গল্প ও গদ্য

ভোর চুরি করতে করতে



এক। কিছু মানুষ আসে পৃথিবীতে শুধুই এক জনকে ভালোবাসার জন্য। ভালোবাসতে ভালোবাসতে কাটিয়ে দেয় তাদের পুরোটা জীবন। তারা চায় না বড়ো কোনো স্বপ্ন, চায় না রাজ্য; চায় শুধু একজোড়া চোখ, যেখানে নিজের পৃথিবীটা খুঁজে পাবে। তারা সুখের দাবি করে না, শুধু ভালোবাসার অধিকার চায়।

তাদের ভালোবাসা কখনও পূর্ণতা পায় না, তবুও তারা ভালোবাসে নিঃশব্দে, নিঃস্বার্থভাবে, নিঃশেষে...

তাদের চোখে লুকিয়ে থাকে অপেক্ষার মায়া, হাসিতে লুকোয় ব্যথার অশ্রু। তবুও তারা হাসে, কারণ ভালোবাসা তাদের কাছে বেঁচে থাকার মন্ত্র। প্রতিটি ভোরে, প্রতিটি নিঃশ্বাসে খোঁজে সেই মানুষকে, যার জন্য মরে থেকেও বেঁচে উঠেছিল একদিন, তবু শত সাধনায়ও তার ভালোবাসা পায়নি। হয়তো এ-ই ভবিতব্য!

দুই। হাত ধরো...শহরের নীল আলো ভেঙে আমরা হেঁটে যাব নীরবতার ভেতর দিয়ে।

তোমার চোখের নিচে জমে-থাকা অনিদ্রা আমি আলতো চুমুতে মুছে দেবো, যেমন করে শীতের সকালে জানালায় জমা কুয়াশা মুছে যায়।

তুমি কতদিন একা লড়েছ, বলো? বালিশে মুখ গুঁজে কত রাত নিজের কান্নাকে নিজের কাছে লুকিয়েছ?

নীরবতারও শব্দ আছে, হৃদয়েরও অশ্রু আছে, ভালোবাসারও আছে এক অদৃশ্য হাত। বেদনার দীর্ঘ রজনী থেকে তোমার জন্য ভোর চুরি করে আনব, যেখানে সূর্য উঠবে ধীরে ধীরে; যাব রমনা পার্কে হাত ধরে। কোনো তাড়া থাকবে না, কোনো হিসেব থাকবে না, শুধু থাকবে তোমার নিশ্চিন্ত শ্বাসের ওঠানামা।

তোমার বুকের ভেতর যে-ঝড় নিজেকেই ভাঙে প্রতিদিন, আমি তার পাশে দাঁড়িয়ে থাকব জানালার মতো—যেখানে আলো-বাতাস ঢোকে। রাতে ঘুম আসবে তোমার চোখে নরম শিশিরের মতো। আমার ভালোবাসায় যার প্রমাণ—তুমি একা নও।

রাত শেষ হবে, বিশ্বাস করো; অন্ধকার যত গভীর, ভোর তত কাছে। হাত ধরো, তোমাকে নিয়ে যাব দুঃখের প্রান্তর পেরিয়ে নির্ভার ঘুমের দেশে, যেখানে স্বপ্নগুলো ভাঙে না, শুধু হৃদয়টা নিজের মতো করে বিশ্রাম নেয়।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *