Bengali Poetry (Translated)

পুনশ্চে নিমন্ত্রণ



ভেবেছিলাম, তুমি আমাকে তেমন করে দেখছিলে না।
অপেক্ষমাণ শীতল বাতাসে, তুমি ধীরে এসে বসেছিলে পাশে।
এককাপ চায়ের নিমন্ত্রণ—
শান্তির স্পর্শ ভাঙতে যেন একটু অপ্রস্তুতই ছিলে।

রাত্রির শেষপ্রহরে তোমার সঙ্গে দেখা—
মেয়াদোত্তীর্ণ এক আবেগকে জাগিয়ে তোলার নির্বাক প্রচেষ্টা...
যদিও সামান্য ছিল,
তবু তোমার সেই সহজ প্রয়াসে
আমি মুগ্ধতায় ডুবে ছিলাম অনেকটা সময়।

ইতোমধ্যে, উপন্যাসের নিন্দাসূচক বিশেষণ ভেদ করে,
তোমার চঞ্চল হাসিমুখ আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল।
মৃদুস্বরে, ফিসফিসিয়ে বলেছিলে তুমি—
‘ভালোবাসি’।

তোমার ওষ্ঠযুগলে তখন আমার জন্য
এক অসম্ভব মায়া অপেক্ষা করছিল—
তুমি আদুরে স্বভাবে অকপটে জড়িয়ে ধরেছিলে আমায়।

পুনশ্চ:
আমার পরবর্তী গন্তব্যের ঠিকানা দেওয়া আছে—
সময় করে আসবে তো?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *