Bengali Poetry (Translated)

প্রিয় ক্ষতের পাশে বসে



আমি তোমায় নিয়ে যেতে চাই—
নিয়মের বাইরে,
তোমার পাশে কাটাতে চাই—
আরও একটি নিঃশব্দ রাত।

তোমার প্রতি আমার যতটা যত্ন,
তা যেন তুমি অনুভব করো—
সেজন্যই নিয়ে যেতে চাই তোমায়
এক অচেনা, শীতল ঘরে,
যেখানে নিঃশব্দেই শুরু হয়
স্মৃতির সঙ্গে বোঝাপড়া।

বাতি জ্বালিয়ে মুছে ফেলতে পারিনি—
আমার ক্ষত।
আজও বাতি নিভিয়ে দিচ্ছি,
তুমি শুধু আমার বুকের ভেতর
অজস্র বার তোলপাড় করে দিয়ো।
হাতদুটি শক্ত করে জড়িয়ে রেখো—
ভয় পেয়ো না,
আমি কোনো নিয়ম মানি না,
তোমাকেই ছুঁয়ে যেতে চাই
নিয়ম ভেঙে।

তোমার হৃৎস্পন্দন বাড়িয়ো না,
আমার নিজেকে নিঃস্ব মনে হচ্ছে।
আমি চাই—
তোমার উষ্ণ আলিঙ্গন,
তোমার নির্ভার কথামালা...
তোমার অস্থিরতা মিশে যাক
আমার ক্লান্ত নিঃশ্বাসে।

চমকে ওঠো না!
আমি তোমার ঠোঁট ছুঁতে চাই
আমার ক্লান্তির শেষ পরশ দিয়ে।
এই মুহূর্তটুকুতে আমাকে ছেড়ে যেয়ো না।

তুমি শুধু আমার অশ্রুর প্রেমেই পড়তে পারো—
সেখানেই রেখে দিয়েছি
ভালোবাসার তীব্রতম স্পর্শ।

তুমি কি আমায় ভালোবাসতে শেখাবে?
আমি জিততে চাই না—
আমি শুধু তোমার চোখের গভীরে,
অসহ্য আক্ষেপে,
নিজেকে খুঁজে পেতে চাই।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *