: ঘন-চুম্বনের কুয়াশা কাটিয়ে ফের বৃষ্টিস্নাত সন্ধে! ভিজে-শরীরে ব্যথা নিরাময়ের সুখ যেন আরও তীব্র হলো...চোখ বন্ধ করতেই, চারদিকটা অনন্ত অন্ধকারে ডুব দিল...প্রচণ্ড শীত করছে!
: আচ্ছা, মিলি! তুমি এত ভালোবাসতে কীভাবে শিখেছ? চমৎকার সব কল্পনায় তোমার সাথে আমাকে রাখবার কারণটা...কখনোই কি তুমি আমায় মুখ ফুটে বলতে পারবে না?
: দেখো, আমার সুন্দর কিছু ভাবনায় কেবলই তোমার আলিঙ্গন পেতে ইচ্ছে করে...আমার তেমন কিছুই নেই তোমাকে বলার; সাদা বক, কৃষ্ণচূড়া, গাঢ় সবুজ রং, আবছা আলো; তোমার শরীরকে নিখুঁত মোহে স্পর্শ; কিংবা নিঃশব্দ অথবা উড়তে চাইবার আপ্রাণ চেষ্টারত আহত পাখির দল—এসবের কিছুই কি তুমি গভীরভাবে দেখেছ কখনো? তবে, আমার ভালোবাসা কী করে বুঝবে, বলো?
: আমি শুধু তোমায় বুঝতে চাইছি...এই কি যথেষ্ট নয়, মিলি?
: নিশ্চয়ই! তুমি শুধুই আমার কল্পনা না হলে—এতসব সত্যি নিমিষেই হারিয়ে যেত।
বৃষ্টিস্নাতা অস্তিত্বহীনা
লেখাটি শেয়ার করুন