Bengali Poetry (Translated)

বাঁচার গান

চলো, আজকের দিনটা অন্তত ভালোবাসি!
আজ শুধুই, কিছু মুহূর্তের জন্য হলেও, দু-জন দু-জনকে ভালোবাসতে বাধ্য করি!




আজকে অন্তত মাদকের মতন বাড়ির মানুষগুলোর গায়ের গন্ধ মাখি;
আজ কিছু গল্প তৈরি করে যাই, যেগুলো কাল স্মৃতির খাতায় জায়গা পাবে।




শুধু আজকের জন্যই হারিয়ে যাই এই জগত-সংসারের নিয়মের বাইরে; শুধুই ভালোবাসারাই নিয়ম তৈরি করুক আজ।
শুধু এই মুহূর্তে কিছু গান রচনা করি, যেগুলো চোখ বন্ধ করলেই স্পর্শ করা যায়, ছুঁয়ে দিতে হয় না ওদের সজ্ঞানে।




আজকের জন্যই পাঁচটাকার রং-চা'কে মনে হোক সবচেয়ে দামি কোমল পানীয়, সবাই একসঙ্গে বসে পানীয়ের নামে সুখ পান করি...চলো!
শুধু আজকের আকাশ দেখে পূর্ণিমাশোভিত মনে হোক, ঘুটঘুটে অন্ধকারকেই নাহয় একফালি চাঁদ ভেবে ভুল করে নিই!




আজকের শীতল হাওয়াকে গায়ে মেখে বৃষ্টিকে অনুভব করে নিই,
কুয়াশা নিয়ে লিখে বৃষ্টিকে বিশ্রামে রাখি, জন্ম দিয়ে  যাই কিছু অমর পঙ্‌ক্তিমালার।




আজ ছুটি দিয়ে দিই ব্যস্ত সব বাবা-মা'কে, সবাই মিলে জুড়ে দিই নাহয় আজ গল্প!
আজকের জন্যই শুধু বেঁচে থেকে, আজকের কথাই বলি; কালকের প্রাপ্তি কিংবা ভয় ছুঁয়ে না দিক আজ আমাদের।




শুধু আজকের জন্য‌ই গল্প ছেড়ে কবিতা পড়ি; মনে রাখি, গল্পকে কবিতার মতন আবৃত্তি করা যায় না সবসময়।
শুধু আজকের জন্য ইয়ারফোনের প্যাঁচগুলোকে না খুলি, আজকের জন্যই সব হয়ে থাক এলোমেলো।
শুধু আজকের জন্য‌ই সব নিয়ম ভেঙে দিয়ে বলি, 'অনিয়মই নিয়ম আমার!'




আজ সকল সন্দেহকে প্রশ্রয় দিয়ে দিয়ে বিশ্বাসের চাদরে মুড়ে ঘুম পাড়িয়ে দিই।
আজ ঘড়ির কাঁটা থামিয়ে দিয়ে ইচ্ছেমতন সময় নষ্ট করার ফাঁদ পেতে রাখি।
আজকে মুখে কথা না বলে, চোখের ইশারায় কথা বলি।
আজকে খরচ করে ফেলি ব্যাংকে জমিয়ে-রাখা সবকটা পয়সা।




শুধু আজকের জন্য নিজেকে বার বার বোঝাই, 'এই  "আজ"টুকু ছাড়া আর কিছুই আমাদের হাতে নেই, এই "আজ"টুকুই আঁজলা ভরে নিয়ে বেঁচে নেবার চাইতে আর কোনও জুতসই বিকল্প হতে পারে না।'
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *