তিনিই। বাঁশিও তিনিই, নিঃশ্বাসও তিনিই। মরুভূমিও তিনিই, পানিও তিনিই। ক্ষতও তিনিই, সুরও তিনিই। হারানোও তিনিই, ফিরে পাওয়াও তিনিই।
আর আমরা? আমরা কেবল তাঁর দিকেই ফিরতে থাকা এক দীর্ঘ, নিঃশব্দ, প্রেমময় নিঃশ্বাস।
মাকাম-ই-তাওয়াক্কুল: সমর্পণের উপত্যকা
সমর্পণ কোনো চূড়া নয়—উপত্যকা। এখানে উঠতে হয় না, নামতে হয়। অহং থেকে নামা, দাবি থেকে নামা, "আমি জানি, আমি পারি, আমি চাই"—এই উচ্চভূমি থেকে নেমে আসা। ‘মাকাম’ মানে তাৎক্ষণিক আবেগ নয়—দীর্ঘ সাধনায় অর্জিত এক অবস্থান। সমর্পণ কোনো সংজ্ঞা নয়—একটি ভূখণ্ড; কোনো মতবাদ নয়—একটি যাত্রা। আর যাত্রায় পথ হারানোও পথের অংশ।
“তুমি যা-কিছু করেছ, আমি চেয়েছিলাম তা রহমতে ধুয়ে দিতে—যেমন বৃষ্টি ধুয়ে দেয় ধুলো, যেমন তওবা ধুয়ে দেয় গুনাহ, যেমন ভোরের আজান ধুয়ে দেয় রাতের সব ভয়।”
ক্ষমা রায় নয়—প্রক্ষালন। দাগ মুছে দেওয়া, গন্ধ সরানো, ভার লঘু করা, নতুন করে ব্যবহারযোগ্য করে তোলা। বিচারকের ক্ষমা নয়—প্রেমিকের ক্ষমা, দরবেশের ক্ষমা, মায়ের ক্ষমা। ক্ষমা মানে অপরাধ মাফ; রহমত মানে সত্তাকে আশ্রয় দেওয়া—দয়ার জলবায়ুতে নিয়ে যাওয়া। দুটো এক নয়। ক্ষমা বিচারের ভাষা; রহমত আলিঙ্গনের।
বৃষ্টি ধুলো ধোয়—বস্তুজগৎ। তওবা গুনাহ ধোয়—নৈতিক জগৎ। আজান ভয় ধোয়—মানসিক জগৎ। তিন জগৎ, এক ক্রিয়া: ধোয়া। এই পুনরাবৃত্তি জপের ছন্দ। এই ক্ষমা কিন্তু শুধু মাফ নয়—পুনর্জন্ম। শুধু দাগ মোছা নয়—নতুন ভোরে জাগানো। শুধু অতীত ভুলে যাওয়া নয়—ভবিষ্যতকে সম্ভব করা।
ক্ষমা একতরফা হয় না। দাতাকে খুলতে হয়, গ্রহীতাকে নম্র হতে হয়। মানুষ কখনো অপরাধের চেয়ে ক্ষমাকেই বেশি ভয় পায়—কারণ ক্ষমা নেওয়া মানে নিজের ভাঙন স্বীকার করা, নিজের অসম্পূর্ণতা মেনে নেওয়া, নিজের ক্ষতের সামনে দাঁড়ানো। অনেক মানুষ ক্ষত বহন করতে রাজি, কিন্তু ক্ষত দেখাতে রাজি নয়। এই ব্যর্থতা দয়ার অক্ষমতা নয়—গ্রহীতার গ্রহণ-অক্ষমতার ট্র্যাজেডি। দরজা খোলা ছিল; প্রবেশ করতে পারেনি সে, যার জন্য খোলা হয়েছিল।
“প্রেমের মৃত্যু আমার মধ্যে ছিল ধীর—মোমবাতি, সারা শীতকাল ধরে গলছে, ফোঁটায় ফোঁটায়, প্রতিটি ফোঁটায় একটা স্মৃতি। তোমার মধ্যে তা ছিল এক নিঃশ্বাস—ফুৎকারে শিখা কিংবদন্তি।”
প্রেম সময়ের মধ্যে শরীরীভাবে জ্বলা একটি বস্তু। মোমবাতি আলো দেয়, আর নিজে ক্ষয় হয়—আলোকদায়ী এবং আত্মক্ষয়ী একই সঙ্গে। যা আলো দিচ্ছিল, তা-ই গলছে; যা উষ্ণ করছিল, তা-ই ক্ষয়ে যাচ্ছে। প্রেমের এই দুই মুখ—দান আর দহন—একই শিখায় বাস করে।
স্মৃতি মনোজগতের বস্তু মাত্র নয়—ক্ষয়ের একক। প্রতিটি স্মরণ মানুষকে আরও একটু কমিয়ে দেয়। যে মনে করে, সে গলে; যে ভোলে, সে বাঁচে—কিন্তু সে কি সত্যিই বাঁচে? না কি সে শুধু নিভে যায়?
আর "নিঃশ্বাস"—যে-বায়ু বাঁচায়, সেই বায়ুই নেভায়। জীবন ও বিনাশ একই বায়ুতে বাঁধা। একই নিঃশ্বাসে জন্ম ও মৃত্যু পাশাপাশি হাঁটে।
যে ধীরে হারায়, সে প্রতিদিন একটু করে মরে—সে তার হারানো প্রত্যক্ষ করে, যেমন কেউ নিজের রক্তক্ষরণ দেখে কিন্তু থামাতে পারে না। যে আকস্মিকে হারায়, সে বুঝতেই পারে না, কখন সব শেষ হলো—তার শোক বিস্ময়ে মেশানো, তার কান্নায় প্রশ্নচিহ্ন। একটিতে দীর্ঘ দহন, অন্যটিতে হঠাৎ ছাই।
সময় আজব কারিগর—পাথর গলায়, জলকে শক্ত করে। মোমকে অশ্রু বানায়, অশ্রুকে মুক্তো।
সময় ঘড়ি নয়—শিল্পী। সে জিনিসের গায়ে হাত দেয়, কাটে, ঘষে, পালটে দেয়। সময় ধ্বংসকারী নয়—রূপান্তরকারী। সে একরৈখিক নয়; কখনো নরম করে, কখনো কঠিন করে। যা কঠিন মনে হয়, সময়ের সাথে গলে; যা তরল ছিল, সময়ের সাথে জমে যায়, স্থির হয়। আলো কান্না হয়, কান্না রত্ন হয়—এ এক ক্ষুদ্র রসায়নিক শৃঙ্খল। কষ্ট, যদি চেতনার মধ্য দিয়ে যায়, নষ্ট হয় না—আত্মিক সম্পদে রূপান্তরিত হয়। যে-কান্নাকে আজ অপচয় মনে হচ্ছে, সে-ই একদিন সবচেয়ে মূল্যবান মুক্তা—শুধু ধৈর্য ধরতে হয়, শুধু রূপান্তরকে সময় দিতে হয়।
হৃদয় শুকনো কুয়ো—বালতি নামে, ওঠে শূন্যতা। বার বার নামে, বার বার শূন্য। প্রেম শুকিয়ে গেছে, আশা শুকিয়ে গেছে, শক্তি শুকিয়ে গেছে—এ-ই মনে হয়।
কিন্তু সুফিরা বলেন: শূন্য কুয়ো শূন্য নয়—সে নীরবে আকাশ ধরে রেখেছে। তলায় নক্ষত্রের ধুলো; অন্ধকারে উলটো হয়ে জ্বলছে রাতের আকাশ। কখনো কখনো অনুপস্থিতিই সবচেয়ে বিশুদ্ধ উপস্থিতি।
কুয়ো কার্যকারিতা হারিয়েছে—জল তোলা যায় না। কিন্তু গভীরতা হারায়নি। জল ছিল ব্যবহারের; আকাশ তো দর্শনের। আগে কুয়ো ছিল ব্যাবহারিক—তুমি জল তুলতে; এখন হয়ে উঠেছে ধ্যানের পাত্র—তুমি আকাশ দেখছ। ভোগ থেকে দর্শনে উত্তরণ। যা হাতে তোলা যায় না, তা-ও দেখা যায়—আর দেখাটাই কখনো কখনো পাওয়ার চেয়ে বড়ো।
শূন্যের সপ্তক: ১০
লেখাটি শেয়ার করুন